সিলেট বিভাগে সিএনজি ও পেট্রলপাম্পে ধর্মঘট
সিএনজি স্টেশনে হামলার ঘটনায় আসামিদের গ্রেপ্তারের দাবিতে সিলেট বিভাগের চার জেলায় মঙ্গলবার ভোর থেকে সিএনজি ও পেট্রলপাম্পে ধর্মঘট শুরু হয়েছে। সিএনজি ফিলিং স্টেশন কনভারশন ওয়ার্কশপ ওনার্স অ্যাসোসিয়েশন অনির্দিষ্টকালের এ ধর্মঘটের ডাক দেয়।সংগঠন সূত্র জানায়, চাঁদার দাবিতে ৫ সেপ্টেম্বর রাতে নগরের শিবগঞ্জে সুরমা সিএনজি স্টেশনে হামলার ঘটনা ঘটে। ছাত্রলীগের নেতা-কর্মী পরিচয়ে এ হামলার ঘটনায় মামলা হলেও পুলিশ আসামি গ্রেপ্তার করতে পারেনি। ৮ সেপ্টেম্বর অ্যাসোসিয়েশন সংবাদ সম্মেলন করে আসামিদের গ্রেপ্তারে ৪৮ ঘণ্টা সময় বেঁধে দেয়। এ সময়ের মধ্যে আসামি গ্রেপ্তার না হওয়ায় সংগঠনের পূর্বঘোষণা অনুযায়ী ধর্মঘট শুরু হয়।নগরের প্রায় অর্ধশতাধিকসহ সিলেট বিভাগের চার জেলা—সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ ও সুনামগঞ্জের সব কটি সিএনজি ও পেট্রলপাম্প বন্ধ থাকায় গাড়িগুলো পাম্প এলাকায় অবস্থান করছে। ধর্মঘট অব্যাহত থাকলে কাল থেকে গাড়ি চলাচলও কমে যাওয়ার আশঙ্কা করছেন চালকেরা।অ্যাসোসিয়েশনের সিলেট বিভাগীয় সভাপতি জুবায়ের আহমদ চৌধুরী ধর্মঘট অব্যাহত থাকবে জানিয়ে দুপুরে প্রথম আলো অনলাইনকে বলেন, ‘আমাদের দাবি চাঁদাবাজদের গ্রেপ্তার করা। এ নিয়ে কেউ আলাপ-আলোচনায় আসেনি। তাই পূর্বঘোষণা অনুযায়ী অনির্দিষ্টকালের ধর্মঘট চলবে।’ প্রসঙ্গত, ৫ সেপ্টেম্বরের ওই হামলার ঘটনায় প্রায় ৫০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে দাবি করে ফিলিং স্টেশন কর্তৃপক্ষ সিলেট মহানগর পুলিশের শাহপরান থানায় মামলা করেন। মামলায় ছাত্রলীগের সেলিম চৌধুরীর নেতৃত্বে সশস্ত্র ক্যাডাররা ভাঙচুর করেছেন অভিযোগ করে তাঁদের আসামি করা হয়।