সিলেট সরকারি টিচার্স ট্রেনিং কলেজে নানা সমস্যা, পাঠদান ব্যাহত
সিলেট সরকারি টিচার্স ট্রেনিং কলেজ শিক্ষকসংকট, জলাবদ্ধতা, নিরাপত্তাবেষ্টনীসহ নানা সমস্যার আবর্তে ঘুরপাক খাচ্ছে। সমস্যায় জর্জরিত এ প্রতিষ্ঠানের অবকাঠামোগত সমস্যার কারণে শিক্ষার্থীদের পাঠদান ব্যাহত হচ্ছে।কলেজ সূত্রে জানা গেছে, ২০০৫ সালে নগরের টিবিগেইট এলাকায় তিন একর জায়গার ওপর সিলেট সরকারি টিচার্স ট্রেনিং কলেজটি প্রতিষ্ঠিত হয়। বর্তমানে এ কলেজে সিলেট বিভাগের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ১৬৪ জন শিক্ষক বিএড প্রশিক্ষণ নিচ্ছেন। পাশাপাশি প্রতি মাসে গড়ে আরও প্রায় শতাধিক শিক্ষক বিভিন্ন ধরনের পেশাগত মান উন্নয়নের জন্য প্রশিক্ষণ নেন।প্রতিষ্ঠানের শিক্ষক ও প্রশিক্ষণার্থীরা অভিযোগ করেন, কলেজের ভেতরে পানি ও ময়লা-আবর্জনা প্রবাহের জন্য কোনো ধরনের নালা না থাকায় সামান্য বৃষ্টি হলেই বিদ্যালয়ের মাঠে পানি জমে দীর্ঘ জলাবদ্ধতার সৃষ্টি হয়। কয়েক মাস আগে কলেজের পূর্ব দিকের নিরাপত্তাবেষ্টনী ভেঙে যাওয়ায় ওই দিক দিয়ে বিকেলের পর বহিরাগত ও বখাটেরা আড্ডা জমায়।এসব অবকাঠামোগত সমস্যার পাশাপাশি শিক্ষক ও চতুর্থ শ্রেণীর কর্মচারীসংকটে পাঠদান বিঘ্নিত হচ্ছে। শিক্ষকদের ২৬টি পদের বিপরীতে কর্মরত রয়েছেন মাত্র ১৯ জন। চতুর্থ শ্রেণীর আটটি পদের বিপরীতে দুজন কর্মরত রয়েছেন। এ ছাড়া বাংলাদেশের প্রতিটি টিচার্স ট্রেনিং কলেজে প্রশিক্ষণার্থীদের হাতে-কলমে শিক্ষার জন্য একটি করে পরীক্ষণ বিদ্যালয় থাকার কথা থাকলেও সিলেটে তা নেই। ফলে প্রশিক্ষণার্থীদের বিভিন্ন বিদ্যালয়ে গিয়ে শ্রেণী পরিচালনার ব্যবহারিক কার্যক্রম চালাতে হচ্ছে।কলেজের সহকারী অধ্যাপক মানস কান্তি বিশ্বাস জানান, কলেজের বিভিন্ন সমস্যার কথা জানিয়ে মন্ত্রণালয়ে একাধিকবার চিঠি পাঠানো হয়েছে।কলেজের অধ্যক্ষ নারায়ণচন্দ্র দাস প্রথম আলোকে জানান, কিছু সমস্যা থাকলেও শিক্ষকদের আন্তরিকভাবে পাঠদানের কারণে প্রশিক্ষণে তেমন সমস্যা হচ্ছে না, তবে চতুর্থ শ্রেণীর কর্মচারীসংকট এবং অবকাঠামো সমস্যার কারণে পাঠদান বিঘ্নিত হচ্ছে।