সিরিয়ায় ২৪ ঘণ্টায় নিহত ৪১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরিয়ায় নিরাপত্তা বাহিনীর অভিযানে গত ২৪ ঘণ্টায় কমপক্ষে ৪১ ব্যক্তি নিহত হয়েছে। প্রেসিডেন্ট বাশার আল আসাদ-বিরোধী আন্দোলনের কর্মীদের বরাত দিয়ে আল-জাজিরা টেলিভিশনের অনলাইন এ খবর জানিয়েছে।এদিকে তুরস্কের প্রেসিডেন্ট আবদুল্লাহ গুল গতকাল বুধবার ব্রিটেন সফরের সময় বলেছেন, সিরিয়ার বার্থ পার্টি তাদের নিজেদের জনগণের বিরুদ্ধে নিপীড়ন ও সহিংসতা করছে। তিনি বলেন, ‘সহিংসতায় সহিংসতা বাড়ছে। কিন্তু দুর্ভাগ্যবশত সিরিয়া তা বন্ধ না করার ব্যাপারে অনড় রয়েছে।’আবদুল্লাহ গুল অভিযোগ করেন, সিরিয়া পুরো অঞ্চলকেই সংকটের মুখে ঠেলে দিচ্ছে।এদিকে গতকাল বুধবার ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী অ্যালেন জুপে বলেছেন, সিরিয়ার জনগণের দুর্ভোগ কমাতে দেশটিতে একটি মানবিক করিডর বা নিরাপত্তা অঞ্চল গড়ে তোলার জন্য ইউরোপীয় ইউনিয়নের কাছে আবেদন করবেন। সিরিয়ার বিরোধী জোট ন্যাশনাল কাউন্সিলের প্রধানের সঙ্গে প্যারিসে এক বৈঠকের পর অ্যালেন জুপে এ কথা বলেন। তবে এ ধরনের নিরাপত্তা অঞ্চল গঠনে সিরিয়ায় কোনো সামরিক অভিযানের কথা নাকচ করেন তিনি। উল্লেখ্য, গত মার্চ থেকে সিরিয়ায় প্রেসিডেন্ট বাশার আল আসাদ-বিরোধী আন্দোলন চলছে। জাতিসংঘের হিসাবে, নিরাপত্তা বাহিনীর অভিযানে দেশটিতে এযাবত্ প্রায় সাড়ে তিন হাজারেরও বেশি লোক নিহত হয়েছে।আন্তর্জাতিক সম্প্রদায়ের চাপ সত্ত্বেও প্রেসিডেন্ট আসাদ সরকার-বিরোধী সেনা অভিযান অব্যাহত রেখেছেন।