সিলেট নগরে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেট সরকারি মহিলা কলেজের শিক্ষক খুনের দুই সপ্তাহের মধ্যে নগরে এক ব্যবসায়ী ও এক শিক্ষার্থী খুন হয়েছে। এ ছাড়া শহরে প্রায় প্রতিদিনই ছিনতাই ও ডাকাতির ঘটনা ঘটছে। এ অবস্থায় নগরবাসী মনে করছে, নগরে আইনশৃঙ্খলা পরিস্থিতির হঠাৎ বেশ অবনতি হয়েছে। তবে সিলেটের পুলিশ কমিশনার আফতাব আহমদ জানিয়েছেন, পরিস্থিতি বরং আগের তুলনায় ভালো।গত ২১ মার্চ সরকারি মহিলা কলেজের দর্শন বিভাগের সহযোগী অধ্যাপক হারুন-অর-রশিদ খুন হন। এরপর গত সোমবার উপশহর এলাকার ট্রান্সপোর্ট ব্যবসায়ী ইমতিয়াজ আহমদ এবং গত বুধবার বাদামবাগিচা এলাকায় হামলায় স্কুলছাত্র সহিদুল ইসলাম নিহত হয়েছে।এর পাশাপাশি নগরের বিভিন্ন এলাকায় ছিনতাই, চুরি ও ডাকাতির ঘটনা বেড়েছে। গত এক মাসে ২০ থেকে ২৫টি ডাকাতি ও ছিনতাইয়ের ঘটনা ঘটেছে বলে জানা গেছে। এ ছাড়া ছোটখাটো অপরাধের সংখ্যা অর্ধশতাধিক।নগরবাসী এবং ঘটনার শিকার লোকজনের সূত্রে জানা গেছে, গত ৩ মার্চ চৌহাট্টা এলাকায় চালককে ছুরিকাঘাত করে প্রাইভেট কার ছিনতাই, ১০ মার্চ সুবিদবাজার এলাকায় বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তানভীর রহমানের ওপর সন্ত্রাসী হামলা, ১৪ মার্চ বাগবাড়ী এলাকার বাসিন্দা সিদ্দিক রহমানের ছিনতাইয়ের শিকার হওয়া, ২০ মার্চ জিন্দাবাজার এলাকায় একটি ওষুধের দোকানে চুরি, ২৩ মার্চ জিন্দাবাজারে ব্যবসায়ী-ক্রেতা-পুলিশ সংঘর্ষ, ২৪ মার্চ মেজরটিলায় পথচারী এমদাদুর রহমানের দুই লাখ টাকা ও মুঠোফোন ছিনতাই, ২৬ মার্চ খাসদবির এলাকায় এক বাড়িতে ডাকাতি ও ১ এপ্রিল স্কলার্স হোম স্কুলের নবম শ্রেণীর শিক্ষার্থী ফারহানার মুঠোফোন ও গলার চেইন ছিনতাইসহ অর্ধশতাধিক অপরাধের ঘটনা ঘটেছে গত এক মাসে।ডাকাতি-ছিনতাই ও অপরাধের ঘটনা বেড়ে যাওয়ায় নগরবাসী উদ্বিগ্ন হয়ে পড়েছে; বিশেষ করে কলেজশিক্ষক খুনের ঘটনায় বিরূপ প্রভাব পড়েছে নগরবাসীর মধ্যে। আর এসব ঘটনার বেশির ভাগ ক্ষেত্রে পুলিশ অপরাধীদের ধরতে না পারায় নিরাপত্তা নিয়ে শঙ্কিত হয়ে পড়েছে মানুষ।তবে সিলেট কোতোয়ালি থানার তথ্য অনুযায়ী, গত মার্চ ও চলতি এপ্রিল মাসের প্রথম দিন পর্যন্ত থানায় তিনটি খুন, একটি ডাকাতি ও একটি ছিনতাইয়ের মামলা হয়েছে। এর মধ্যে খুনের মামলায় ১২ জন ও ছিনতাইয়ের অভিযোগে ১৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।নগরবাসী মনে করে: বাংলাদেশের কমিউনিস্ট পার্টির জেলা সভাপতি বেদানন্দ ভট্টাচার্য প্রথম আলোকে বলেন, পাশাপাশি সময়ে এমন খুন সিলেট নগরে আগে ঘটেনি। নগরের সাম্প্রতিক আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির পেছনে কোনো ষড়যন্ত্র থাকতে পারে। সিলেট চেম্বারের সাবেক পরিচালক ও মহানগর বিএনপির সাধারণ সম্পাদক নাসিম হোসাইন মনে করেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ঘটেছে। সিলেট জেলা আইনজীবী সমিতির সভাপতি এমাদউল্লাহ শহিদুল ইসলাম বলেন, সার্বিক ক্ষেত্রে মনে হচ্ছে, পুলিশ ব্যর্থ। কোনো কোনো সময় প্ররোচিত ঘটনা আইনশৃঙ্খলা পরিস্থিতিকে নাজুক করে তোলে।তবে জেলা আওয়ামী লীগের সভাপতি আ ন ম শফিকুল হক বলেন, ‘যুদ্ধাপরাধীদের বিচার-প্রক্রিয়া শুরুর সঙ্গে নগরের আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির বিষয়টি জড়িত থাকতে পারে। পরিস্থিতি ঘোলাটে করতে কোনো বিশেষ মহল তৎপর হতে পারে।’বিচ্ছিন্ন ঘটনা!: কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলী মনে করেন, নগরের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়নি। গতকাল শুক্রবার তিনি প্রথম আলোকে বলেন, ‘তিনটি খুন বিচ্ছিন্ন ঘটনা। এ থেকে বলা যায় না, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হচ্ছে বরং এখন পরিস্থিতি আগের যেকোনো সময়ের তুলনায় অনেক ভালো।’সিলেটের পুলিশ কমিশনার আফতাব আহমদও একই দাবি করে প্রথম আলোকে বলেন, ‘সার্বিকভাবে আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের তুলনায় ভালোই বলা যেতে পারে।’