সিরীয় বিদ্রোহীর নৃশংস ভিডিওর নিন্দা
সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের অনুগত এক সেনার ওপর এক বিদ্রোহীর নৃশংসতার ভিডিওচিত্র প্রকাশিত হওয়ার পর দেশ-বিদেশে নিন্দার ঝড় উঠেছে। যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ ওই ঘটনাকে যুদ্ধাপরাধ বলে অভিহিত করেছে।২০১১ সালের মার্চ থেকে সিরিয়ায় সরকারবিরোধী আন্দোলন শুরু হয়। ওই আন্দোলনকে কেন্দ্র করে সরকার ও বিদ্রোহীদের মধ্যে সংঘর্ষে এখন পর্যন্ত প্রায় ৮০ হাজার মানুষ নিহত হয়েছে বলে জাতিসংঘ জানিয়েছে। এ ছাড়া লাখ লাখ মানুষ বাড়িঘর ছেড়ে পালিয়েছে।দেশটিতে দুই পক্ষ যুদ্ধাপরাধ করছে বলে অনেক আগে থেকেই জাতিসংঘসহ বিভিন্ন আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অভিযোগ করে আসছিল। সর্বশেষ একটি ভিডিওতে সিরিয়ায় সংঘটিত নৃশংসতার চিত্র প্রকাশিত হয়েছে।ভিডিওটিতে যুদ্ধে নিহত বাশার আল আসাদের অনুগত এক সেনার হূিপণ্ড ছিঁড়ে খেতে দেখা গেছে এক বিদ্রোহী সেনাকে। এ সময় ওই বিদ্রোহী মৃত সেনার প্রতি প্রতিহিংসামূলক ভাষা ব্যবহার করেন।কোনো স্বাধীন সূত্র থেকে ভিডিওটির বস্তুনিষ্ঠতা যাচাই করা সম্ভব হয়নি। তবে ওই নৃশংস দৃশ্য দেখে সিরিয়া ও আন্তর্জাতিক মহলে নিন্দা ও সমালোচনার ঝড় উঠেছে।হিউম্যান রাইটস ওয়াচ বলেছে, ভিডিওচিত্রে যে বিদ্রোহীকে দেখা গেছে, তাঁর নাম আবু সাকার। তিনি হোমস শহরের পরিচিত বিদ্রোহী। তাঁর এই নৃশংসতা যুদ্ধাপরাধের শামিল।সিরিয়ার প্রধান বিরোধী জোট বলেছে, ওই বিদ্রোহীকে বিচারের কাঠগড়ায় দাঁড় করানো হবে।