সিলেট মহানগরে জমজমাট কোচিং ব্যবসা
সিলেট মহানগর ‘শিক্ষানগর’ বলে অভিহিত হয়ে থাকে। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়সহ বেসরকারি বিশ্ববিদ্যালয় ও সরকারি-বেসরকারি কলেজসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি ইচ্ছুক শিক্ষার্থীদের পুঁজি করে প্রায় ২০০ কোচিং সেন্টার নগরের ১০ সহস্রাধিক শিক্ষার্থী পড়াশোনা করছেন। শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি কিংবা শিক্ষাপ্রতিষ্ঠানের অভ্যন্তরীণ শিক্ষা-দীক্ষার নিয়ামক শক্তি হয়ে দাঁড়ানো কোচিং সেন্টারগুলোর বৈধতার বিষয়টি সন্ধান করতে গিয়ে জানা গেল সিটি করপোরেশন থেকে ‘ব্যবসায়িক নিবন্ধন’ নিয়ে চলছে কার্যক্রম। তাও আবার ৫০টি বাদে বাকিগুলোর কোনো নিবন্ধনও নেই। নিবন্ধনের বাইরে থাকায় কোনো ধরনের জবাবদিহিতা ছাড়াই চলছে কার্যক্রম। যেন শিক্ষা-বাণিজ্যের ডামাডোলে টালমাটাল শিক্ষার্থীরা। নগরে কোচিং সেন্টারকেন্দ্রিক শিক্ষা-দীক্ষার চালচিত্র সরেজমিনে ঘুরে এ প্রতিবেদন তৈরি করেছেন সিলেটের নিজস্ব প্রতিবেদক উজ্জ্বল মেহেদী ও সিলেট প্রতিনিধি সুমনকুমার দাশ।