সিরীয় বিমান আটকে ছেড়ে দিল তুরস্ক
অস্ত্র পরিবহনের সন্দেহে সিরিয়ার একটি যাত্রীবাহী বিমান গতকাল বুধবার রাজধানী আঙ্কারায় অবতরণে বাধ্য করে তুরস্ক। ঘটনার কয়েক ঘণ্টা পরে আজ বৃহস্পতিবার বিমানটিকে আঙ্কারা ত্যাগের অনুমতি দেওয়া হয়। বার্তা সংস্থা রয়টার্সের খবরে জানানো হয়।‘এ ৩২০’ বিমানটি রাশিয়ার রাজধানী মস্কো থেকে সিরিয়ার রাজধানী দামেস্কো যাচ্ছিল। ১৮০ জন যাত্রী ধারণক্ষমতাসম্পন্ন বিমানটিতে ৩৫ জন যাত্রী ও দুজন চালক ছিলেন। তুর্কি কর্তৃপক্ষ জানায়, দামেস্কোগামী বিমানটিতে অস্ত্রভর্তি কার্গো আছে বলে তাদের কাছে তথ্য ছিল। এই তথ্যের ভিত্তিতে দেশটির সামরিক বাহিনী বিমানটিকে আঙ্কারায় অবতরণে বাধ্য করে। পরে বিমানটি থেকে তারা কিছু কার্গো জব্দ করেছে। তবে ওই কার্গোতে কী পাওয়া গেছে, সে বিষয়ে বিস্তারিত জানায়নি দেশটির কর্তৃপক্ষ। এরপর কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে আজ দামেস্কোর উদ্দেশে বিমানটি আঙ্কারা ত্যাগ করে।এ ঘটনা প্রসঙ্গে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী আহমেদ দাভুতগলু বলেছেন, তুরস্কের আকাশসীমা দিয়ে সিরিয়ায় যেকোনো অস্ত্রের চালান বন্ধে আঙ্কারা দৃঢ়প্রতিজ্ঞ। গত সপ্তাহে সিরিয়ার মর্টার হামলায় তুরস্কের পাঁচ বেসামরিক ব্যক্তি নিহত হয়। এরপর দুই দেশের মধ্যে সামরিক ও কূটনৈতিক উত্তেজনা বেড়ে যায়। দেশ দুটির মধ্যে কয়েক দফা পাল্টাপাল্টি মর্টার হামলার ঘটনাও ঘটেছে।এদিকে তুরস্কের এক শীর্ষ সামরিক কর্মকর্তা গতকাল সতর্ক করে বলেছেন, সিরিয়া যদি আন্তসীমান্ত হামলা চালিয়ে যায়, তবে তাদের কড়া জবাব দেওয়া হবে।