সিরিয়ায় ২৭ কেন্দ্রে চলছে বন্দী নির্যাতন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরিয়ায় বন্দী প্রেসিডেন্ট বাশার আল আসাদ-বিরোধী বিক্ষোভকারীদের ওপর নির্যাতন চালানো হচ্ছে। দেশটির ২৭টি নির্যাতন কেন্দ্রে এসব বন্দীকে লাঠি দিয়ে পেটানো হচ্ছে, মারা হচ্ছে তারের চাবুক, ঝলসে দেওয়া হচ্ছে এসিড দিয়ে, এমনকি যৌন নির্যাতনও চলছে। এই নির্যাতনের মূলে রয়েছে দেশটির গোয়েন্দা সংস্থাগুলো। আজ মঙ্গলবার আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচের এক প্রতিবেদনে এসব তথ্য তুলে ধরা হয় বলে রয়টার্স জানিয়েছে।প্রতিবেদনে বলা হয়, ২০১১ সালের মার্চে সিরিয়ায় গণতন্ত্রের দাবিতে বাশার-বিরোধী বিক্ষোভ শুরু হওয়ার পর থেকে বন্দীদের ওপর এসব নির্যাতন চলে আসছে। প্রতিবেদন তৈরি করতে গিয়ে মানবাধিকার সংগঠনের পক্ষ থেকে নির্যাতনের শিকার দুই শতাধিক ব্যক্তির সাক্ষাত্কার নেওয়া হয়।এর মধ্যে ৩১ বছর বয়সী একজন বলেন, ‘গত জুনে ইদলিব প্রদেশে আমাকে একটি নির্যাতন কেন্দ্রে আটকে রাখা হয়। সেখানে আমাকে নগ্ন করে নির্যাতন চালানো হয়।’ বৈদ্যুতিক শকসহ বিভিন্ন কায়দায় দিনে তিনবার করে তাঁর ওপর নির্যাতন চালানো হতো বলে তিনি জানান।মানবাধিকার সংস্থাটি নির্যাতনের বিষয়টি অনুসন্ধান করতে গিয়ে ২০ ধরনের নির্যাতন খুঁজে পেয়েছে। এতে দেশটির নির্যাতন পরিস্থিতি ও দুর্বল চিকিত্সাব্যবস্থাই ফুটে ওঠে বলে মনে করছে সংস্থাটি। আর এর মধ্য দিয়ে সিরিয়া মানবতাবিরোধী অপরাধ করছে বলেও মন্তব্য করেছে হিউম্যান রাইটস ওয়াচ।এ পরিস্থিতিতে সংস্থাটি সিরিয়ার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতে নালিশ করতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদকে আহ্বান জানিয়েছে। একই সঙ্গে দেশটির গোয়েন্দা সংস্থাদের এ ধরনের আচরণেরও পরও নিষেধাজ্ঞা আরোপের কথা বলে সংস্থাটি।হিউম্যান রাইটস ওয়াচের জরুরি গবেষণা বিভাগের কর্মকর্তা ওলে সোলভাং বলেন, ‘এ ধরনের নির্যাতন সত্যিই ভয়াবহ। আর ক্ষেত্রে সিরিয়ার মিত্র দেশ রাশিয়া তাদের সহযোগিতার হাত সরিয়ে নেবে বলে আশা করছি।’বাশারের দুঃখ প্রকাশ: তুরস্কের যুদ্ধবিমান ভূপাতিত করার ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন বাশার আল আসাদ। আজ মঙ্গলবার তুর্কি পত্রিকা কুমহুরিয়েতে প্রকাশিত সাক্ষাত্কারে বাশার বলেন, ‘বিমানটি ভূপাতিত করার পর আমরা জানতে পারি যে এটি তুরস্কের।’ তিনি বলেন, আগে জানলে কখনোই ওই বিমানে সিরীয় সেনাসদস্যরা হামলা চালাতেন না। এ ঘটনায় তুরস্ক ও সিরিয়ার মধ্যে লড়াই বেধে যাওয়ার আশঙ্কা নাকচ করেন তিনি।