সিরিয়ায় হামলা হলে ‘ভূমিকম্প’ হবে: বাশার আল আসাদ
সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ পশ্চিমা বিশ্বের প্রতি সতর্কতা উচ্চারণ করে বলেছেন, তাঁর দেশে হামলা হলে ‘ভূমিকম্প’ হবে। একই সঙ্গে সিরিয়া হবে আরেক আফগানিস্তান। গতকাল শনিবার ব্রিটিশ সংবাদপত্র সানডে টেলিগ্রাফকে দেওয়া এক সাক্ষাত্কারে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ পশ্চিমা শক্তিগুলোকে এ হুমকি দেন।আসাদ বলেন, ‘আন্তর্জাতিক সম্পৃক্ততা সিরিয়াকে আরেকটি আফগানিস্তানে রূপান্তরিত করবে।’ তিনি উল্লেখ করেন, ‘এ অঞ্চলে শান্তি রক্ষার ক্ষেত্রে সিরিয়া গুরুত্বপূর্ণ।’সিরিয়ার পরিস্থিতিকে আরব বসন্তের সঙ্গে তুলনা করা প্রসঙ্গে পশ্চিমাদের উদ্দেশে প্রেসিডেন্ট আসাদ বলেন, ‘পশ্চিমারা সুনিশ্চিতভাবে চাপ দিয়ে যাচ্ছে। তবে মিসর, তিউনিসিয়া ও ইয়েমেনের থেকে সিরিয়ার প্রেক্ষাপট ভিন্ন।’সিরিয়ায় পশ্চিমাদের সম্ভাব্য আগ্রাসনের পরিকল্পনা সম্পর্কে সতর্ক করে আসাদ বলেন, ‘সিরিয়ার ইতিহাস ভিন্ন, রাজনীতি ভিন্ন। সিরিয়া এখন এ অঞ্চলের কেন্দ্রস্থল। এ দেশ নিয়ে কোনো খেলা ভুল হবে, তাহলে তারা একটা ভূমিকম্প সৃষ্টি করবে।’পশ্চিমাদের উদ্দেশে প্রেসিডেন্ট আসাদ বলেন, ‘আপনারা কি আরেকটা আফগানিস্তান দেখতে চান? অথবা হাজারটা আফগানিস্তান? সিরিয়ায় কোনো সংকট হলে পুরো অঞ্চলেই আগুন জ্বলবে। যদি সিরিয়াকে বিভক্ত করার পরিকল্পনা থাকে, এটা পুরো অঞ্চলকেই বিভক্ত করবে।’গত কয়েকদিন ধরে দেশটির হোমস শহরে ব্যাপক সহিংসতা ও হতাহতের ঘটনা ঘটছে বলে খবর পাওয়া যাচ্ছে। এর পরিপ্রেক্ষিতে আরব লীগ সিরিয়াকে সহিংসতা বন্ধের আহ্বান জানিয়েছে। পশ্চিমারা বারবার আসাদকে সহিংসতা বন্ধের আহ্বান জানালেও তিনি তা আমলে নিচ্ছেন না। জাতিসংঘের হিসাব মতে, গত মার্চ থেকে শুরু হওয়ার সরকারবিরোধী আন্দোলনে দেশটিতে তিন হাজারেরও বেশি মানুষ নিহত হয়েছে।