সিলেট-বিয়ানীবাজার আঞ্চলিক মহাসড়কের সাত সেতু ঝুঁকিপূর্ণ
ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে বিয়ানীবাজার উপজেলার সিলেট-বারইগ্রাম সড়কের মোট সাতটি সেতু। ব্রিটিশ ও পাকিস্তান আমলে তৈরি এসব সেতু অত্যন্ত সরু হওয়ায় সৃষ্টি হয় যানজট, ঘটে দুর্ঘটনা।সরেজমিনে গিয়ে দেখা যায়, বিয়ানীবাজারের শেওলা সেতুর পর থেকে বারইগ্রাম সেতুর পূর্ব পর্যন্ত ব্রিটিশ ও পাকিস্তান আমলের তৈরি এসব সেতুর সবগুলোই অত্যন্ত সরু। একদিকে একটি গাড়ি উঠলে অন্যদিকের গাড়ি থেমে সৃষ্টি হয় যানজট। তা ছাড়া প্রতিটি সেতুর রেলিং ভেঙে যাওয়ায় ঝুঁকির পরিমাণ বৃদ্ধি পেয়েছে। কয়েকটি সেতুর ভাঙা রেলিং মেরামত করা হয়েছে বাঁশ দিয়ে। প্রতিবছরই ঝুঁকিপূর্ণ এসব সেতু পারাপারের সময় দুর্ঘটনা ঘটে থাকে বলে জানান এলাকাবাসী।ঝুঁকিপূর্ণ এসব সেতুর বিষয়ে সওজ সিলেটের উপবিভাগীয় প্রকৌশলী শেখ মো. শাহেদুল জানান, পুরোনো মোট সাতটি ঝুঁকিপূর্ণ সেতু পুনর্নির্মাণ ও চারখাই থেকে বারইগ্রাম পর্যন্ত রাস্তা প্রশস্তকরণসহ পৌর শহরের ৩ দশমিক ৩ কিলোমিটার রোড ডিভাইডার স্থাপনের জন্য একটি প্রকল্প গ্রহণ করে ডিপিপি একনেকে পাঠানো হয়েছে। একনেকে পাস হলেই কাজ শুরু হবে।