সিলেট শহরের ১৪৪ ধারা প্রত্যাহার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেট শহরে গত বৃহস্পতিবার রাত দুইটা থেকে জারি করা ১৪৪ ধারা প্রত্যাহার করা হয়েছে। আজ শুক্রবার সন্ধ্যা সাতটার পর ১৪৪ ধারা উঠিয়ে নেওয়া হয়। সিলেট কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলী জানান, আজ সন্ধ্যা সাতটার পর ১৪৪ ধারা প্রত্যাহার করা হয়েছে।সিলেট মহানগর পুলিশ গতকাল বৃহস্পতিবার রাত দুইটায় মুক্তিযোদ্ধা সংসদের কার্যালয় চৌহাট্টা থেকে ২ নম্বর বার মিলনায়তন পর্যন্ত ১৪৪ ধারা জারি করে। বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল এ টি এম আজহারুল ইসলাম গতকাল রাত নয়টার দিকে জামায়াতের বিভাগীয় প্রতিনিধি সভায় যোগ দেওয়ার জন্য সিলেট শহরে এসে পৌঁছান। আজহারুল ইসলামের নাম যুদ্ধাপরাধীদের তালিকায় থাকায় মুক্তিযোদ্ধা সংসদ ও ছাত্রলীগের পক্ষ থেকে কর্মসূচি ঘোষণা করা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ১৪৪ ধারা জারি করে।আজহারুল ইসলামের আজ শুক্রবার সকাল ১০টায় সিলেটের আদালতপাড়ায় ২ নম্বর বার মিলনায়তনে বিভাগীয় প্রতিনিধি সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল। গতকাল রাতে মুক্তিযোদ্ধা সংসদ আজ সকাল সাতটায় বিক্ষোভ মিছিল করে জামায়াতের অনুষ্ঠানস্থলে গিয়ে অনুষ্ঠান প্রতিহত করার ঘোষণা দেয়। আজ সকাল সাতটায় ১৪৪ ধারা বলবত্ অবস্থায় মুক্তিযোদ্ধা সংসদ বিক্ষোভ মিছিল করে। এরপর সকাল আটটার দিকে ছাত্রলীগও শহরে বিক্ষোভ মিছিল করে এবং জামায়াতের আমির মতিউর রহমান নিজামীর কুশপুত্তলিকা দাহ করে। এ অবস্থায় জামায়াত বার লাইব্রেরি মিলনায়তনে তাদের অনুষ্ঠান স্থগিত করে।জামায়াত নেতা আজহারুল ইসলাম নগরের জিন্দাবাজারে আল হামরা শপিং সিটির একটি রেস্ট হাউসে অবস্থান করেন। ছাত্রলীগ নেতা-কর্মীরা সকাল ১০টার দিকে আল হামরা শপিং সিটির দিকে ইট-পাটকেল নিক্ষেপ করে। এ সময় শহরের প্রতিটি মোড়ে দাঙ্গা পুলিশ ও র্যাব মোতায়েন করা হয়।