সিলেট এবার সেরা
দেশের আটটি সাধারণ শিক্ষা বোর্ডে পাসের হারের দিক থেকে এবার সেরা হয়েছে সিলেট শিক্ষা বোর্ড। বেড়েছে পাসের হার ও জিপিএ-৫-এর সংখ্যা।এবার এই বোর্ডে পাসের হার ৮৫.৩৭ শতাংশ। গত বছর ছিল ৭৫.৬৮ শতাংশ। এবার জিপিএ-৫ পেয়েছেন দুই হাজার ৬৫ জন শিক্ষার্থী। গতবার এ সংখ্যা ছিল ৮৮৭। বোর্ড সেরা ২০ শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে শীর্ষ স্থান ধরে রেখেছে সিলেট ক্যাডেট কলেজ।আজ বুধবার ফলাফল ঘোষণার আনুষ্ঠানিকতা শেষে সিলেট শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মো. মনিরউদ্দিন প্রথম আলো ডটকমকে বলেন, ‘এ ফলাফল একটি মাইলফলক। আমাদের চেষ্টা থাকবে এ ধারা অব্যাহত রাখার।’সিলেট শিক্ষা বোর্ড সূত্র জানায়, এইচএসসি পরীক্ষায় অংশ নিয়েছিলেন ৩৭ হাজার ৩৭২ জন। পাস করেছেন ৩১ হাজার ৯০৩ জন। এর মধ্যে ছেলে ১৫ হাজার ১৮ জন ও মেয়ে ১৬ হাজার ৮৮৫ জন। পাসের হারের দিক থেকে ছেলেরা এগিয়ে রয়েছেন। ছেলেদের পাসের হার ৮৫.৮৮ শতাংশ ও মেয়েদের পাসের হার ৮৪.৯১ শতাংশ।বোর্ড সেরা তালিকায় একাধিক নতুন কলেজ: পাঁচটি শ্রেণীতে মোট পয়েন্টের ভিত্তিতে বোর্ড সেরা ২০ শিক্ষাপ্রতিষ্ঠানের তালিকায় এবার মফস্বলসহ একাধিক কলেজ নতুন করে উঠে এসেছে। সেরা ২০ তালিকায় প্রথমবারের মতো উঠে এসেছে সুনামগঞ্জের দিরাই উপজেলার দিরাই কলেজ, হবিগঞ্জের বানিয়াচংয়ের শচীন্দ্র কলেজ, সিলেট সদরের স্কলার্সহোম গার্লস কলেজ, মৌলভীবাজারের বড়লেখা উপজেলার তৈয়বুননেছা খানম একাডেমী কলেজ, কমলগঞ্জের সুজা মেমোরিয়াল কলেজ।বোর্ড সেরা তালিকায় চতুর্থ স্থানে থাকা সিলেট কমার্স কলেজের উপাধ্যক্ষ মোস্তাক আহমাদ দীন তালিকায় নতুন নতুন কলেজের স্থান পাওয়া প্রসঙ্গে বলেন, ফলাফলে শহর ও মফস্বলের আলাদা করে দেখার অবকাশ নেই। শিক্ষা-দীক্ষায় অভিভাবক, শিক্ষক ও শিক্ষার্থীদের সচেতনতা বাড়ায় শহরের সঙ্গে মফস্বলের ব্যবধান কমছে।