সিরীয় সরকারের দাবি নাকচ করেছে বিদ্রোহীরা
প্রস্তাবিত যুদ্ধবিরতি ঘোষণা পরিকল্পনার মাত্র ৪৮ ঘণ্টা বাকি থাকতেই সিরিয়া সরকারের দাবি নাকচ করে দিয়েছে দেশটির বিদ্রোহী সেনারা। বিবিসি অনলাইন এ খবর প্রকাশ করেছে। সিরিয়ায় হামলা বন্ধে গতকাল রোববার বিদ্রোহী গোষ্ঠীর পক্ষ থেকে লিখিত অঙ্গীকার চেয়েছিল দেশটির সরকার। এ ছাড়া সন্ত্রাসী কর্মকাণ্ড চালাতে বিদ্রোহী গোষ্ঠীগুলোকে কোনো তহবিল না দিতে অন্য রাষ্ট্রগুলোর কাছ থেকেও মৌখিক প্রতিশ্রুতি চাওয়া হয়েছে। এ ব্যাপারে বিদ্রোহী গোষ্ঠীর কমান্ডার জানান, তাঁরা জাতিসংঘ ও আরব লিগের সাময়িক যুদ্ধ বিরতির পরিকল্পনা মেনে নেবেন। তবে, এ ব্যাপারে দামেস্কের সঙ্গে সরাসরি কোনো চুক্তিতে যাবে না। ফ্রি সিরিয়ান আর্মির কর্নেল রিয়াদ আল-আসাদ একটি বার্তা সংস্থাকে জানান, তাঁদের সেনারা জাতিসংঘ ও আরব লিগের যৌথ প্রতিনিধি কফি আনানের পরিকল্পনার প্রতি অঙ্গীকারবদ্ধ। তিনি বলেন, ‘আমরা আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে আমাদের প্রতিশ্রুতি ও অঙ্গীকার উপস্থাপন করব, সিরিয়ার শাসকদের কাছে নয়।’এর আগে, মঙ্গলবারের মধ্যে সেনা প্রত্যাহার এবং এর ৪৮ ঘণ্টার মধ্যে যুদ্ধবিরতির সময় বেঁধে দেন কফি আনান। কিন্তু গতকাল এ শান্তি পরিকল্পনার ব্যাপারে নতুন করে সন্দেহ সৃষ্টি হয় সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রীর কথায়। তিনি বলেন, সেনা প্রত্যাহার করে বিদ্রোহীদের পুনরায় সংগঠিত হতে দিতে চায় না সিরিয়া সরকার।গত কয়েক দিন ধরেই সিরিয়ায় চলমান সংঘর্ষ হামলায় বহু বেসামরিক লোকের মৃত্যু হয়েছে। এদের মধ্যে গতকাল রোববারই ৭০ জন মারা গেছে বলে বিদ্রোহীরা দাবি করছে।