সিরিয়ায় ৫০০ বিক্ষোভকারী গ্রেপ্তার
সিরিয়ায় সরকারবিরোধী বিক্ষোভে অংশ নেওয়া প্রায় ৫০০ বিক্ষোভকারীকে গ্রেপ্তার করেছে দেশটির নিরাপত্তা বাহিনী। নিরাপত্তা বাহিনী সিরিয়ার বিভিন্ন অঞ্চলে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। আজ মঙ্গলবার সিরিয়ার একটি স্বাধীন মানবাধিকার সংস্থা এমন দাবি করেছে বলে জানিয়েছে রয়টার্স।সাওয়াসিয়াহ নামের এই সংগঠনটি জানায়, তাদের কাছে থাকা প্রতিবেদন অনুযায়ী, নিরাপত্তা বাহিনী সিরিয়াজুড়ে অভিযান চালিয়ে প্রায় ৫০০ গণতন্ত্রপন্থীকে গ্রেপ্তার করেছে।এদিকে যুক্তরাষ্ট্রের শীর্ষ এক কর্মকর্তা জানিয়েছেন, সিরিয়ার সরকারি প্রশাসনের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের বিষয়টি ওয়াশিংটন বিবেচনা করছে। বিক্ষোভকারীদের ওপর সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের সহিংস অভিযান বন্ধের লক্ষ্যে এ পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানা গেছে। নাম প্রকাশে অনিচ্ছুক এক মার্কিন কর্মকর্তা জানিয়েছেন, নিষেধাজ্ঞার আওতায় সিরিয়ার সরকারি কর্মকর্তাদের সম্পত্তি বাজেয়াপ্ত এবং যুক্তরাষ্ট্রে তাঁদের ব্যবসা-বাণিজ্য নিষিদ্ধ করা হতে পারে।মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা শিগগিরই এ সংক্রান্ত এক নির্বাহী আদেশে স্বাক্ষর করতে পারেন বলেও ওই কর্মকর্তা ইঙ্গিত দিয়েছেন। তবে এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে কি না, সে সম্পর্কে ওই কর্মকর্তা স্পষ্ট কোনো মন্তব্য করেননি।