সিলেট ও সীতাকুণ্ডে সড়ক দুর্ঘটনায় নিহত ৫
সিলেটের বালাগঞ্জ ও চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় আজ রোববার পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় পাঁচজন নিহত এবং অন্তত ১৩ জন আহত হয়েছে।বালাগঞ্জ (সিলেট) প্রতিনিধি জানান, বালাগঞ্জের ঢাকা-সিলেট মহাসড়কে একটি ট্রাক ও সংবাদপত্রবাহী একটি মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত এবং অন্তত ১০ জন আহত হয়েছে।নিহত ব্যক্তিরা হলেন শরীয়তপুর জেলার নরিয়া উপজেলার ঢালীপাড়া গ্রামের দীন মোহাম্মদ (৩৫), হবিগঞ্জের বানিয়াচং এলাকার ফারুক মিয়া (৩৮) এবং একজন অজ্ঞাতনামা (৪০)। নিহত তিনজনই মাইক্রোবাসের যাত্রী, তবে মাইক্রোবাস চালকের তেমন কোনো ক্ষতি হয়নি।আজ রোববার সকাল সাড়ে আটটার দিকে মহাসড়কের বালাগঞ্জ উপজেলার উনিশমাইল নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।হাইওয়ে পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সংবাদপত্র বহনকারী একটি মাইক্রোবাস পত্রিকা পৌঁছে দিয়ে সিলেট শহর থেকে ঢাকা ফেরার পথে উনিশমাইল নামক স্থানে সিলেটগামী একটি মালবাহী ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ ঘটে।এ ঘটনায় মাইক্রোবাসটি দুমড়ে-মুচড়ে রাস্তা থেকে ছিটকে পড়ে। এতে ঘটনাস্থলেই মাইক্রোবাসের দুই যাত্রী নিহত এবং অন্তত ১০ জন আহত হয়। গুরুতর আহত অবস্থায় সাতজনকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠালে চিকিৎসকেরা ফারুক মিয়াকেও মৃত ঘোষণা করেন।শেরপুর থানা হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুর রহমান জানান, দুর্ঘটনাকবলিত গাড়ি দুটিকে আটক করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি জানান, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ড উপজেলার মগপুকুর এলাকায় সকাল সাড়ে ১০টার দিকে এক সড়ক দুর্ঘটনায় দুজন নিহত এবং তিনজন আহত হয়েছে।প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, ঢাকাগামী একটি তেলের ট্রাক সিএনজিচালিত একটি অটোরিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার দুই যাত্রী মো. ওয়াসিম (৩২) ও মো. মিশুর (২৬) মৃত্যু হয়। এ ছাড়া অটোরিকশার চালক, তেলবাহী ট্রাকের চালক ও হেলপার মারাত্মক আহত হন।কুমিরা পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মো. আনোয়ার হোসেন জানান, তেলের ট্রাকের চাপায় সিএনজিচালিত অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। নিহত দুজনের লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।