সিলেট বোর্ডে ‘দ্বিগুণ’ আনন্দ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হালিমা খানম ও রোকসানা বেগম। তাঁরা দুই সহপাঠী। এসএসসিতে জিপিএ-৫ পেয়ে ভর্তি হয়েছিলেন সিলেট সরকারি মহিলা কলেজে। ফলাফল মূল্যায়নে সিলেট শিক্ষা বোর্ডের সেরা ২০ কলেজের মধ্যে মহিলা কলেজ তৃতীয় হওয়ায় ব্যক্তিগত সাফল্যের সঙ্গে প্রতিষ্ঠানের সাফল্য দুজনকে বেশি আনন্দিত করেছে। আনন্দ-প্রতিক্রিয়া ব্যক্ত করতে হালিমা-রোকসানার একই ভাষ্য—‘নিজের কৃতিত্বপূর্ণ ফলাফলের সঙ্গে প্রতিষ্ঠানের সাফল্য যুক্ত হওয়ায় আমরা দ্বিগুণ আনন্দে আনন্দিত।’ সিলেট শিক্ষা বোর্ডে এবার চার জেলার ১৩০ কলেজ থেকে ১৯ হাজার ৮২০ জন এইচএসসি পরীক্ষা দিয়ে পাস করেছেন ১৫ হাজার ৮৭ জন। ২০০৬ সাল থেকে জিপিএভিত্তিক ফলাফল প্রবর্তনের পর সিলেট শিক্ষা বোর্ডে এবারই প্রথম সর্বোচ্চ পাসের হার—৭৬ দশমিক ১২ ভাগ। জিপিএ-৫ পাওয়ার সংখ্যা বিগত চার বছরের সংখ্যাকেও ছাড়িয়ে ৫৯৭ জনে গিয়ে দাঁড়িয়েছে। এই দাঁড়িয়ে যাওয়ার মধ্যে সিলেটের শিক্ষানুরাগী, শিক্ষাবিদের মতে, শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর শ্রম-সার্থক ফসল এখন আকাশ ভরা সূর্য-তারা। শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মো. মনিরউদ্দিন এইচএসসির ফলাফল ঘোষণার প্রতিক্রিয়ায় সারা দেশের মধ্যে সিলেট সবার ওপরে থাকায় এবারের ফলাফলকে মাইলফলক উল্লেখ করে ‘দ্বিগুণ’ কথার পুনর্ব্যক্ত করেন। এ ক্ষেত্রে তাঁর ব্যাখ্যা কাঙ্ক্ষিত ফলাফলের সঙ্গে এবার পাসের হারে সবার ওপরে থাকা বোর্ড কর্তৃপক্ষেরও দ্বিগুণ আনন্দ। আর এতে সিলেটের জন্য যুক্ত হয়েছিল আরেক নতুন পদক্ষেপ—ভিডিও কনফারেন্সে এইচএসসির ফলাফল নিয়ে সরাসরি প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রীর সাক্ষাতে তাঁদের কথা শোনা।প্রধানমন্ত্রীর দপ্তরে ফল ঘোষণার আনুষ্ঠানিকতা সরকারি মহিলা কলেজ মিলনায়তনে শিক্ষার্থীরা আগ্রহ ভরে উপভোগ করেন। শিক্ষার্থী ইন্দ্রানী ঘটক বলেন, ‘এবারই প্রথম দেশে এ রকম পদক্ষেপ নেওয়ায় আগ্রহভরে উপভোগ করেছি। এতে আমরা আরও উৎসাহিত হলাম।’ ভালো হওয়ার মূলে: বোর্ড কর্তৃপক্ষ আর শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানদের দায়িত্বশীলতার পাশাপাশি ভালো ফলাফল হওয়ার আলাদা কারণও রয়েছে। শিক্ষা বোর্ড এবার একটি কারণকে বড় করে দেখছে। সেটি হচ্ছে পরীক্ষায় নকলের প্রবণতা একেবারে কমে যাওয়া। বোর্ডের পরিসংখ্যান অনুযায়ী, ২০০৬ থেকে ২০০৯ পর্যন্ত চারটি পরীক্ষায় মোট ৯০ জন পরীক্ষার্থী নকলের দায়ে বহিষ্কার হয়েছিলেন, সেই সংখ্যা কমে ২০১০ সালের এইচএসসি পরীক্ষায় ছিল মাত্র চার। পরীক্ষাকেন্দ্র পরিদর্শনের অভিজ্ঞতায় শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক মো. হাফিজুর রহমান পীর বলেন, ‘নকল কমায় শিক্ষার্থীরা মনোযোগী হয়েছে। শিক্ষার্থীদের মনোযোগ দেখে শিক্ষকেরা উৎসাহিত হয়েছেন।’