সিলেট ওসমানী মেডিকেল কলেজে ছাত্রলীগ-শিবির সংঘর্ষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ক্যাম্পাসে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সিলেট ওসমানী মেডিকেল কলেজে ছাত্রলীগ ও ছাত্রশিবিরের মধ্যে সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছেন। আজ সোমবার সকাল ১০টায় এ সংঘর্ষ হয়। তবে আহতদের নাম জানা যায়নি। এঁদের মধ্যে সাতজনকে ওই কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।সংঘর্ষ চলাকালে তারা কলেজের ভিতরে ও মিলনায়তনের সামনে বিভিন্ন স্থাপনা ভাঙচুর করে । পরে পুলিশ কলেজের বিভিন্ন হলে তল্লাশি চালিয়ে লোহার রড, লাঠিসোটা উদ্ধার করেছে। দুপুর দেড়টায় শেষ খবর পাওয়া পর্যন্ত ক্যাম্পাসে দাঙ্গা পুলিশ মোতায়েন করে অস্ত্র উদ্ধারে হলে হলে পুলিশের তল্লাশি চলছিল। প্রত্যক্ষদর্শীরা জানায়, শিক্ষার্থীদের প্রথম বর্ষে ভর্তিকে কেন্দ্র করে ছাত্রলীগ-শিবির নেতাকর্মীদের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে দু’পক্ষের নেতাকর্মীরা সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে ১৫ জন আহত হন। সংঘর্ষের পর মেডিকেল কলেজ এলাকায় শিবিরের কোনো দায়িত্বশীল নেতাকে পাওয়া যায়নি। নাম প্রকাশে অনিচ্ছুক আবু সিনা ছাত্রবাসের এক শিবির নেতা জানান, নতুন শিক্ষার্থীদের স্বাগত জানানোর প্রস্তুুতি নিতে গেলে ছাত্রলীগের নেতাকর্মীরা বাধা দেয় এবং এ নিয়ে সংঘর্ষ বাধে। তবে মেডিকেল কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক আল বেরুনি খান জানান, সকালে সুষ্ঠুভাবে ভর্তি কার্যক্রম চলার সময় শিবির ক্যাডাররা তাঁদের ওপর হামলা চালায়। সন্ত্রাসী হামলা প্রতিহত করতে গিয়ে সংঘর্ষ বাধে। দুপুর একটায় সিলেট কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার নওরোজ আহমদ বলেন, ক্যাম্পাসে পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি শান্ত রয়েছে। সংঘর্ষে ব্যবহূত অস্ত্র উদ্ধারে পুলিশ অভিযান চালিয়েছে ।