সিলেট-জকিগঞ্জ সড়ক: দূরত্ব দুর্ভোগ ঝুঁকি সবই আছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জকিগঞ্জ সিলেট জেলার সীমানার একেবারে পূর্বপ্রান্তের উপজেলা। এর উত্তর-পূর্ব-দক্ষিণজুড়ে ভারত। একমাত্র পশ্চিম অংশ দিয়েই চলে জনসাধারণের যাতায়াত। জেলার সঙ্গে সড়কপথে যাতায়াতের দূরত্ব ৯২ কিলোমিটার। জকিগঞ্জবাসীর দাবি—জেলা সদরের সঙ্গে কোনো উপজেলার এমন দূরত্ব বাংলাদেশে দ্বিতীয়টি নেই। যোগাযোগের এই দূরত্ব, একটি মাত্র সড়কপথ। বিকল্প যোগাযোগও নেই। তাই দূরের উপজেলা হিসেবে সাধারণ মানুষের মনে ক্ষোভ রয়েছে। এ ক্ষোভের কারণ সড়কপথ সংস্কারহীন অবস্থায় নানা রকম ভোগান্তি আর দুর্ভোগ। জকিগঞ্জের দুই লক্ষাধিক মানুষ সিলেট-জকিগঞ্জসহ চার উপজেলার কয়েকটি এলাকায় যাতায়াত করে ওই সড়ক দিয়ে। সরেজমিনে ওই সড়ক ঘুরে নানা রকম সমস্যা নিয়ে প্রতিবেদন তৈরি করেছেন সিলেটের নিজস্ব প্রতিবেদক উজ্জ্বল মেহেদী, সিলেট প্রতিনিধি সুমনকুমার দাশ।মালবোঝাই একটি ট্রাক। সড়কের ঠিক মধ্য অংশে দেবে গেছে। পরে সবাই মিলে দেবে যাওয়া ট্রাক স্থানান্তর কাজে লেগে যান ‘হেইয়াও হেইও...’ বলে। এ সড়কে চলতে গিয়ে এই ‘হেইয়াও’ শোরগোল শোনা যায় নিত্যদিন। তবু ঝুঁকি নিয়ে চলে যানবাহন। কারণ সিলেট-জকিগঞ্জের যোগাযোগের এটিই একমাত্র সড়কপথ।শুধু জকিগঞ্জ নয়, পার্শ্ববর্তী কানাইঘাট, বিয়ানীবাজার, গোলাপগঞ্জ ও বড়লেখা—এ চারটি উপজেলারও অধিকাংশ মানুষ এ সড়ক দিয়ে জেলা সদর সিলেট আসা-যাওয়া করেন। বিকল্প কোনো সড়ক না থাকায় তাই পণ্য ও যাত্রীবাহী যানবাহনগুলোকে ঝুঁকি নিয়েই চলতে হয়। সিলেটের গোলাপগঞ্জ উপজেলা থেকে জকিগঞ্জ পর্যন্ত সড়ক ও জনপথ এবং এলজিইডির অধীনে সড়কের এমন সংস্কারহীন অবস্থার কথা বলতে গিয়ে টিকড়পাড়া গ্রামের বাসিন্দা ব্যবসায়ী তজমুল আলী ক্ষোভের সঙ্গে বলেন, ‘দেখলে কে কইব ইটা চার উপজেলায় যাওয়ার সড়ক! অনেক দিন থাকি কোনো উন্নয়ন নাই।’ গোলাপগঞ্জ থেকে জকিগঞ্জ পর্যন্ত সড়কের প্রায় স্থানে খানাখন্দ থাকায় প্রতিদিন যানবাহন চলাচল করছে ঝুঁকি নিয়ে এবং পোহাতে হচ্ছে চরম দুর্ভোগ। দীর্ঘদিন সংস্কার কাজ না হওয়ায় সড়কে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। পাশাপাশি বিভিন্ন জায়গায় খানাখন্দ সৃষ্টি হওয়ায় এবং ইট-সুরকি উঠে যাওয়ায় বাস চলাচল করতে গিয়ে নিত্যদিন ভোগান্তির শিকার হচ্ছে। জকিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহম্মদ আবদুল হাই আল মাহমুদও স্বীকার করেন ‘চরম দুর্ভোগ’ অবস্থার কথা। তিনি বলেন, ‘এ সড়ক দিয়ে কয়েকটি উপজেলার লোকজন চলাচল করে থাকেন। আমি জেলা উন্নয়ন সমন্বয় কমিটি ও আইনশৃঙ্খলা উন্নয়ন কমিটির সভায় বিষয়টি গুরুত্ব সহকারে নানা সময়ে উপস্থাপন করেছি। চোখের সামনে কয়েক বছর ধরে সড়কটি সংস্কারহীন আছে, অথচ কেউ বিষয়টি গুরুত্বের সঙ্গে নিচ্ছেন না।’ তিনি আরও বলেন, ‘কাজগুলো মানসম্মতভাবে হয়নি। ফলে সড়ক ভেঙে খানাখন্দ তৈরি হচ্ছে, প্রতিদিন দুর্ঘটনা ঘটছে।’ সড়ক ও জনপথ (সওজ) সিলেটের প্রকৌশল দপ্তর সূত্রে জানা গেছে, সিলেটের সঙ্গে প্রায় ৯২ কিলোমিটার দীর্ঘ সিলেট-জকিগঞ্জ সড়ক। এ সড়ক দিয়ে জকিগঞ্জ উপজেলাবাসীর যাতায়াত ছাড়াও পার্শ্ববর্তী আরও তিনটি উপজেলার যাতায়াতের সড়কও এটি। দীর্ঘ এ সড়কে সেতু রয়েছে ৩৫টি। এর মধ্যে ২০টি সেতু ঝুঁকিপূর্ণ। অতিঝুঁকিপূর্ণ কয়েকটি সেতুতে সওজ ‘ঝুঁকিপূর্ণ’ চিহ্নিত করে তিন টনের অধিক মালবোঝাই ট্রাক চলাচলে নিষেধাজ্ঞা জারি করেছে। কিন্তু বিকল্প ব্যবস্থা না থাকায় তিন টনের অধিক মালবাহী ট্রাক চলাচল করছে প্রতিদিনই। এলজিইডি সূত্রে জানা গেছে, সওজের অধীনে থাকা সড়কটি ছাড়াও উপজেলার আটগাঁও থেকে সরাসরি জকিগঞ্জে যাতায়াত করা যায়। এটি ‘বাইপাস’ সড়ক নামে এলাকায় পরিচিত। ১২ কিলোমিটারব্যাপী এ সড়কটি এলজিইডির অধীনে। এ সড়কে সেতু রয়েছে আটটি, যার প্রায় সবই ঝুঁকিপূর্ণ। সড়কের পাশাপাশি সেতুগুলোও অসংখ্য খানাখন্দে ভরপুর। বৃষ্টি হলে জনসাধারণের দুর্ভোগ আরও চরমে পৌঁছে। এলজিইডির উপসহকারী প্রকৌশলী তাজুল ইসলাম জানান, সর্বশেষ ২০০৪ সালের দিকে প্রায় আট কোটি টাকা ব্যয়ে এ সড়কের নির্মাণকাজ শেষ হয়। পরবর্তী সময়ে ২০০৬ সালে ভয়াবহ বন্যার পরও সড়কের কোনো সংস্কার কাজ না হওয়ায় সড়কটির অবস্থা একেবারে নাজুক হয়ে পড়ে। সম্প্রতি সড়কটি পুনঃসংস্কারে ২৩ লাখ টাকার একটি প্রকল্প অনুমোদিত হয়েছে। সরেজমিন পর্যবেক্ষণে জানা যায়, সড়কটির পথে পথে রয়েছে যানবাহন দেবে যাওয়ার মতো অবস্থা। সিএনজিচালিত যাত্রীবাহী অটোরিকশাচালক জামান মিয়া জানান, সড়কের এমন অবস্থার শুরু হয়েছিল ২০০৪ সালের বন্যার পর থেকে। পরবর্তী সময়ে ২০০৬ সালের আরেক দফা বন্যায় সড়কের খানাখন্দগুলো বড় হয়ে ঝুঁকি আরও বেড়ে যায়। অথচ আজ পর্যন্ত কখনো উল্লেখযোগ্য কোনো সংস্কার কাজ করা হয়নি। এ কারণে ইট-সুরকি উঠে করুণ অবস্থার সৃষ্টি হয়েছে। সংস্কারের অভাবে যাত্রীদের নিরাপদ ভ্রমণের বিষয়টি নিশ্চিত করা সম্ভব হচ্ছে না। সড়ক দিয়ে প্রায় পাঁচ বছর ধরে যাত্রীবাহী বাস চালানোর অভিজ্ঞতাকে তুলে ধরে বাসচালক জামান জানান, দুই ঘণ্টার পথ চলতে হয় গতি নামিয়ে চার থেকে সোয়া চার ঘণ্টায়। পাশাপাশি গর্তে ভরা সড়কে একটু জোরে গাড়ি চালালে অনেক সময় বিভিন্ন যন্ত্রাংশ বিকল হয়ে পড়ে। বিকল্প না থাকায় যাত্রীরাও তিতি-বিরক্ত হয়ে নীরবে সয়ে যাচ্ছেন। সড়কের বিধ্বস্ত অবস্থায় ছোটখাটো দুর্ঘটনার মুখে পড়ার ভয় থাকে যাত্রীদের চেয়ে চালকদের বেশি। সড়কের বেহাল অবস্থার দরুন যাত্রী ও চালক উভয়ের দুর্ভোগ চরমে গিয়ে দাঁড়িয়েছে বলে এলাকাবাসী জানান। চালক ও যাত্রীরা জানান, এ সড়ক দিয়ে প্রতিদিন হাজারো মানুষ অনেকটা নিরুপায় হয়ে বিভাগীয় শহর সিলেটে চলাচল করছে। জকিগঞ্জ মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার খলিলুর রহমান ক্ষোভের সঙ্গে বলেন, ‘এ সড়কের সংস্কার নিয়ে সওজ কর্তৃপক্ষের আচরণ রীতিমতো বিমাতাসুলভ।’ সড়কের উন্নয়নে সওজ কর্তৃপক্ষ উদ্যোগী না হলে আন্দোলনও দানা বাঁধতে পারে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেন।দূরত্ব থেকে দুর্ভোগ এমনটি সরাসরি স্বীকার করেন না সড়ক ও জনপথ বিভাগ সিলেটের নির্বাহী প্রকৌশলী শাহ মো. মুসা। তবে তিনি স্বীকার করেন যে সড়কটির অবস্থা খুবই নাজুক। তিনি প্রথম আলোকে বলেন, ‘দুটি সেতু তৈরির কাজ চলছে। পাশাপাশি জকিগঞ্জ শহর ও চারখাই সংলগ্ন রাস্তার কাজ চলছে। বাকি অংশগুলো পর্যায়ক্রমে করা হবে।’