সিরীয় সরকারের গোপন দলিল ফাঁস
সিরিয়ার প্রেসিডেন্ট বাসার আল আসাদের জন্য তৈরি করা গোপন দলিলপত্র আল-জাজিরা কর্তৃপক্ষের হাতে পড়েছে।আল-জাজিরার অনলাইনের খবরে বলা হয়, প্রেসিডেন্ট আসাদের গোয়েন্দা ও নিরাপত্তা প্রধানেরা দেশটির সর্বত্র বিরাজমান সংঘর্ষ ও অস্থিতিশীল অবস্থা সম্পর্কে প্রেসিডেন্টকে অবহিত করতে গোপন দলিল তৈরি করে। এগুলোর মধ্যে বেশকিছু দলিল তাদের হস্তগত হয়েছে।দলিলগুলোতে বিরোধীদের প্রতি আসাদ সরকারের দমনপীড়ন কৌশলের ইঙ্গিত এবং ক্ষমতা দীর্ঘায়িত করতে সরকারের প্রয়োজনীয় কৌশল সম্পর্কেও ধারণা পাওয়া যায়।কয়েক শ পৃষ্ঠার ওই দলিলে ইঙ্গিত পাওয়া যায়, সরকার বেপরোয়াভাবে রাজধানী দামেস্কের নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করে। শহরে বিদ্রোহীদের প্রবেশ বন্ধ করতে তাতে স্পষ্ট নির্দেশনাও দেওয়া হয়েছে। আলেপ্পো ও ইদলিব শহরে বিদ্রোহীদের ধ্বংস করতে বিস্তারিত নিরাপত্তা পরিকল্পনার কথাও রয়েছে দলিলে। ফাঁস হওয়া দলিলের একটিতে আসাদের সমর্থকদের আর্থিক ও নৈতিক সমর্থন দিতে শীর্ষ কর্মকর্তাদের প্রতি স্পষ্ট নির্দেশনা দেওয়া হয়েছে।সিরীয় সরকারের সাবেক অত্যন্ত বিশ্বস্ত কর্মকর্তা আবদেল মাজিদ বারাকাত এই গোপন দলিলগুলো আল-জাজিরার কাছে সরবরাহ করেন। বাথ পার্টির সাবেক এই সদস্য সমগ্র সিরিয়ায় তথ্য ও পাণ্ডুলিপি বিচারের দায়িত্বে ছিলেন। পরে তিনি তুরস্কে পালিয়ে যান। আবদেল মাজিদ আসাদ বিরোধীদের কাছে তথ্য পাচার করতেন। অবশেষে তিনি জীবন বাঁচাতে তুরস্কে চলে যান। সিরিয়া ত্যাগ করার সময় তিনি সরকারের অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু দলিল নিয়ে যান।আল-জাজিরা জানায়, গোয়েন্দা ও নিরাপত্তা বাহিনীর শীর্ষস্থানীয় কর্মকর্তারা প্রতিদিন স্থানীয় সময় সন্ধ্যা সাতটায় দামেস্কে বৈঠক করতেন। সারা দিন যেসব উল্লেখযোগ্য ঘটনা ঘটেছে, তা নিয়ে আলোচনা করতেন। এসব নিয়ে পরবর্তী দিনের পরিকল্পনা ও করণীয় নির্ধারণ করতেন। দিনের শুরুতে তাঁদের সিদ্ধান্তগুলো পাঠিয়ে দিতেন প্রেসিডেন্টের দপ্তরে এবং তিনি তাতে স্বাক্ষর করে তা চূড়ান্ত করতেন। ফাঁস হয়ে যাওয়া ওই দলিলে আরও ইঙ্গিত পাওয়া যায় যে গত বছর সিরিয়ায় আরব লিগের পর্যবেক্ষণ দলের ওপরও আসাদ সরকার গোয়েন্দা নজরদারি রেখেছিল।