সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে অনিয়মের চাষ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে নিয়োগের ক্ষেত্রে বেশ কিছু অনিয়মের অভিযোগ উঠেছে। নিয়োগের ক্ষেত্রে বিজ্ঞাপনে উল্লেখ করা অভিজ্ঞতা ও অন্যান্য শর্ত লঙ্ঘন করা হয়েছে বলে বেশ কয়েকজন শিক্ষক ও সংশ্লিষ্ট অনেকে মন্তব্য করেছেন। এসব অনিয়মের পেছনে আর্থিক লেনদেন হয়েছে বলেও মনে করেন তাঁরা। বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, গত মার্চে ১০৭টি পদে নিয়োগের বিজ্ঞাপন দেওয়া হয়। অধ্যাপক, সহযোগী অধ্যাপক, বৈজ্ঞানিক কর্মকর্তা, মেডিকেল কর্মকর্তাসহ ২১টি বাদে ৮৬টি পদে নিয়োগ দেওয়া হয়েছে ১২২ জনকে।সাবেক উপাচার্য মো. আবদুল আউয়াল এবং তৎকালীন রেজিস্ট্রার ও বর্তমান ছাত্র পরামর্শ ও নির্দেশনা পরিচালক মো. জামাল উদ্দিন ভূঁইয়া মূলত এই নিয়োগের প্রক্রিয়ায় যুক্ত। উপাচার্যের পদ ছেড়ে দেওয়ার পর থেকে আবদুল আউয়াল বিদেশে রয়েছেন। বিতর্কিত এই নিয়োগ প্রসঙ্গে তাঁর সঙ্গে কথা বলতে যোগাযোগ করা সম্ভব হয়নি। তবে মো. জামাল উদ্দিন ভূঁইয়া প্রথম আলোকে বলেন, ‘সরকার প্রতি ঘর থেকে একজনকে চাকরি দেওয়ার ওয়াদা করেছে। আমরা বিশ্ববিদ্যালয় থেকে সে কাজ করেছি।’ বিজ্ঞাপিত পদের চেয়ে বেশি নিয়োগ দেওয়ার পক্ষে যুক্তি দিয়ে তিনি বলেন, ‘বিজ্ঞাপন দেওয়ার পর অনেক বিভাগ থেকে চাহিদাপত্র পাওয়া গেছে। তাই বিজ্ঞাপন না দিয়েই কিছু পদে নিয়োগ দেওয়া হয়েছে।’ এখনো শিক্ষক-কর্মচারীর সংকট আছে বলে উল্লেখ করেন ছাত্র পরিচালক।পাবলিক বিশ্ববিদ্যালয়ের নিয়োগে অনিয়ম ও প্রশাসনিক জটিলতা নিরসনে শিক্ষা মন্ত্রণালয়ের জারি করা এক পরিপত্রে বলা হয়েছে, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) ও শিক্ষা মন্ত্রণালয়ের অনুমোদিত অর্গানোগ্রামের বাইরে জনবল নিয়োগ দেওয়া যাবে না। সিন্ডিকেটের মাধ্যমে নতুন পদ সৃষ্টি, অর্গানোগ্রামে ওই পদের অন্তর্ভুক্তি ও নিয়োগ বন্ধ থাকবে। জনবলের সংকটে শিক্ষা কার্যক্রম ব্যাহত হলে নিয়োগের জন্য ইউজিসির মাধ্যমে শিক্ষা মন্ত্রণালয়ের অনুমোদন নিতে হবে।কথাবার্তার একপর্যায়ে জামাল উদ্দিন ক্ষমতাসীন দলের সঙ্গে তাঁর কথিত সংশ্লিষ্টতার বিষয়টি অপ্রাসঙ্গিকভাবে তুলে ধরে মন্তব্য করেন, ‘বিরোধী দলে থাকাকালে এই বিশ্ববিদ্যালয়ে আওয়ামীপন্থী শিক্ষক ছিলেন মাত্র পাঁচজন। এখন আছেন ৭০ জন। এটা আমিই করেছি। এই বিশ্ববিদ্যালয়ে আওয়ামী লীগকে আমিই দাঁড় করিয়েছি।’