সিলেট ও নরসিংদীতে সড়ক দুর্ঘটনায় নিহত ৭

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটের বালাগঞ্জ ও নরসিংদীতে দুটি পৃথক সড়ক দুর্ঘটনায় সাতজন নিহত ও আটজন আহত হয়েছে। সিলেটের বালাগঞ্জে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের দুজন নিহত ও দুজন আহত হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের বালাগঞ্জ উপজেলার ব্রাহ্মণশাসন নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। এদিকে নরসিংদীর শিবপুরে বাস ও যাত্রীবাহী পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে পাঁচজন নিহত ও ছয়জন আহত হয়েছে। আহতদের প্রথমে নরসিংদী জেলা হাসপাতালে ও পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।বালাগঞ্জে নিহত ব্যক্তিরা হচ্ছেন—আয়শা আক্তার (২৮) ও তাঁর মেয়ে ঊষা (৩)। আহত হয়েছেন আয়শার স্বামী কাজী আখতার হোসেন (৩৫) ও মেয়ে ঊর্মি (৯)। তাঁরা সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার গাজীপাড়া গ্রামের বাসিন্দা।পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, একটি প্রাইভেটকারে করে ঈদ করতে সপরিবারে গ্রামের বাড়ি যাচ্ছিলেন আখতার হোসেন। দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণশাসন নামক স্থানে একটি বাঁক অতিক্রম করার সময় বিপরীত দিক থেকে আসা ঢাকাগামী দুটি যাত্রীবাহী বাস একটি অপরটিকে ওভারটেক করতে গেলে কারটি বাসগুলোর মুখোমুখি হয়ে পড়ে। এ সময় দুর্ঘটনা এড়াতে মূল রাস্তা থেকে নেমে যাওয়ার চেষ্টা করলে কারটি (ঢাকা মেট্রো গ-২৩-৪৬৬৫) নিয়ন্ত্রণ হারিয়ে গভীর জলাশয়ে পড়ে যায়। স্থানীয় লোকজন প্রায় আধা ঘণ্টা চেষ্টা চালিয়ে কারযাত্রী চারজনকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। সেখানে চিকিত্সাধীন অবস্থায় আয়শা আক্তার ও তাঁর মেয়ে ঊষার মৃত্যু হয়। ওসমানীনগর থানার উপপরিদর্শক (এসআই) বায়োজিত বোস্তামি ঘটনার সত্যতা স্বীকার করেছেন।এদিকে নরসিংদীর শিবপুরে বাস ও যাত্রীবাহী পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে পাঁচজন নিহত ও ছয়জন আহত হয়েছে। আজ বৃহস্পতিবার বেলা তিনটার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের শিবপুর উপজেলার কুন্দারপাড়ায় এ দুর্ঘটনা ঘটে।প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, কিশোরগঞ্জের কুলিয়ারচর থেকে ছেড়ে আসা ঢাকাগামী একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে পিকআপ ভ্যানটি দুমড়ে-মুচড়ে ছিটকে দূরে পড়ে। দুর্ঘটনায় ঘটনাস্থলেই পিকআপ ভ্যানের চারজন যাত্রীর মৃত্যু হয়। হাসপাতালে নেওয়ার পথে মারা যায় আরেক যাত্রী।শিবপুর মডেল থানার পুলিশ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুজিবুর রহমান মজুমদার জানায়, নিহতদের নাম পরিচয় পাওয়া যায়নি। তাদের লাশ শিবপুর থানায় রাখা হয়েছে।