সিলেট বোর্ড আবারও সেরা
মাধ্যমিকের পর উচ্চমাধ্যমিক (এইচএসসি) পরীক্ষায়ও এবার দেশসেরা ফল করেছে সিলেট শিক্ষা বোর্ড। দেশের আটটি সাধারণ শিক্ষা বোর্ডের মধ্যে সিলেটে সর্বোচ্চ ৮৫ দশমিক ৩৭ শতাংশ শিক্ষার্থী পাস করেছে। গত বছর এই হার ছিল ৭৫ দশমিক ৬৮ শতাংশ। এর আগে ২০১০ সালেও এইচএসসিতে বোর্ড সেরা হয়েছিল সিলেট শিক্ষা বোর্ড।এবার জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যাও বেড়েছে। গতবার মাত্র ৮৮৭ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেলেও এবার পেয়েছে দুই হাজার ৬৫ জন। শতভাগ পাস করা কলেজের সংখ্যা চারটি থেকে বেড়ে এবার ১২টি হয়েছে। শূন্য পাসের হার কোনো কলেজে নেই।গতকাল বুধবার ফলাফল ঘোষণার আনুষ্ঠানিকতা শেষে সিলেট শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মো. মনিরউদ্দিন প্রথম আলোকে বলেন, ‘এ ফলাফল একটি মাইলফলক। আমাদের চেষ্টা থাকবে এ ধারা অব্যাহত রাখার।’এ বছরের এসএসসি পরীক্ষায় সিলেট শিক্ষা বোর্ডে সর্বোচ্চ ৯১ দশমিক ৭৮ শতাংশ শিক্ষার্থী পাস করেছে। ২০১০ সালের এইচএসসি পরীক্ষায় সর্বোচ্চ ৭৬ দশমিক ১২ শতাংশ পাস করলে দেশসেরা হয় সিলেট। সিলেট শিক্ষা বোর্ড সূত্র জানায়, এবার এইচএসসি পরীক্ষায় অংশ নিয়েছিল ৩৭ হাজার ৩৭২ জন শিক্ষার্থী। পাস করেছে ৩১ হাজার ৯০৩ জন।সিলেট শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক এ কে এম গোলাম কিবরিয়া তাপাদার বলেন, ‘পাঠদানে নজরদারি বাড়ানো, শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগী হওয়া এবং শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের সচেতন করতে শিক্ষামন্ত্রীর বিশেষ উদ্যোগের ফলেই এ ফল হয়েছে।’বেড়ে চলেছে জিপিএ-৫: ২০০৮ সালের এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছিল ৪২৫ জন শিক্ষার্থী। ২০০৯ সালে তা হয় ৪৩৯ জন, ২০১০ সালে ৫৯৭ এবং ২০১১ সালে ৮৮৭ জন। এ বছর পেয়েছে দুই হাজার ৬৫ জন। এ ব্যাপারে সিলেট শিক্ষা বোর্ডের সাবেক চেয়ারম্যান মো. আবদুল আজিজ বলেন, ‘এটা একটি ভালো লক্ষণ। আমরা আগে পিছিয়ে ছিলাম, এখন এগিয়ে যাচ্ছি। তবে গুণগত মান কতটুকু বাড়ছে, তা উত্তীর্ণ শিক্ষার্থীদের উচ্চশিক্ষা গ্রহণকালে বোঝা যাবে।’এবার প্রথমবার পরীক্ষায় অংশ নিয়েই সিলেট স্টেট কলেজের শতভাগ শিক্ষার্থী পাস করেছে। ওই কলেজের অধ্যক্ষ জোতির্ময় দাশ গুপ্ত বলেন, ‘শিক্ষা বোর্ডের নির্দেশনা অনুযায়ী শিক্ষাপ্রতিষ্ঠানগুলো পরিচালিত হওয়ায় সামগ্রিকভাবে শিক্ষার গুণগত মান বেড়েছে। এ জন্য শতভাগ পাস কলেজের সংখ্যাও বেড়েছে।’তালিকায় নতুন কলেজ: বোর্ডের সেরা ২০ তালিকায় পাঁচটি কলেজ নতুন করে উঠে এসেছে। প্রতিষ্ঠানগুলো হলো: সিলেট সদরের স্কলার্স হোম গার্লস কলেজ, মৌলভীবাজারের বড়লেখার তৈয়বুননেছা খানম একাডেমি কলেজ, কমলগঞ্জের সুজা মেমোরিয়াল কলেজ, হবিগঞ্জের বানিয়াচংয়ের শচীন্দ্র কলেজ ও সুনামগঞ্জের দিরাই কলেজ।