সিলেট বিবেক-এর প্রতিষ্ঠাবার্ষিকী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেট বিবেক—মানব সেবার নিবেদিত একটি সংগঠন। সেবা, দেশপ্রেম, শৃঙ্খলা, সততা, নিয়মানুবর্তিতা ও সময়ানুবর্তিতা—এ ছয়টি আদর্শ হিসেবে ধরে মানব সেবার লক্ষ্যে প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে। সেবাধর্মী অনন্য এ সংগঠনটি ১ এপ্রিল সিলেট অডিটরিয়ামে নানা কর্মসূচির মধ্য দিয়ে আনন্দ-উচ্ছ্বাসে পালন করে প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী। এ উপলক্ষে বিকেলে নগরে বের করা হয় বর্ণাঢ্য শোভাযাত্রা। সন্ধ্যা ছয়টায় সংগঠনের সভাপতি ব্যাংক কর্মকর্তা নীরেশ চন্দ্র দাশের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট সিটি করপোরেশনের মেয়র বদরউদ্দিন আহমদ কামরান। সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য দেন সিলেট রামকৃষ্ণ মিশন ও আশ্রমের অধ্যক্ষ শ্রীমত্ স্বামী চন্দ্রনাথানন্দজী মহারাজ, চট্টগ্রামের সমাজসেবী পূর্ণেন্দু বিকাশ চৌধুরী ও সিলেট জেলা আইনজীবী সমিতির সভাপতি ই ইউ শহীদুল ইসলাম। অন্যদের মধ্যে বক্তব্য দেন সংগঠনের প্রধান সমন্বয়কারী বিরাজ মাধব চক্রবর্তী, শিক্ষাবিদ বিজিত কুমার দে, অধ্যাপক পরিমল কান্তি দে, চট্টগ্রামের সমাজসেবী তাপস হোড় ও মিহির কানুনগো। স্বাগত বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক জ্যোতির্ময় সিংহ মজুমদার। আলোচনা সভা শেষে সমাজ ও রাষ্ট্রের উন্নয়ন বিকাশে অবদান রাখার জন্য পাঁচজনকে সংবর্ধনা দেওয়া হয়। তাঁরা হচ্ছেন—জহির আলম (সাদা মনের মানুষ), সীতেশ রঞ্জন দেব (পরিবেশ কর্মী), হেমচন্দ্র ভট্টাচার্য (নাট্য ব্যক্তিত্ব), মো. আবদুল গফুর (যুদ্ধাহত মুক্তিযোদ্ধা) ও বিজয় প্রসাদ ঘোষ (যুদ্ধাহত মুক্তিযোদ্ধা)। পরে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নগরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্যে আয়োজিত বক্তৃতা ও জ্ঞান-জিজ্ঞাসা প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরষ্কার তুলে দেওয়া হয়। অনুষ্ঠানের শেষ পর্বে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন ঢাকা ও সিলেটের শিল্পীরা। নৃত্য ও গানে দর্শক-শ্রোতারা মুগ্ধ হয়ে বাড়ি ফেলেন। সংগীত পরিবেশন করেন ঢাকার শিল্পী শারমিন সাথী ইসলাম, হিমাদ্রী শেখর তালুকদার, স্বাতী সরকার ও অভয়া দত্ত। নীলাঞ্জনা দাশের পরিচালনায় ‘নৃত্যশৈলী’র শিল্পীরা নৃত্য এবং রানা কুমার সিংহের পরিচালনায় ‘আনন্দলোক’-এর শিল্পীরা সংগীত পরিবেশন করেন। পুরো অনুষ্ঠানটি সঞ্চালন করেন সমাজকর্মী বিজয় কৃষ্ণ বিশ্বাস ও শাশ্বতী পাল।