সিরিয়ায় ২৩ সেনাসহ নিহত ৩০
সিরিয়ার মধ্যাঞ্চলীয় শহর রাস্তানে গতকাল সোমবার রাতভর সংঘর্ষের ঘটনায় ২৩ সেনাসহ কমপক্ষে ৩০ জন নিহত হয়েছে। মানবাধিকার কর্মীদের বরাত দিয়ে বিবিসি অনলাইনে প্রকাশিত খবরে এ তথ্য জানানো হয়।যুক্তরাজ্যভিত্তিক দ্য সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানায়, দামেস্কের উত্তরে অবস্থিত রাস্তান শহরে গতকাল রাতভর এই গোলাবর্ষণের ঘটনা ঘটে। এতে বহু লোক আহত হয়েছে। গোলাবর্ষণে সেনাদের বহনকারী তিনটি গাড়িও ধ্বংস হয়েছে। গত রোববার রাস্তান শহরে সেনাবাহিনীর বড় ধরনের অভিযানের মাত্র এক দিন পরই এই গোলাবর্ষণের ঘটনা ঘটল। দীর্ঘ ১৪ মাস ধরে চলা প্রেসিডেন্ট বাশার আল আসাদবিরোধী আন্দোলনে সেনাদের বিরুদ্ধে এটাই সবচেয়ে বড় হামলা বলে ধারণা করা হচ্ছে। এর আগে গত রোববার হামার উত্তরে সুন্নি গ্রামে অভিযান চালান নিরাপত্তা বাহিনীর সদস্যরা। এ সময় তাঁদের হামলায় পাঁচজন নিহত হয়েছে বলে পর্যবেক্ষক গোষ্ঠী জানিয়েছে। বিদ্রোহীরা বলছে, হামলায় অন্তত ৩০ জন নিহত হয়েছে। নিহতদের অধিকাংশই বেসামরিক নাগরিক।