সিলেট কারাগারে বন্দীদের হাতে সাত কর্মী আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেট কারাগারে নিম্নমানের খাবার পরিবেশনসহ বিভিন্ন অনিয়মের প্রতিবাদ জানিয়েছেন কয়েকজন বন্দী। আজ সোমবার সন্ধ্যা ছয়টার দিকে বন্দীদের রাতের খাবার পরিবেশনের সময় তাঁরা একটি ঘরে কারাগারের সুবেদারকে জিম্মি করেন। পরে পুলিশের একটি দল ও স্থানীয় প্রশাসন তাঁকে উদ্ধার করে। এ সময় ওই বন্দীদের সঙ্গে সংঘর্ষে সাতজন আহত হন।কারাগার-সংশ্লিষ্ট ও স্থানীয় প্রশাসন সূত্রে জানা গেছে, সন্ধ্যা ছয়টায় প্রতিদিনের মতো বন্দীদের মধ্যে রাতের খাবার বিতরণ করা হচ্ছিল। কারাগারের সবকিছু ঠিকঠাক রয়েছে কি না, তা দেখার জন্য সুবেদার আবু ইউসুফ বন্দীদের সেলের কাছে আসেন। এ সময় হঠাৎ করে ৮০ বছরের দণ্ডপ্রাপ্ত ফারুকের নেতৃত্বে তিনজন বন্দী সুবেদারকে ধাক্কা দিয়ে একটি সেলের ভেতরে ঢুকিয়ে জিম্মি করেন। এ সময় ওই বন্দীদের হাতে ধারালো দা ছিল। সুবেদারকে জিম্মি করে বন্দীরা কারাগারে নিম্নমানের খাবার দেওয়াসহ বিভিন্ন অনিয়মের প্রতিবাদ জানান। ওই বন্দীদের সঙ্গে এ সময় আরও কয়েকজন বন্দী যোগ দেন।খবর পেয়ে ঘটনাস্থলে র‌্যাব-পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ছুটে যান। পুলিশের বিশেষ একটি স্কোয়াড সুবেদার ইউসুফকে উদ্ধারের চেষ্টা চালালে বন্দীদের সঙ্গে তাদের সংঘর্ষ হয়। সুবেদার আবু ইউসুফ (৫০), হাবিলদার ওমর আলী (৪৫), কারারক্ষী সেলিম (৩০), আহসান (৩২), মাহবুব খান (৪০), শাহাদাতসহ (৩০) সাতজন আহত হয়েছেন। আহতদের সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘণ্টাখানেক পর পুলিশ ও প্রশাসনের কর্মকর্তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।এ সময় কারাগারে উপস্থিত হন সিলেট সিটি করপোরেশনের মেয়র বদরউদ্দিন আহমদ কামরান, জেলা প্রশাসক খান মোহাম্মদ বিলাল, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. শহীদুল আলম, জেলা পুলিশ সুপার শাখাওয়াত হোসাইনহ স্থানীয় প্রশাসন ও র‌্যাব-পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।পরে রাত সোয়া নয়টার দিকে জেলা প্রশাসক খান মোহাম্মদ বিলাল কারাগারের প্রধান ফটকে উপস্থিত সাংবাদিকদের বলেন, ‘পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে। মুষ্টিমেয় কয়েকজন বন্দী এক সুবেদারকে জিম্মি করে আহত করেছেন। এ ঘটনায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) মো. শহীদুল আলমকে আহ্বায়ক করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।’মেয়র বদরউদ্দিন আহমদ কামরান বলেন, ‘ফারুক নামের এক ব্যক্তি ৮০ বছরের দণ্ডপ্রাপ্ত আসামি। তিনি বিভিন্ন সময় কারাগারে জল্লাদেরও ভূমিকা পালন করেছেন। এখন অপ্রকৃতিস্থ। তাই তিনি বোরহান ও নাসিম নামের আরও দুই বন্দীকে নিয়ে এ ধরনের ঘটনা ঘটিয়েছেন।’এ ব্যাপারে সিলেটের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. শহীদুল আলম প্রথম আলোকে বলেন, ‘একজন অপ্রকৃতিস্থ বন্দী কারাগারের সুবেদারকে একটি ঘরে আটকে রেখে এ ঘটনা ঘটিয়েছে। তবে এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে।’