সিলেট শাহজালাল বিশ্ববিদ্যালয়ে ধর্মঘট চলছে
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ফলিতবিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের শিক্ষকদের ধর্মঘট চলছে। শিক্ষক নিয়োগ, পদোন্নতি বিষয়ে গৃহীত সর্বশেষ সিন্ডিকেটের সিদ্ধান্ত বাতিলের দাবিতে আজ বুধবার সকাল থেকে এ ধর্মঘট চলছে।বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, আজ সকাল আটটা থেকে বিশ্ববিদ্যালয়ের ফলিতবিজ্ঞান ও প্রকৌশল অনুষদের অন্তর্ভুক্ত আটটি প্রকৌশল ও স্থাপত্যবিদ্যা বিভাগের শিক্ষকেরা এ ধর্মঘট শুরু করেন। এর আগে গতকাল মঙ্গলবার বিকেলে একই দাবিতে শিক্ষকেরা প্রশাসনিক ভবনের সামনে অবস্থান ধর্মঘট করেন।ফলিতবিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের প্রতিনিধিত্বকারী কমিটির আহ্বায়ক মহসিন আজিজ খান স্বাক্ষরিত এক বিবৃতিতে বলা হয়, শিক্ষক নিয়োগ ও পদোন্নতির ক্ষেত্রে সিন্ডিকেটে গৃহীত বিশেষ সংযুক্তি অসংগতিপূর্ণ, অস্পষ্ট, সামঞ্জস্যহীন ও অগ্রহণযোগ্য। এর প্রতিবাদের ফলিতবিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের শিক্ষকদের আজ পূর্ণদিবস সব ধরনের শিক্ষা এবং প্রশাসনিক কার্যক্রম থেকে বিরত থাকতে বলা হয়েছে। সভার সিদ্ধান্ত অনুযায়ী আজ বিকেল চারটার মধ্যে অনুষদের সব বিভাগীয় প্রধানকে পদত্যাগ করার প্রতিও আহ্বান জানানো হয়েছে।ধর্মঘটের ফলে প্রকৌশল ও স্থাপত্যবিদ্যা বিভাগগুলোতে ক্লাস হচ্ছে না। তবে এসব বিভাগের পূর্বনির্ধারিত সেমিস্টার ফাইনাল পরীক্ষাকে ধর্মঘটের আওতার বাইরে রাখা হয়েছে। জানা গেছে, ৩ মে বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটের বিশেষ সভায় পাঁচটি অনুষদের শিক্ষকদের পদোন্নতির ক্ষেত্রে একটি বিশেষ সংযুক্তি আনা হয়। ওই সংযুক্তি অনুসারে ফলিতবিজ্ঞান ও প্রকৌশল অনুষদ ছাড়া বাকি পাঁচটি অনুষদের শিক্ষকদের সহকারী অধ্যাপক পদে পদোন্নতির জন্য তিন বছরের পরিবর্তে আড়াই বছর শিক্ষকতার অভিজ্ঞতার নিয়ম করা হয়েছে।ফলিতবিজ্ঞান ও প্রকৌশল অনুষদের প্রতিনিধিত্বকারী কমিটির যুগ্ম আহ্বায়ক নিলয় চন্দ্র সরকার প্রথম আলো ডটকমকে কর্মবিরতির বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, আজ বিকেল পাঁচটার মধ্যে বিশেষ সংযুক্তি বাতিল করা না হলে বিকেলেই অনুষদের শিক্ষকদের সভায় পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে।