সিলেট-জাফলং মহাসড়ক অবরোধ করেছেন পাথরশ্রমিকেরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটের জাফলং পাথরকোয়ারিতে পাথর উত্তোলন বন্ধ থাকার প্রতিবাদে সিলেট-জাফলং মহাসড়কের জাফলং থেকে নলজুরি পর্যন্ত চার কিলোমিটার রাস্তা অবরোধ করেছেন অর্ধলক্ষাধিক পাথরশ্রমিক। ফলে মহাসড়কে কয়েক শ গাড়ি আটকা পড়েছে। আজ রোববার সকাল নয়টা থেকে জাফলং কোয়ারির পাথরশ্রমিকেরা অবরোধ কর্মসূচি শুরু করেছেন। তাঁদের সঙ্গে পাথর ব্যবসায়ী ও ট্রাকচালক শ্রমিকেরাও যোগ দিয়েছেন। পাথরশ্রমিক ও ব্যবসায়ীরা বলেন, কোয়ারি বন্ধ থাকার কারণে অর্ধলক্ষাধিক শ্রমিক গত মঙ্গলবার থেকে কর্মহীন রয়েছেন। এতে শ্রমিকদের মধ্যে ক্ষোভ ও হতাশা বিরাজ করছে। কোয়ারির স্বাভাবিক অবস্থা ফিরিয়ে দিতে গতকাল শনিবার জাফলং বাজারে পাথর ব্যবসায়ী ও শ্রমিকেরা বিক্ষোভ-সমাবেশ করেছেন। সেখানেই তাঁরা আজকের সড়ক অবরোধের ঘোষণা দেন। স্বাভাবিক অবস্থা ফিরিয়ে না দিলে অবরোধের চেয়েও কঠোর আন্দোলনে যাবেন বলে ঘোষণা দিয়েছেন শ্রমিকেরা। পাথর ব্যবসায়ীরা বলেন, মেশিন দিয়ে পাথর উত্তোলন বন্ধের জন্য গত মঙ্গলবার থেকে জাফলং কোয়ারিতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চলছে। তাই সনাতন পদ্ধতিতে পাথর উত্তোলনও বন্ধ রয়েছে। পাথরশ্রমিক ও ব্যবসায়ীরা বলেন, পরিবেশ অধিদপ্তরের মামলার কারণে জাফলংয়ে বোমা মেশিন দিয়ে পাথর উত্তোলন বন্ধ রয়েছে। কিন্তু ছোট বালু সরানো যন্ত্র (শ্যালো মেশিন) ব্যবহার না করলে কোনোভাবেই পাথর উত্তোলন সম্ভব নয়। অথচ পরিবেশ অধিদপ্তর ও প্রশাসনের নির্দেশ, পাথর উত্তোলনে কোনো মেশিন ব্যবহার করা যাবে না। তাই অর্ধলক্ষাধিক শ্রমিক পাথর উত্তোলন করতে পারছেন না। পূর্ব জাফলং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হামিদুল হক ভুঁইয়া প্রথম আলো ডটকমকে বলেন, ‘আমরা সবাই বোমা মেশিন দিয়ে পাথর উত্তোলনের বিরুদ্ধে। তবে বালু সরানো মেশিন ব্যবহার করতে না দিলে শ্রমিকেরা কীভাবে পাথর তুলবে।’ গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কংকন চাকমা বলেন, সনাতন পদ্ধতিতে (মেশিন ব্যবহার না করে) পাথর উত্তোলনে প্রশাসনের পক্ষ থেকে কোনো নিষেধাজ্ঞা নেই। কোয়ারিতে কোনো যন্ত্র দিয়ে পাথর উত্তোলন হচ্ছে কি না, তার জন্য টাস্কফোর্সের অভিযান চালানো হয়েছে। পাথরশ্রমিক ও ব্যবসায়ীদের দাবি, মেশিন ব্যবহার করার সুযোগ দিতে হবে। পরিবেশ রক্ষার স্বার্থে এটা সম্ভব নয়। তবে অবরোধের ব্যাপারেও তাঁরা সতর্কতামূলক ব্যবস্থা নিয়েছেন । গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুর রহমান খান বলেন, ঘটনাস্থলে পুলিশ রয়েছে।