সিলেট কারাগারে দুই আসামির ফাঁসি কার্যকর
হত্যার দায়ে সিলেট কেন্দ্রীয় কারাগারে গতকাল বুধবার মধ্যরাতে দুই ব্যক্তির ফাঁসির রায় কার্যকর করা হয়েছে। যাঁদের ফাঁসি দেওয়া হয়েছে, তাঁরা হলেন সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার রেঙ্গা দাউদপুর গ্রামের সাবুল মিয়া (৩০) ও মৌলভীবাজারের বড়লেখা উপজেলার মিরাপাতন গ্রামের আলম উদ্দিন স্বপন (৪০)।বাংলাদেশ স্বাধীনতা লাভের পর সিলেট কারাগারে এই প্রথম ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করা হলো। সিলেট কারাগারে ১৯৩৪ সালের ২ জুলাই ব্রিটিশবিরোধী আন্দোলনের কর্মী বিপ্লবী অসিত ভট্টাচার্যকে ফাঁসি দেওয়া হয়। আর ১৯৩৭ সালে স্বামীকে হত্যার দায়ে মৌলভীবাজারের লংলা এলাকার জমিদারকন্যা করিমুন্নেসার ফাঁসির রায় কার্যকর করা হয় বলে জনশ্রুতি রয়েছে।সাবুল মিয়ার স্ত্রী ও ছয় বছরের একটি ছেলে রয়েছে। সাবুলের ভাগনে এমাজউদ্দিন গতকাল রাতে প্রথম আলোকে বলেন, পরিবারের সদস্যসহ তাঁরা ৩০ জন গতকাল বিকেল থেকে মামা সাবুলের সঙ্গে দেখা করেছেন। সাবুল তাঁদের বলেছেন, ‘আমি ন্যায়বিচার পাইনি। তোমরা আমার জন্য দোয়া করো।’ আলম উদ্দিনের স্বজনেরাও গতকাল বিকেলে তাঁর সঙ্গে দেখা করেন। দুই আসামির ফাঁসি কার্যকরের খবর পেয়ে গতকাল মধ্যরাতে বিপুলসংখ্যক লোক কারা ফটকে ভিড় করে। সিলেট কারাগার সূত্রে জানা গেছে, পৃথক দুটি হত্যা মামলায় ২০০৩ সালে সিলেট ও মৌলভীবাজারের আদালত ওই দুই আসামিকে মৃত্যুদণ্ড দেন। সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগ ও আপিল বিভাগ তাঁদের মৃত্যুদণ্ড বহাল রাখেন। সবশেষে আসামিরা রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষার আবেদন করলেও তা নামঞ্জুর করা হয়। কারাবিধি অনুযায়ী গতকাল রাতে কর্তৃপক্ষ ওই দুই আসামির ফাঁসি কার্যকর করেন।কারাগারের একটি সূত্র জানায়, রাত ১২টার পর একে একে দুই আসামিকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। মামলার বিবরণে জানা যায়, জমিসংক্রান্ত বিরোধের জের ধরে ২০০০ সালের ১২ নভেম্বর ভোরে সিলেটের দক্ষিণ সুরমার রেঙ্গা দাউদপুর গ্রামের সাবুল মিয়া তাঁর প্রতিবেশী মুক্তাদীর আলীকে কুপিয়ে জখম করেন। স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মুক্তাদীর মারা যান। এ ঘটনায় মুক্তাদীর আলীর আত্মীয় আবদুল বারী বাদী হয়ে দক্ষিণ সুরমা থানায় একটি মামলা করেন। অন্যদিকে ২০০০ সালের ১ ডিসেম্বর মৌলভীবাজারের বড়লেখা উপজেলার মিরাপাতন গ্রামের আলম উদ্দিন ওরফে স্বপন যৌতুক না পেয়ে স্ত্রী খোদেজা বিবিকে গলা টিপে হত্যা করেন।