দুর্বৃত্তরা মরদেহ দাহ্য পদার্থ দিয়ে পুড়িয়ে বাসা বন্ধ করে পালিয়েছে বলে ধারণা করা হচ্ছে
সিলেট শহরে নিজ বাসায় গৃহকর্মীসহ তরুণী খুন
সিলেট শহরের শিবগঞ্জ এলাকার খরাদিপাড়ায় নিজ বাসায় গৃহকর্মীসহ শাহিদা আক্তার মিলি (২৯) নামের এক তরুণীর রহস্যজনক মৃত্যু হয়েছে। দুর্বৃত্তরা তাঁদের খুন করে মরদেহ দাহ্য পদার্থ দিয়ে পুড়িয়ে বাসার কলাপসিবল গেট বন্ধ করে পালিয়েছে বলে ধারণা করা হচ্ছে। গতকাল সোমবার রাতে পুলিশ দুজনের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে। মরদেহের পাশে দা ও একটি শাবল পাওয়া গেছে। একতলা পাকা ভবনের ওই বাসায় তিনটি কক্ষ। প্রথম কক্ষের মেঝেতে পড়ে ছিল মরদেহ। কলাপসিবল গেট বাইরে থেকে তালা লাগানো। বাসার ছাদের দরজা খোলা ছিল।প্রতিবেশী ও পুলিশ সূত্র জানায়, খারাদিপাড়ার আনন্দ-২৮/সি (পারিজাত) বাসায় শাহিদা ওই গৃহকর্মীসহ থাকতেন। তাঁর মা ও বাবা প্রায় পাঁচ বছর আগে মারা যান। তাঁর বড় ভাই আবুল কাশেম ট্রাস্ট ব্যাংক মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল শাখার ব্যবস্থাপক। ছোট ভাই আবুল কাহের ঢাকায় ব্যবসা করেন। তাঁরা মাঝেমধ্যে বাসায় এসে বোনকে দেখে যেতেন। শাহিদা জালালাবাদ রোটারেক্ট ক্লাব, সুশাসনের জন্য নাগরিক (সুজন), রেড ক্রিসেন্টসহ বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের সঙ্গে সম্পৃক্ত। গৃহকর্মীর নাম হনুফা বেগম (১৭)। প্রতিবেশীরা জানান, গত ২৪ ফেব্রুয়ারি থেকে শাহিদা বাসার বাইরে বের হচ্ছিলেন না। কলাপসিবল গেট তালাবদ্ধ ও মুঠোফোন বন্ধ থাকায় পরিচিত প্রতিবেশীরা যোগাযোগ করতে পারছিলেন না। গতকাল সকালে বাসার চার দিনের পত্রিকা গেটের সামনে স্তূপ করা অবস্থায় দেখে অনেকের সন্দেহ হয়। বিকেলে খবর দেওয়া হয় পুলিশকে। সন্ধ্যার পর সিলেট কোতোয়ালি থানার একজন উপপরিদর্শকের নেতৃত্বে একদল পুলিশ বাসার ফটক টপকে একটি জানালা খোলে। জানালা দিয়ে দেখা যায়, মেঝেতে পড়ে রয়েছে দুজনের পোড়া মরদেহ।খবর পেয়ে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ (ওসি) পুলিশ ও র্যাবের সদস্যরা সেখানে উপস্থিত হন। রাত প্রায় সাড়ে ১০টায় ফটকের তালা ভেঙে বাসার দরজার তালা খোলা হয়। এ খবর ছড়িয়ে পড়লে আশপাশের নারী-পুরুষ সেখানে ভিড় করেন। মেঝেতে দুজনের পোড়া মরদেহ থেকে উৎকট গন্ধ বেরোচ্ছিল। শাহিদা ও হনুফার পায়ের একাংশ ছাড়া পুরো শরীর পুড়ে ছাই হয়ে গেছে। মরদেহের পাশে সোফাসেটসহ অন্যান্য আসবাব অক্ষত থাকায় পুলিশ ধারণা করছে, দুর্বৃত্তরা খুন করে মরদেহ পুড়িয়ে পালিয়েছে।ঘটনাস্থলে পুলিশের উপপরিদর্শক (এসআই) হামিদুল হক সাংবাদিকদের জানান, পুলিশ প্রাথমিকভাবে এ ঘটনাকে খুন হিসেবে দেখছে। ডাকাতি বা অন্য কোনো কারণে এ ঘটনা ঘটতে পারে। ধর্ষণ করে হত্যা, না ডাকাতির জন্য খুন—পুলিশ তদন্ত করছে। মরদেহের পাশ থেকে একটি দা ও শাবল উদ্ধার করা হয়েছে। মরদেহ শনাক্ত করার পর রাত সাড়ে ১১টায় ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়। রাত ১০টায় শ্রীমঙ্গল থেকে সিলেট আসেন শাহিদার বড় ভাই আবুল কাশেম। তিনি ঘটনার আকস্মিকতায় হতভম্ব, কিছু বলতে পারছিলেন না। কাশেম জানান, চার দিন ধরে বোনের মুঠোফোনে কল করেও কথা বলতে পারেননি। একপর্যায়ে ফোন বন্ধ পান। কিন্তু ব্যাংক খোলা থাকায় ব্যস্ততার জন্য তিনি আসতে পারেননি। শাহিদার ছোট ভাই ঢাকা থেকে সিলেটে রওনা হয়েছেন বলে জানা গেছে।