সিলেট এমসি কলেজে ছাত্রলীগ-ছাত্রদল সংঘর্ষে আহত দুই
সিলেটের এমসি কলেজে আজ শুক্রবার দুপুরে ছাত্রলীগ ও ছাত্রদলের সংঘর্ষে দুজন ছাত্রদল কর্মী আহত হয়েছে। স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি হতে ইচ্ছুক শিক্ষার্থীদের স্বাগত জানানোকে কেন্দ্র করে এ ঘটনা ঘটে।প্রত্যক্ষদর্শী শিক্ষার্থী ও ছাত্র সংগঠনগুলোর নেতা-কর্মীদের সূত্রে জানা যায়, আজ বেলা ১১টা থেকে কলেজে স্নাতক (সম্মান) প্রথম বর্ষে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষা শেষে দুপুর সাড়ে ১২টায় কলেজ শাখা ছাত্রলীগ ও ছাত্রদল মিছিল নিয়ে ক্যাম্পাসে ঢুকে বাংলা বিভাগের সামনে অবস্থান নেয়। এ সময় উভয় সংগঠনের কর্মীরা একই স্থানে সমাবেশ করতে চাইলে কথাকাটাকাটির একপর্যায়ে সংঘর্ষ বাধে। তখন জামাল ও শামীম নামের দুজন ছাত্রদল কর্মী আহত হন। আহতদের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রাথমিক চিকিত্সা দেওয়া হয়।কলেজ শাখা ছাত্রলীগের নেতা পংকজ পুরকায়স্থ ঘটনা স্বীকার করে প্রথম আলোকে বলেন, ‘আমরা অনেক আগে থেকেই একটি নির্দিষ্ট স্থানে ছিলাম। অথচ ছাত্রদলের কর্মীরা সেখানে জোরপূর্বক এসে ভর্তি হতে ইচ্ছুকদের অভিনন্দন জানানোর চেষ্টা চালালে সংঘর্ষ ঘটে।’ কলেজ ছাত্রদলের নেতা রাশেদ জানান, ছাত্রলীগের হামলায় তাঁদের দুজন কর্মী আহত হয়। এখন দুই পক্ষের জ্যেষ্ঠ নেতারা বসে একটা মীমাংসার চেষ্টা চলাচ্ছে।