সিলেট-ঢাকা মহাসড়কের রশিদপুরে গোলচত্বর না থাকায় বাড়ছে দুর্ঘটনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেট-ঢাকা মহাসড়কটি দেশের অন্যতম একটি ব্যস্ত সড়ক। প্রতিদিন এ সড়কে শত শত গাড়ির মাধ্যমে বিভিন্ন জায়গায় যাত্রীরা চলাচল করেন। ব্যস্ত এ সড়কে প্রতিনিয়ত দুর্ঘটনাও বেড়ে চলছে। গাড়ির মুখোমুখি সংঘর্ষ কমাতে এ সড়কের কোথাও নেই সড়ক বিভাযোগ, তেমনি অনেক জনগুরুত্বপূর্ণ পয়েন্টেও নেই গোলচত্বর, নেই ট্রাফিক পুলিশ।সিলেট-ঢাকা মহাসড়কের রশিদপুর পয়েন্টটি বিশ্বনাথ-দক্ষিণ সুরমা উপজেলার সংযোগস্থলের একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট। আর এ পয়েন্টে কোনো গোলচত্বর না থাকায় প্রতিনিয়ত দুর্ঘটনা বেড়েই চলছে। এমনকি এ পয়েন্টে একজন ট্রাফিক পুলিশও নেই। আর গোলচত্বর না থাকায় সিলেট-ঢাকা মহাসড়ক থেকে বিশ্বনাথের সড়কে প্রবেশ করতে কিংবা বিশ্বনাথ থেকে সিলেট-ঢাকা মহাসড়কে উঠতে তাই অনেক সময় ঘটছে দুর্ঘটনা।বিশ্বনাথ উপজেলার উত্তর ধর্মদা গ্রামের শেখ মো. আজাদ বলেন, রশিদপুরের মতো একটি গুরুত্বপূর্ণ পয়েন্টে গোলচত্বর না থাকার কারণে এখানে প্রায়ই ঘটছে ছোট-বড় অনেক দুর্ঘটনা। সিএনজিচালক ইমরান আহমদ বলেন, ‘আমরা ছোট গাড়ি চালাই। এতে করে বড় বড় বাস কিংবা ট্রাকের চালকেরা আমাদের তোয়াক্কা করেন না। তাঁরা তাঁদের ইচ্ছামতো গাড়ি চালিয়ে থাকেন। তাই সর্ব ক্ষেত্রে বিপদ আমাদের পিছু তাড়া করে বেড়ায়। আর রশিদপুর পয়েন্টের মতো গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে আমাদের বিপদ বেশি আসে। এখানে আমাদের জানমালের নিরাপত্তার জন্য একটি গোলচত্বর স্থাপন করা অত্যন্ত জরুরি।’লাইটেসচালক মজনু মিয়া বলেন, রশিদপুর পয়েন্টের মতো জনগুরুত্বপূর্ণ পয়েন্টে জনসাধারণের স্বার্থেই গোলচত্বর স্থাপন করা জরুরি।সিলেট জেলা নিরাপদ সড়ক চাইয়ের (নিসচার) সভাপতি শাহ আহাদ আলী বলেন, সিলেট-ঢাকা মহাসড়কে সপ্তাহে যতটি দুর্ঘটনা ঘটে, এর বেশির ভাগই সংঘটিত হয় গোয়ালাবাজার থেকে দক্ষিণ সুরমা পর্যন্ত। এসব জায়গায় দুর্ঘটনা কমাতে হলে সড়ক বিভাযোগ স্থাপন করতে হবে।সিলেটের সড়ক ও জনপথের (সওজ) নির্বাহী প্রকৌশলী শাহ মো. মুসা প্রথম আলোকে বলেন, ‘রশিদপুরে একটি গোলচত্বর নির্মাণের জন্য আমরা ইতিমধ্যে স্থানীয় সাংসদকে নিয়ে স্থান পরিদর্শন করেছি।’স্থানীয় সাংসদ শফিকুর রহমান চৌধুরী প্রথম আলোকে বলেন, দুর্ঘটনা কমাতে ও জনসাধারণের জানমালের নিরাপত্তা দেওয়ার জন্য শিগগিরই রশিদপুর পয়েন্টে একটি গোলচত্বর স্থাপন করা হবে। পাশাপাশি এখানে ট্রাফিক পুলিশেরও ব্যবস্থা করা হবে।