সিরিয়ায় ‘নিরাপদ বলয়’ গঠনে ফ্রান্সের আহ্বান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরিয়ার বেসামরিক লোকদের রক্ষা করতে ইউরোপীয় ইউনিয়নের কাছে একটি নিরাপত্তা অঞ্চল বা বলয় গঠনের আহ্বান জানিয়েছে ফ্রান্স। ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী অ্যালেন জুপের উদ্ধৃতির বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।সিরিয়ার নির্বাসিত বিরোধী জোট ন্যাশনাল কাউন্সিলের প্রধানের সঙ্গে গতকাল বুধবার প্যারিসে এক বৈঠকের পর অ্যালেন জুপে এ আহ্বান জানান।গত আট মাস ধরে সিরিয়ায় প্রেসিডেন্ট বাশার আল আসাদ-বিরোধীদের ওপর সহিংসতা চলছে। এর পরিপ্রেক্ষিতে পশ্চিমাদের কাছ থেকে আসাদ সরকারের বিরুদ্ধে এই প্রথম বড় ধরনের কোনো আন্তর্জাতিক হস্তক্ষেপের আহ্বান এল।সিরিয়ার নির্বাসিত বিরোধী জোট ন্যাশনাল কাউন্সিলকে আইনগত অংশীদার হিসেবেও অভিহিত করেছেন অ্যালেন জুপে। একই সঙ্গে তিনি ন্যাশনাল কাউন্সিলের সঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করেছেন। বিশ্লেষকদের মতে, ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রীর এ বক্তব্য সিরিয়ার বিরোধী জোট ন্যাশনাল কাউন্সিলের জন্য এ পর্যন্ত সবচেয়ে বড় আন্তর্জাতিক স্বীকৃতি।ন্যাশনাল কাউন্সিলের প্রধানের সঙ্গে বৈঠকের পর এক প্রশ্নের জবাবে ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী সিরিয়ায় সামরিক হস্তক্ষেপের মাধ্যমে নিরপেক্ষ বলয় তৈরির সম্ভাবনা নাকচ করেছেন।অ্যালেন জুপে বলেছেন, ‘সিরিয়ার বেসামরিক লোকদের রক্ষা ও মানবিক সহায়তা কার্যক্রম চালাতে সেখানে একটি নিরাপত্তা বলয় তৈরি করা যেতে পারে।’ তবে অ্যালেন জুপের এই প্রস্তাবের সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে এখনো বিস্তারিত কিছু জানা যায়নি।এদিকে ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান ক্যাথেরিন অ্যাসটন বলেছেন, সিরিয়ার ন্যাশনাল কাউন্সিল ও অন্যান্য বিরোধী গোষ্ঠীর সঙ্গে ইউরোপীয় ইউনিয়ন কাজ করতে প্রস্তুত। তবে তিনি উল্লেখ করেন, বিরোধীদের শান্তিপূর্ণ ও অহিংসপন্থা অবলম্বন করতে হবে।সিরিয়ায় নিরাপত্তা বাহিনীর অভিযানে গত ২৪ ঘণ্টায় কমপক্ষে ৪১ ব্যক্তি নিহত হয়েছে বলে প্রেসিডেন্ট বাশার আল আসাদ-বিরোধী আন্দোলনের কর্মীদের বরাত দিয়ে আল-জাজিরা টেলিভিশনের অনলাইন জানিয়েছে।তুরস্কের প্রেসিডেন্ট আবদুল্লাহ গুল গতকাল বুধবার ব্রিটেন সফরের সময় বলেছেন, সিরিয়ার বার্থ পার্টি তাদের নিজেদের জনগণের বিরুদ্ধে নিপীড়ন ও সহিংসতা করছে। তিনি বলেন, ‘সহিংসতায় সহিংসতা বাড়ছে। কিন্তু দুর্ভাগ্যবশত সিরিয়া তা বন্ধ না করার ব্যাপারে অনড় রয়েছে।’ আবদুল্লাহ গুল অভিযোগ করেন, সিরিয়া পুরো অঞ্চলকেই সংকটের মুখে ঠেলে দিচ্ছে।উল্লেখ্য, গত মার্চ থেকে সিরিয়ায় প্রেসিডেন্ট বাশার আল আসাদ-বিরোধী আন্দোলন চলছে। জাতিসংঘের হিসাবে, নিরাপত্তা বাহিনীর অভিযানে দেশটিতে এযাবত্ প্রায় সাড়ে তিন হাজারেরও বেশি লোক নিহত হয়েছে।আন্তর্জাতিক সম্প্রদায়ের চাপ সত্ত্বেও প্রেসিডেন্ট আসাদ সরকার-বিরোধী সেনা অভিযান অব্যাহত রেখেছেন।