সিলেট এমসি কলেজে ছাত্রলীগ কর্মী খুন
সিলেটের এমসি কলেজের গণিত বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী ও ছাত্রলীগের কর্মী উদয়েন্দু সিংহ ওরফে পলাশকে (২২) গতকাল সোমবার কুপিয়ে হত্যা করা হয়েছে। দুপুরে কলেজের সামনের রাস্তায় ছাত্রলীগের অপর পক্ষের কর্মীরা ধারালো অস্ত্র দিয়ে তাঁকে প্রকাশ্যে কোপায়। এতে তিনি গুরুতর আহত হন। সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। পলাশের বাড়ি মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ভান্ডারীগাঁওয়ে। সিলেট নগরের টিলাগড় এলাকায় কলেজসংলগ্ন শাপলাবাগের একটি মেসে থাকতেন তিনি। কলেজ সূত্র জানায়, কলেজের ছাত্রলীগের কমিটির মেয়াদ পার হওয়ায় নতুন নেতৃত্ব নিয়ে সাধারণ সম্পাদক পংকজ পুরকায়স্থ ও সাংগঠনিক সম্পাদক আজিরউদ্দিনের সমর্থকদের মধ্যে বিরোধ চলছে। গতকাল দুপুর ১২টার দিকে ক্যাম্পাসের জারুলতলায় আজিরউদ্দিনের পক্ষের টিটু চৌধুরীর সঙ্গে অপর পক্ষের দেলওয়ার হোসেনের বাগিবতণ্ডা হয়। এ সময় টিটু চৌধুরীর সঙ্গে পলাশও ছিলেন। টিটুসহ কয়েকজন দেলওয়ারকে মারধর করে ক্যাম্পাস থেকে বের করে দেন। ঘণ্টাখানেক পর টিটু চৌধুরীর সঙ্গে পলাশ ক্যাম্পাসের বাইরে টিলাগড় মোড়ের শাপলাবাগ এলাকার একটি বিপণি বিতানের সামনে বসে গল্প করছিলেন।টিটু চৌধুরীর ভাষ্যমতে, দুপুর দেড়টার দিকে ছাত্রলীগের দেলওয়ার, জসিম, সঞ্জয়, শিপন ও মুস্তাফিজের নেতৃত্বে সাত-আটজন কর্মী চাপাতি, দা ও রামদা নিয়ে বিপণি বিতানের সামনে হাজির হন। ক্যাম্পাসে মারধরের প্রতিশোধ নিতে তাঁদের ওপর হামলা চালান তাঁরা। এ সময় তিনি দৌড়ে পালিয়ে গেলেও পলাশ রক্ষা পাননি। তাঁদের দা ও চাপাতির আঘাতে গুরুতর আহত হন পলাশ। আহত পলাশকে সহযোগীরা উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।হাসপাতালের সহকারী পরিচালক এহতেশামুল হক জানান, পলাশকে আমরা মৃত পেয়েছি। মারাত্মক জখমে অতিরিক্তি রক্তক্ষরণে তাঁর মৃত্যু হয়। ঘটনাস্থলে গিয়ে দেখা গেছে, ওই বিপণি বিতানের সামনে ছোপ ছোপ রক্ত। পুলিশ ওই স্থান চিহ্নিত করে ঘিরে রেখেছে। নাম প্রকাশ না করার শর্তে প্রত্যক্ষদর্শী কয়েকজন ব্যবসায়ী জানান, হামলাকারী একজন গলা চেপে ধরায় পলাশ চিৎকার দিতে পারেননি। অন্যরা রামদা, চাপাতি ও দা দিয়ে তাঁকে এলোপাতাড়ি কোপায়। এতে পলাশ নিস্তেজ হয়ে পড়েন। পুলিশ জানায়, ঘটনার পর একদল পুলিশ পলাশের মেসে গিয়ে প্রয়োজনীয় আলামত সংগ্রহ করেছে। বিকেল তিনটার দিকে ঘটনাস্থলের পাশ থেকে সিলেট সরকারি কলেজের ছাত্র আয়ুব আলীকে একটি ছোরাসহ আটক করা হয়। কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) নারায়ণ দত্ত জানান, ময়নাতদন্ত শেষে পলাশের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। তিনি সুরতহাল প্রতিবেদনের বরাত দিয়ে জানান, লাশের গলায় জখমের চিহ্ন রয়েছে। দুই ঊরুতে ধারালো অস্ত্রের আঘাত ছিল। পলাশের বাবা সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তা মুক্তিযোদ্ধা বীরেশ্বর সিংহ। মা ঊষা রানী দেবী ভান্ডারীগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জ্যেষ্ঠ শিক্ষিকা। এক ছেলে এক মেয়ের পরিবারে পলাশ ছিলেন বড়। ছাত্রলীগ সূত্র জানায়, এমসি কলেজ ছাত্রলীগের সম্মেলন হয় ২০০৩ সালের ডিসেম্বর মাসে। দুই বছর মেয়াদি ওই কমিটির অধিকাংশ নেতা এখন বিভিন্ন পেশায় জড়িত। ছাত্রলীগের কলেজ শাখার সভাপতি তাজিমউদ্দিন এখন সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে প্রশাসনিক কর্মকর্তা পদে চাকরি করছেন। খুনের ঘটনা শুনে তিনি হাসপাতালে ছুটে যান। তিনি স্বীকার করেন, কমিটির মেয়াদ পার হয়েছে। জুুনিয়র-সিনিয়রের প্রভাব নিয়ে এই খুনের ঘটনা ঘটেছে বলে তাঁর দাবি।এমসি কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক পঙ্কজ পুরকায়স্থ বলেন, ‘পলাশ কলেজ ছাত্রলীগের কর্মী ছিলেন। দীর্ঘদিন ধরে কলেজ ছাত্রলীগের কমিটি না হওয়ায় সংগঠনের মধ্যে কিছুটা বিরোধ থাকতে পারে। তবে খুনের ঘটনাকে আমরা দলীয়ভাবে দেখছি না। প্রত্যক্ষদর্শীদের বর্ণনা থেকে এতে যারা জড়িত, তাদের বিরুদ্ধে মামলা করতে আমরা ছাত্রলীগের নেতা-কর্মীরা একমত হয়েছি। এতে কোনো ছাড় দেওয়া হবে না।’