সিলেট মহানগর জামায়াতের আমির পাঁচ দিন রিমান্ডে
ছাত্রশিবিরের কেন্দ্রীয় সাবেক সভাপতি ও সিলেট মহানগর জামায়াতের আমির এহসানুল মাহবুব জুবায়েরকে পাঁচ দিন রিমান্ডে নেওয়ার আদেশ দিয়েছেন আদালত। আজ সোমবার ঢাকার মহানগর হাকিম অমিত কুমার দে এই আদেশ দেন।গতকাল রোববার রাজধানীর উত্তরা পশ্চিম থানা পুলিশ ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় আটক দেখিয়ে ১০ দিনের রিমান্ডের আবেদন করে। পুলিশের উপপরিদর্শক (এসআই) নজরুল ইসলাম এই আবেদন করেন। আসামিপক্ষে জামিনের আবেদন করা হয়। আদালত শুনানি শেষে জামিনের আবেদন নাকচ করে রিমান্ড মঞ্জুর করেন।গতকাল আদালতে দেওয়া রিমান্ড আবেদনে বলা হয়, দেশকে অস্থিতিশীল করতে একটি শ্রেণী পাঁয়তারা করছে। সিলেট মহানগর আমির মাহবুব জুবায়ের কেন ও কী উদ্দেশ্যে রাজধানীর উত্তরায় এসেছিলেন, তা জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন। এ ছাড়া, হরতালে ধ্বংসাত্মক পরিকল্পনার বিষয়ে প্রাথমিক তথ্য-প্রমাণ পাওয়া যাচ্ছে, সে বিষয়ে তাঁকে জিজ্ঞাসাবাদ করতে রিমান্ডে নেওয়া প্রয়োজন।রিমান্ড আবেদনে এহসানুল মাহবুব জুবায়েরের বিরুদ্ধে সিলেটের বিমানবন্দর ও কোতোয়ালি থানায় গাড়ি ভাঙচুর, অগ্নিসংযোগ, হত্যা মামলাসহ ১৬টি মামলা রয়েছে বলে উল্লেখ করা হয়।মাহবুব জুবায়েরের পক্ষে শুনানি করেন আইনজীবী মশিউর আলম ও আবদুর রাজ্জাক। তাঁরা আদালতকে বলেন, ১৬টি মামলার ১৪টিতেই তিনি জামিনে আছেন। বাকি দুটি মামলায় উচ্চ আদালত থেকে জামিন নেওয়ার উদ্দেশ্যে ঢাকায় এসে উত্তরার গার্ডেন রেসিডেন্স নামের একটি গেস্ট হাউসে অবস্থান করছিলেন তিনি। শুধু রাজনৈতিকভাবে হয়রানি করতে তাঁর বিরুদ্ধে মামলাগুলো করা হয়েছে। একই কারণে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। তাই আসামি জামিন পেতে পারেন।গত শনিবার রাত তিনটার দিকে রাজধানীর উত্তরার ১ নম্বর সেক্টরের গার্ডেন রেসিডেন্সের ৩০৩ নম্বর কক্ষ থেকে র্যাব-১ যুবায়েরকে আটক করে।