সিলেট এমসি কলেজে প্রতিপক্ষের হামলায় ছাত্রলীগ কর্মী নিহত
সিলেটের এমসি কলেজে আজ সোমবার দুুপুরে ছাত্রলীগের একপক্ষের হামলায় প্রতিপক্ষের এক কর্মী নিহত হয়েছেন। নিহত কর্মীর নাম উদয়ন সিংহ (২১)। তিনি ওই কলেজের গণিত বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র ছিলেন। তাঁর বাড়ি মৌলভীবাজারের কমলগঞ্জে।প্রত্যক্ষদর্শী ও উদয়নের সহপাঠী সূত্রে জানা যায়, কলেজের সাংগঠনিক সম্পাদক আজিরউদ্দিন ও কার্যনির্বাহী কমিটির সদস্য ফজলুর রহমান জসিমের মধ্যে নেতৃত্ব নিয়ে অনেক দিন থেকেই বিরোধ চলছিল। এরই জের ধরে আজ দুপুর সাড়ে ১২টার দিকে উভয় পক্ষের মধ্যে কথাকাটাকাটি হয়। বেলা দেড়টায় আজিরউদ্দিনের পক্ষের উদয়ন তাঁর দুই সহপাঠীর সঙ্গে মোটরসাইকেলে করে যাওয়ার সময় প্রতিপক্ষের কর্মীরা ক্যাম্পাসের পাশে শাপলাবাগ এলাকায় তাঁদের গতিরোধ করেন। এ সময় উদয়নকে তাঁরা চাপাতি ও দা দিয়ে কুপিয়ে আহত করে পালিয়ে যান। পরে উদয়নের সহপাঠীরা তাঁকে উদ্ধার করে ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তিনি মারা যান।কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) দায়িত্বে থাকা উপপরির্দশক (এসআই) নারায়ণ দত্ত বলেন, ময়নাতদন্ত শেষে লাশ তাঁর পরিবারের কাছে হস্তান্তর করা হবে। নিহত উদয়নের দুই পায়ে ও গলায় আঘাতের চিহ্ন আছে।