অন্যদিকে উপাচার্য প্রথম আলোর প্রতিবেদকের সঙ্গে কথা বলতেই রাজি হননি। গত ১ নভেম্বর সন্ধ্যায় উপাচার্য অধ্যাপক শহিদ উল্লাহ তালুকদারের কার্যালয়ে গেলে সেখানকার কর্মকর্তারা জানান, তিনি কথা বলবেন না। পরে মুঠোফোনে যোগাযোগ করা হলে উপাচার্য বলেন, ‘আমি আপনার সঙ্গে ফোনে কথা বলব না। সাংবাদিকদের সঙ্গে কথা বলার জন্য আমাকে উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়নি।’ নিয়োগসংক্রান্ত অনিয়মের অভিযোগের প্রসঙ্গটি তুলতেই অধ্যাপক তালুকদার বলেন, ‘এ বিষয়ে কোনো মন্তব্য নেই।’ বিজ্ঞাপনের শর্ত লঙ্ঘন: কীটতত্ত্ব বিভাগে সহকারী অধ্যাপক হিসেবে নিয়োগ পাওয়া আবদুর রাজ্জাক চৌধুরীর নিয়োগের শর্ত অনুযায়ী সরকারি, আধা সরকারি কিংবা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে তিন বছরের চাকরির অভিজ্ঞতা নেই। এমনকি তাঁর পূর্ণকালীন শিক্ষকতার অভিজ্ঞতাও নেই। সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে ছয় মাসের মতো অতিথি বক্তা (গেস্ট স্পিকার) হিসেবে লেকচার দিয়েছেন তিনি।সূত্র জানায়, বিজ্ঞাপিত একটি পদের বিপরীতে প্রথমে যোগ্য হিসেবে চন্দ্রকান্ত দাশকে নিয়োগ দেওয়া হয়। পরে একই পদে আবদুর রাজ্জাককেও নিয়োগ দেওয়া হয়। খন্দকার মাজহারুল ইসলামকে গত জুনে ডেপুটি রেজিস্ট্রার হিসেবে অস্থায়ী ভিত্তিতে (এডহক) নিয়োগ দেওয়া হয়। ডেপুটি রেজিস্ট্রার পদে আবেদনের শর্ত ছিল আট বছরের চাকরির অভিজ্ঞতা। কিন্তু তাঁর সরকারি, আধা সরকারি কিংবা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে চাকরির কোনো অভিজ্ঞতাই নেই। অথচ পরে তাঁর চাকরি স্থায়ী দেখানো হয়। সূত্র বলেছে, অতীতে ছাত্রলীগের সঙ্গে সংশ্লিষ্টতা থাকাই তাঁর বড় যোগ্যতা হিসেবে বিবেচিত হয়েছে বলে মনে করা হয়।তারিকুল ইসলামকে নিয়োগ দেওয়া হয়েছে সেকশন অফিসার হিসেবে। অথচ তিনি এখনো এই বিশ্ববিদ্যালয়ের ফিজিওলজি অ্যান্ড ফার্মাকোলজি বিভাগের ছাত্র। কয়েকজন শিক্ষক বলেছেন, বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি হিসেবে নিজের পরিচয় দেন তিনি। কেন্দ্রীয় কমিটির একজন নেতা গত রাতে প্রথম আলোকে জানান, এখানে ছাত্রলীগের কোনো কমিটি নেই। তবে তারিকুল ছাত্রলীগের রাজনীতির সঙ্গে যুক্ত বলে নিশ্চিত করেন এই নেতা। ছাত্র পরামর্শ ও নির্দেশনা পরিচালক জামাল উদ্দিন ভূঁইয়ার ‘স্নেহধন্য’ হওয়াতেই তিনি নিয়োগ পেয়েছেন বলে মনে করেন সবাই।