সিরীয় বিদ্রোহীদের নতুন জোটের প্রতি আরব লিগের সমর্থন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরিয়ার সরকারবিরোধী বিভিন্ন দলের নতুন গঠিত জোটকে স্বাগত জানিয়েছে আরব লিগ। বিবিসির খবরে বলা হয়, সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের বিরুদ্ধে যুদ্ধরত অন্যান্য উপদলকেও নতুন জোটে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছে মধ্যপ্রাচ্যের এ শক্তিশালী সংস্থাটি।গত রোববার কাতারের রাজধানী দোহায় ন্যাশনাল কোয়ালিশন ফর সিরিয়ান রেভল্যুশনারি নামের এ জোটটি গঠিত হয়। আল জাজিরা বলছে, জোটটিকে আরব লিগ সিরীয় জনগণের ন্যায়সংগত প্রতিনিধি হিসেবে স্বীকৃতি দিয়েছে। মিসরের রাজধানী কায়রোতে গতকাল সোমবার লিগের পররাষ্ট্রমন্ত্রীদের সভা শেষে এ বিষয়ে একটি বিবৃতি দেওয়া হয়েছে। বিবৃতিতে জোটটি সম্পর্কে বলা হয়, ‘আরব লিগের সঙ্গে যেকোনো সংলাপ চালানোর জন্য এ জোটটি ন্যায়সংগত এবং প্রধান কর্তৃপক্ষ।’ সিরিয়ার সরকারবিরোধীদের জোট গঠিত হওয়ার এক দিন পর আরব লীগ এ ঘোষণা দিল। ইতিমধ্যে নতুন জোটটি বিভিন্ন আরব ও পশ্চিমা রাষ্ট্রের সমর্থন পেয়েছে। বিবিসির খবরে বলা হয়, আরব লিগের বৈঠক থেকে নতুন জোটের জন্য সব ধরনের ‘রাজনৈতিক ও প্রাসঙ্গিক’ সহায়তা দেওয়ার আহ্বান জানানো হয় বলে নিশ্চিত করেছেন কাতারের প্রধানমন্ত্রী শেখ হামাদ বিন জসিম।আরব লিগের নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা রয়টার্সকে জানিয়েছেন, আরব লিগের সদস্য ইরাক ও লেবানন এখনো নতুন জোটের প্রতি ‘পূর্ণাঙ্গ’ সমর্থন দেয়নি। রয়টার্স জানিয়েছে, বাশার আল-আসাদকে এখনই অবৈধ ঘোষণা করতে রাজি নয় দেশ দুটি।