সিলেট বিভাগে শান্তিপূর্ণভাবে হরতাল চলছে
সাবেক সাংসদ ইলিয়াস আলীর নিখোঁজ হওয়ার ঘটনার প্রতিবাদে সিলেট বিভাগের চারটি জেলায় আজ বৃহস্পতিবার সকাল ছয়টা থেকে শুরু হওয়া হরতাল শান্তিপূর্ণভাবে চলছে। শেষ হবে সন্ধ্যা ছয়টায়। গত মঙ্গলবার মধ্যরাতে কে বা কারা রাজধানীর বনানীর রাস্তা থেকে এম ইলিয়াস আলী ও তাঁর গাড়িচালক মো. আনসারকে তুলে নিয়ে যায়। রাত একটার দিকে বনানীর ২ নম্বর সড়ক থেকে তাঁর গাড়িটি উদ্ধার করে পুলিশ। আমাদের সিলেট প্রতিনিধি জানান, সকাল থেকে শহরের বিভিন্ন বাসস্ট্যান্ড ও গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বিএনপির নেতা-কর্মীরা অবস্থান নিয়েছেন। জেলা বিএনপির জ্যেষ্ঠ সহসভাপতি দিলদার হোসেন এবং মহানগর বিএনপির সভাপতি এম এ হকের নেতৃত্বে বিভিন্ন ওয়ার্ড থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে নেতা-কর্মীরা নগরের বন্দর বাজারে সমবেত হয়েছেন। প্রায় সব দোকানপাট এবং যান চলাচল বন্ধ রয়েছে।মৌলভীবাজার প্রতিনিধি জানান, সকালে শহরের কোথাও পিকেটিংয়ের খবর পাওয়া যায়নি। হরতালের কারণে মৌলভীবাজার-কুলাউড়া সড়কের চাঁদনীঘাট বাসস্ট্যান্ড, মৌলভীবাজার-শমশেরনগর সড়কের শমশেরনগর বাসস্ট্যান্ড, মৌলভীবাজার-শ্রীমঙ্গল ও মৌলভীবাজার-শেরপুর সড়কের ঢাকা বাসস্ট্যান্ড ও কুসুমবাগ এলাকার বাসস্ট্যান্ডগুলো থেকে অভ্যন্তরীণ ও দূরপাল্লার কোনো বাস ছেড়ে যায়নি। তবে শহরে বিক্ষিপ্তভাবে রিকশা, সিএনজিচালিত অটোরিকশা ও টমটম চলাচল করছে। শহর ও শহরতলির গুরুত্বপূর্ণ স্থানগুলোতে পুলিশ মোতায়েন করা হয়েছে। হবিগঞ্জ প্রতিনিধি জানান, শহরের বিভিন্ন স্থানে বিচ্ছিন্নভাবে পিকেটারদের অবস্থান নিতে দেখা গেছে। বেলা ১১টার দিকে শহরের শায়েস্তানগর এলাকায় পুলিশ জুবায়ের নামে ছাত্রদলের এক কর্মীকে আটক করলে বিএনপি নেতা-কর্মীরা তাঁকে ছিনিয়ে নেন। এদিকে, ঢাকা-সিলেট মহাসড়কে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ রয়েছে। তবে শায়েস্তাগঞ্জ রেলজংশনের স্টেশন মাস্টার শহীদুল ইসলাম জানান, ঢাকা-সিলেট রেললাইনে সব ধরনের ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে। শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানিয়েছেন, এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। সুনামগঞ্জ প্রতিনিধি জানান, বেলা ১১টার দিকে বিএনপির দুই পক্ষ শহরের কেন্দ্রস্থল ট্রাফিক পয়েন্টে সমাবেশ করে। এক পক্ষের সমাবেশে বক্তব্য দেন জেলা বিএনপির সভাপতি ফজুলল হক, আবুল মনসুর শওকত, আকবর আলী, নুরুল ইসলাম প্রমুখ। অপর পক্ষের সমাবেশে বক্তব্য দেন জেলা কমিটির সাধারণ সম্পাদক কলিমউদ্দিন মিলন, উপজেলা পরিষদ চেয়ারম্যান ফারুক আহমদ প্রমুখ। এদিকে, হরতালে অফিস আদালত খোলা থাকলেও লোকজনের উপস্থিতি একবারেই কম। সাবেক সাংসদ কলিমউদ্দিন মিলন জানান, জেলার সব উপজেলাতেই শান্তিপূর্ণভাবে হরতাল পালিত হচ্ছে। জেলা বিএনপি কাল জেলার সব মসজিদে বিশেষ দোয়া, শনিবারে সকাল ১১টা থেকে বিকাল চারটা পর্যন্ত স্থানীয় শহীদ মিনারে অনশন, পরে রোববারের হরতালের সমর্থনে বিক্ষোভ মিছিল কর্মসূচি গ্রহণ করেছে।ইলিয়াস আলী নিখোঁজ হওয়ার প্রতিবাদে এই চার জেলাসহ দেশের বিভিন্ন স্থানে গতকাল বুধবার বিক্ষোভ, সড়ক অবরোধ ও সংঘর্ষের ঘটনা ঘটে। এরপরই সন্ধ্যায় বিএনপি আগামী রোববার সারা দেশে সকাল সন্ধ্যা হরতাল ঘোষণা করে। এদিকে আজকের হরতালের কারণে সিলেট শিক্ষা বোর্ডের এইচএসসি পরীক্ষা স্থগিত করা হয়েছে। এ ছাড়া কারিগরি বোর্ডের অধীনে সারা দেশের সমমানের পরীক্ষাও স্থগিত করা হয়েছে।