তবে বিজ্ঞাপনের শর্ত পূরণে ব্যর্থদের নিয়োগ দেওয়ার বিষয়টি অস্বীকার করে জামাল উদ্দিন ভূঁইয়া বলেন, ‘শুধু যোগ্য ব্যক্তিদেরই নিয়োগ দেওয়া হয়েছে।’ এক পদে আবেদন, অন্য পদে নিয়োগ: এক পদের জন্য আবেদন করে আরেক পদে নিয়োগ পেয়েছেন কয়েকজন। তারিকুল ইসলাম, আসমা পারভীন ও সুলতানা বিলকিস আবেদন করেছিলেন সহকারী রেজিস্ট্রার পদের জন্য। কিন্তু তারিকুলকে সেকশন অফিসার এবং অন্য দুজনকে সেকশন অফিসার গ্রেড-১ পদে নিয়োগ দেওয়া হয়েছে। জামাল উদ্দিন ভূঁইয়া এর ব্যাখ্যা দিয়ে বলেন, ‘কেউ এক পদে আবেদন করলেও বিশ্ববিদ্যালয় চাইলে তাঁকে অন্য পদে নিয়োগ দিতে পারে।’পদ পাঁচটি, নিয়োগ ১৭ জন: এ ছাড়া বিজ্ঞাপনের চেয়ে বেশি পদে নিয়োগ দেওয়া হয়েছে। সেকশন অফিসার গ্রেড-১ পাঁচটি পদের জন্য আবেদন চাওয়া হয়েছিল বিজ্ঞাপনে। তবে নিয়োগ দেওয়া হয়েছে ১৭ জনকে। বিজ্ঞাপিত পদের চেয়ে অতিরিক্ত ১২ জনকে নিয়োগ দেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার কার্যালয়ের তথ্য অনুযায়ী, অতিরিক্ত ১২ জন কর্মকর্তার জন্য বছরে বিশ্ববিদ্যালয়ের বাড়তি খরচ হবে প্রায় ২৬ লাখ টাকা।বিজ্ঞাপন ছাড়াই নিয়োগ: মো. বদরুল ইসলামকে ডেপুটি রেজিস্ট্রার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। অথচ ডেপুটি রেজিস্ট্রার পদের আবেদন চেয়ে বিজ্ঞাপনই দেওয়া হয়নি।একইভাবে বিজ্ঞাপন ছাড়া ডেপুটি পরীক্ষা নিয়ন্ত্রক হিসেবে সাজিদুল ইসলামকে নিয়োগ দেওয়া হয়েছে। জামাল উদ্দিন ভূঁইয়া অবশ্য এর জন্য প্রয়োজনের যুক্তি দিয়েছেন। পরবর্তী সিন্ডিকেটে প্রতিবেদন: সূত্র জানায়, গত আগস্টে অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের দশম সিন্ডিকেট সভায় নিয়োগের বিষয়ে আলোচনা হয়। কিন্তু ওই দিন চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। বিষয়টি চূড়ান্ত হলে নিয়ম অনুযায়ী ওই দিনই নিয়োগপ্রাপ্ত ব্যক্তিদের নিয়োগপত্র দেওয়া হতো। কিন্তু তাঁদের নিয়োগপত্র দেওয়া হয় সেপ্টেম্বরের বিভিন্ন তারিখে।বিধি অনুযায়ী, কোনো পদে নিয়োগ দেওয়া হলে পরবর্তী সিন্ডিকেটে নিয়োগপ্রাপ্ত ব্যক্তিদের বিষয়ে প্রতিবেদন দিতে হয়। এ ছাড়া আগের সিন্ডিকেটে যেসব সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, তার পর্যালোচনা করা হয়। উপাচার্য শহিদ উল্লাহ তালুকদার এ বিষয়েও কোনো মন্তব্য করেননি।