বোর্ডের সদিচ্ছা থাকলে শিক্ষক-শিক্ষার্থীর মনোযোগ বাড়ে ছাড়া কমে না—প্রায় ৩৫ বছর শিক্ষকতা করার অভিজ্ঞতা থেকে এ মত ব্যক্ত করেন সিলেটের বিশ্বনাথ উপজেলার প্রত্যন্ত এলাকার রামসুন্দর অগ্রগামী উচ্চবিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক তজম্মুল আলী। আর ফেঞ্চুগঞ্জের আরেক প্রবীণ শিক্ষক রশীদ আহমদ মনে করেন, দেশসেরা ফলাফল করলেও সারা দেশে শিক্ষামন্ত্রীর ঐকান্তিক প্রচেষ্টায় আগের চিত্র ইতিবাচক বদল ঘটছে। ধরে রাখতে হলে...: ২০০৬ সাল। ১৮ হাজার ৬৬৭ জন পরীক্ষা দিয়ে পাস করেছিলেন ১২ হাজার ২১৮ জন। পাসের হার ছিল ৬৫ দশমিক ৪৫ ভাগ। জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা ছিল ১৫৪। এরপর ২০১০ সাল। এ পাঁচ বছরে পাসের হার এবং জিপিএ-৫ পাওয়া—দুটোই বেড়েছে। শিক্ষার মান উন্নয়নের এই ক্রমিক উন্নতি ধরে রাখতে হলে ওপর থেকে নিচ পর্যন্ত আরও দায়িত্বশীল হওয়ার পরামর্শ শিক্ষাবিদদের। অধ্যাপক আবদুল আজিজ মনে করেন, এ ফলাফল ইদানীংকার। তাই ভবিষ্যৎ আরও কঠিন। শিক্ষার্থীদের মান বৃদ্ধির দিকে নজর রাখলে কঠিন সহজ হয়ে যাবে।সিলেট মেট্রোপলিটন ইউনিভার্সিটির ইংরেজি বিভাগের প্রধান সুরেশরঞ্জন বসাক মনে করেন, শিক্ষার্থীদের বিষয়ভিত্তিক ফল ভালো করায় মান বাড়ছে। একটা সময় ছিল যে শুধু ইংরেজির জন্য পাসের হার নেমে পড়ত। বিষয়ভিত্তিক পড়াশোনার মানোন্নয়ন ঘটাতে কাঙ্ক্ষিত ফলাফল ধরে রাখা সম্ভব বলে তিনি মত প্রকাশ করেন। ক্রিয়া-প্রতিক্রিয়া: সিলেট শিক্ষা বোর্ডের মেধাভিত্তিক সেরা ২০ কলেজের তালিকা তৈরির পদ্ধতিগত পরিবর্তন হয়েছে গত এসএসসি পরীক্ষার ফলাফল ঘোষণা থেকে। এইচএসসিতে এবারই প্রথম শিক্ষার্থীর সংখ্যা নয়, মেধার ভিত্তিতে তালিকা তৈরি এবং তা প্রকাশ করা। এই নিয়ে ক্রিয়া-প্রতিক্রিয়া শিক্ষাপ্রতিষ্ঠানপ্রধানদের মধ্যে বেশি। সেরা ২০ কলেজের তালিকার সর্বশীর্ষে থাকা সিলেট ক্যাডেট কলেজ ৩৮টি জিপিএ-৫ পেয়েছে। আর তালিকার চতুর্থ স্থানে থাকা সিলেট এমসি কলেজ জিপিএ-৫ পেয়েছে ১৩৮টি। জালালাবাদ পাবলিক স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ লে. কর্নেল মো. আলমগীর হোসেন আবেগে-ক্ষোভে বলেন, ‘বোর্ডের সেরা কলেজ মূল্যায়ন যথাযথ নয়, বেশিসংখ্যক শিক্ষার্থী ভালো ফল করেও বোর্ডের মূল্যায়নে পিছিয়ে থাকছে। আমরা ১১৯টি জিপিএ-৫ পেয়েছি, তাই মনে করি সেরা ফলাফল করেছি। কিন্তু মূল্যায়ন হয়েছে উল্টো।’ তবে মূল্যায়নে পদ্ধতিগত পরিবর্তনে তালিকায় উঠে আসছে বিভাগীয় শহরের বাইরের কলেজগুলো। এবার বিভাগীয় শহর সিলেটের আটটি, বাইরে বিয়ানীবাজার ও গোলাপগঞ্জে দুটি, সুনামগঞ্জ ও দোয়ারাবাজারে দুটি, মৌলভীবাজার ও শ্রীমঙ্গলে চারটি এবং হবিগঞ্জ, নবীগঞ্জ, বানিয়াচংয়ে চারটি কলেজ নতুন করে উঠে এসেছে। এর মধ্যে হবিগঞ্জের বানিয়াচং, নবীগঞ্জ, সুনামগঞ্জের দোয়ারাবাজার, সিলেটের বিয়ানীবাজার ও গোলাপগঞ্জের কলেজ মেধা তালিকায় স্থান পাওয়া এবারই প্রথম। সিলেট বিভাগের চার জেলায় ফলাফল শূন্য কোনো কলেজ এবার না থাকলেও বোর্ডের ফলাফল পরিসংখ্যানে কিছু ভুলের ছাড়াছড়িতে ফলাফল শূন্য চারটি কলেজ রয়েছে বলে উল্লেখ করা হয়। দৃষ্টি আকর্ষণ করলে অবশ্য পরীক্ষা নিয়ন্ত্রক বিষয়টি ছাপাজনিত ভুল বলে স্বীকার করেন।