সিরীয় বিদ্রোহীদের অর্থ দেওয়ার সিদ্ধান্ত সঠিক: হেগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী উইলিয়াম হেগ বলেন, প্রাণঘাতী নয় এমন সরঞ্জাম কিনতে ফ্রি সিরিয়ান আর্মিকে (এফএসকে) অতিরিক্ত ৫০ লাখ পাউন্ড অর্থ-সহায়তা দেওয়ার প্রতিশ্রুতির সিদ্ধান্ত সঠিক। এফএসকে প্রতিশ্রুত অর্থ দেওয়া হবে বেশ কিছুসংখ্যক রেডিও, স্যাটেলাইটসামগ্রী এবং বহনযোগ্য বৈদ্যুতিক জেনারেটর কিনতে, তবে কোনো অস্ত্র কিনতে এ সহায়তা দেওয়া হবে না।বিবিসির খবরে বলা হয়েছে, সিরীয় বিদ্রোহীদের নিয়ে যুক্তরাজ্যের ঊর্ধ্বতন মহলে হতাশা থেকেই এমন সাহায্যের ঘোষণা দেওয়া হয়েছে। যুক্তরাজ্য মনে করছে, বিদ্রোহীরা একদিকে যেমন দ্বিধাবিভক্ত, অন্যদিকে তেমনি নতুন সরকার গঠনে কার্যকর কোনো কর্মসূচি দিতে পারছে না। এর একটি বড় কারণ, আসাদের বিরুদ্ধে গত ১৭ মাসের লড়াইয়ে ২০ হাজারেরও বেশি মানুষের প্রাণহানির খবর। যদিও প্রাণহানির এ সংখ্যা এখনো যাচাই-বাছাই করা হয়নি।এক সংবাদ সম্মেলনে যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী বলেন, ৫০ লাখ পাউন্ড অর্থ-সহায়তা মানবিক সহায়তারই অংশ। সিরিয়ায় রক্তপাত বন্ধে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের দায়িত্ব রয়েছে উল্লেখ করে হেগ বলেন, যুক্তরাজ্যের এ অর্থ সাহায্যে সিরিয়ায় প্রাণহানি কমবে।যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী বলেন, আহত মানুষের প্রয়োজনীয় চিকিত্সাসরঞ্জাম, ওষুধপত্র ও পানি বিশুদ্ধকরণে সিরিয়ায় অর্থ দেওয়া হবে। ভবিষ্যতে বিচারকাজে সহায়ক এমন আলামত সংগ্রহের জন্য সিরীয় চিকিত্সকদেরও এ অর্থ থেকে সহায়তা দেওয়া হবে। তিনি বলেন, সক্রিয় রাজনৈতিক কর্মীদের মোবাইল ফোন, স্যাটেলাইট ফোন কিংবা রাডারের মতো সরঞ্জাম কেনার ক্ষেত্রেও এ অর্থ ব্যয় হবে।