সিলেট নগরের প্রধান প্রধান সড়কসহ ২৭টি ওয়ার্ডের প্রায় সব সড়কের অবস্থা ভয়াবহ আকার ধারণ করেছে। পিচ ও খোয়া উঠে যাওয়ায় এসব সড়ক দিয়ে যানচলাচল ও পথচারীদের চলাচল অসম্ভব হয়ে পড়েছে। প্রতিদিন ছোটখাটো দুর্ঘটনা লেগেই আছে।সিলেট সিটি করপোরেশন এবং সড়ক ও জনপথ বিভাগ থেকে এসব সড়ক কয়েক দফা জোড়াতালি দিয়ে সংস্কার করা হলেও কাজের কাজ কিছুই হয়নি। অল্প কয়েক দিনের মধ্যে পিচ-খোয়া উঠে গিয়ে আগের অবস্থায় দাঁড়িয়েছে। বর্ষা মৌসুমের আগে থেকেই নগরের সড়কগুলোর অবস্থা খারাপ হতে থাকে। সিটি কর্তৃপক্ষ ও সওজ থেকে সড়কগুলো যানবাহন চলাচলের উপযোগী করতে কয়েক দফা খোয়া-বালু দিয়ে জোড়াতালির সংস্কার করা হয়। কিন্তু দুর্নীতির ফলে এসব কাজের মান খারাপ হয়েছে বলে অভিযোগ উঠেছে। বর্ষার সময় অল্প কিছুদিনের মধ্যেই খোয়া-বালু উঠে গিয়ে আগের অবস্থায় দাঁড়ায়। এভাবে সড়ক সংস্কারের নামে কর্তৃপক্ষ অনুপযোগী সড়কগুলো জোড়াতালি দিয়ে যেনতেনভাবে উপযোগী করার চেষ্টা চালায়।সরেজমিন ঘুরে দেখা যায়, নগরের গুরুত্বপূর্ণ সড়ক মেডিকেল রোড, জেল রোড, মিরাবাজার, উপশহর, আম্বরখানা, পাঠানটোলা, বাগবাড়ি, ধোপাদিঘীরপার, চালিবন্দর, তালতলা, মির্জাজাঙ্গাল, জল্লারপার, বারুতখানা, বন্দরবাজার, কাজিরবাজার ও যতরপুর এলাকার সড়কগুলো দীর্ঘদিন ধরে যানবাহন চলাচলের অনুপযোগী হয়ে আছে। সবকটি সড়কের অবস্থা শোচনীয়। সড়কের বেশির ভাগ অংশে ইট-পাথর উঠে গিয়ে গর্তের সৃষ্টি হয়েছে। এর মধ্যে চার থেকে পাঁচটি গুরুত্বপূর্ণ সড়ক মাঝেমধ্যে সিটি ও সওজ কর্তৃপক্ষ জোড়াতালি দিয়ে সংস্কারের মাধ্যমে যানচলাচলের উপযোগী করে তোলার চেষ্টা করে। কিন্তু তা বেশি দিন টেকসই হচ্ছে না।ব্যাংক কর্মকর্তা আতাহার আলী জানান, নগরের আম্বরখানা থেকে সুবিদবাজার সড়কের অবস্থা এতই খারাপ যে রিকশাচালকেরা এ সড়ক দিয়ে যেতে চান না। আর গেলেও ভাড়া দ্বিগুণ থেকে তিনগুণ চেয়ে বসেন। শিবগঞ্জ এলাকার ব্যবসায়ী মোহাম্মদ হোসাইন বলেন, ‘ব্যবসার প্রয়োজনে শিবগঞ্জ থেকে নগরের জিন্দাবাজার এলাকায় আমাকে প্রতিদিন আসতে হয়। কিন্তু জেলরোড এলাকায় এসে বড় ভোগান্তিতে পড়তে হয়। দীর্ঘদিন ধরে ওই সড়কটি ভাঙাচোরা অবস্থায় পড়ে আছে। যানবাহন নিয়ে তো দূরের কথা, হাঁটাই দায় হয়ে দাঁড়িয়েছে।’ রিকশাচালক আখতার মিয়া বলেন, ‘এসব রাস্তা দিয়া গেলে একটাই সমস্যা, রিং বেইক্যা যায়, এই যে দেহেন, চেইন পইড়া গেছে।’ উপশহর এলাকার বাসিন্দা নিহাররঞ্জন সরকার বলেন, ‘উপশহর এলাকাটি নগরের অভিজাত এলাকা হিসেবে স্বীকৃত। এ এলাকায় বেশিসংখ্যক প্রবাসী ও উচ্চপর্যায়ের সরকারি-বেসরকারি কর্মকর্তারা বসবাস করেন। অথচ এলাকার রাস্তাঘাট দেখলে মনে হয়, এটি কোনো অজপাড়াগাঁ।’ রিকশার যাত্রী তাহমিনা আক্তার বলেন, ‘রাস্তায় ঝাঁকুনিতে পেটের সব বেরিয়ে আসতে চায়। কোথাও কোথাও গর্ত এত গভীর যানবাহন আটকে যায়।’ অটোরিকশাচালক আনহার মিয়া ক্ষোভ প্রকাশ করে জানান, রিকশা, সিএনজিচালিত অটোরিকশা, ব্যক্তিগত গাড়ি কিংবা অ্যাম্বুলেন্স কোনোটিই নগরের গুরুত্বপূর্ণ রাস্তা দিয়ে স্বাভাবিকভাবে চলাচল করতে পারে না। যাতায়াত করতে পারলেও দুরবস্থা ও কষ্টের শেষ থাকে না। এ ব্যাপারে নাগরিক মৈত্রী সিলেটের আহ্বায়ক সমর বিজয় বলেন, বারবার সিলেট সিটি করপোরেশন কর্তৃপক্ষকে জানানো হলেও সড়কগুলোর উন্নয়ন করা হয়নি। জোড়াতালি দিয়ে কিছু সড়ক মাঝেমধ্যে সংস্কার করা হয়েছে, কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। সুষ্ঠু পরিকল্পনা ছাড়াই সড়কগুলো নির্মাণ ও সংস্কার করায় এসব কাজে ব্যাপক দুর্নীতি হয়েছে। এর কারণে দু-এক মাসের মধ্যেই সড়কগুলোর বেহলা দশা। আমি মনে করি, সঠিকভাবে নির্মাণ ও রক্ষণাবেক্ষণ করলে রাস্তাগুলোর এমন দশা হওয়ার কথা নয়। তবে প্রধান সড়কগুলোর ক্ষেত্রে কিছুটা দায়িত্ব পালন করা হলেও অলিগলির ক্ষেত্রে সেটা করা হচ্ছে না। তাই নগরের অলিগলি রাস্তাগুলোর অবস্থাও অনেকটা বিধ্বস্ত।সিলেট সিটি করপোরেশনের ভারপ্রাপ্ত প্রধান প্রকৌশলী নূর আজিজুর রহমান নগরের ভাঙাচোরা রাস্তাঘাটের অবস্থা স্বীকার করে বলেন, নগরের অধিকাংশ সড়কের অবস্থা খুবই খারাপ। সিটি কর্তৃপক্ষ সড়কগুলো সংস্কারের ব্যাপারে খুবই আন্তরিক। জনদুর্ভোগের বিষয়টি বিবেচনায় এনে অচিরেই সবগুলো সড়ক সংস্কারে উদ্যোগ নেওয়া হবে। আর সড়ক সংস্কারে যাতে কোনো ধরনের অনিয়ম-দুর্নীতি না হয় তার দিকেও নজরদারি রাখা হবে। এ ছাড়া নগরের ভেতরে সওজের অধীনে যে কয়েকটি গুরুত্বপূর্ণ সড়ক রয়েছে সেগুলো সংস্কারের জন্য কর্তৃপক্ষকে চিঠি দিয়ে জানিয়ে দেওয়া হয়েছে।সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী শাহ মো. মুসা প্রথম আলোকে বলেন, ‘ইতিমধ্যে সিলেট-সুনামগঞ্জ সড়ক, নাইওরপুল থেকে লালাবাজার সড়ক, ফেঞ্চুগঞ্জ সড়ক ও ঢাকা দক্ষিণ-ভাদেশ্বর সড়ক নির্মাণের জন্য প্রায় ১৬ কোটি টাকা ব্যায়ে একটি উন্নয়ন প্রকল্প হাতে নেওয়া হয়েছে। এ সড়কগুলোর ভেতরে নগরের বিভিন্ন সড়কের অংশ থাকায় নির্মাণকাজ শেষ হওয়ার পর নগরের রাস্তাঘাটের বেশ উন্নতি হবে বলে আমরা মনে করছি। তবে রক্ষণাবেক্ষণ খাতে কোনো বরাদ্দ না থাকায় তাৎক্ষণিকভাবে আমরা নগরের গুরুত্বপূর্ণ সড়কগুলো সংস্কার করতে পারছি না। তাই রক্ষণাবেক্ষণ খাতে বরাদ্দ না পাওয়া গেলে তাৎক্ষণিক সংস্কার করা সম্ভব নয়।’অর্থমন্ত্রীর আশ্বাস: অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত ২ সেপ্টেম্বর সকালে নগরের ধোপাদিঘীরপার এলাকায় নিজের বাসভবনে সিলেট সড়ক ও জনপথ বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে এক মতবিনিময় সভা করেন। এ সময় তিনি সিলেট নগরের সড়কগুলোর সংস্কার প্রসঙ্গে বলেন, ‘সিলেট নগরকে একটি সুন্দর, আধুনিক যানজটমুক্ত নগর হিসেবে গড়ে তুলতে হবে। ইতিমধ্যে নগরের উন্নয়নে রাস্তা সম্প্রসারণ, ফ্লাইওভার নির্মাণসহ ৩৩৫ কোটি টাকার কয়েকটি প্রকল্প হাতে নেওয়া হচ্ছে। এগুলোর কাজ দ্রুত শেষ করে জনদুর্ভোগ লাঘব করা হবে।’তিনি আরও বলেন, ‘যানজটমুক্ত আধুনিক সিলেট নগর গড়া ও ক্রমাগত জনসংখ্যা বৃদ্ধির ফলে নগরের রাস্তাগুলোতে অতিরিক্ত চাপ নিয়ন্ত্রণের বিষয় মাথায় রেখে সড়ক উন্নয়নে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হবে। পুরোনো বিভিন্ন সড়ক সংস্কার, প্রশস্তকরণ, ফ্লাইওভার নির্মাণ, নগর ও নগরের বাইরে নতুন বাইপাস সড়ক নির্মাণের ওপর গুরুত্বারোপ করতে হবে।’