সিলেট সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ পাথর কোয়ারি এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে আশরাফুল ইসলাম (২৪) নামের একজন বাংলাদেশি পাথরশ্রমিক নিহত হয়েছেন। তিনি ভোলাগঞ্জের বাঘারপাড় গ্রামের মুক্তিযোদ্ধা আহাদ আলীর ছেলে। গতকাল শুক্রবার রাতে বাংলাদেশ-ভারত সীমান্তবর্তী পাথর কোয়ারির শূন্য রেখার (জিরো লাইন) কাছে এ ঘটনা ঘটে।বিএসএফের গুলিতে আরেক পাথরশ্রমিক ইলিয়াস মিয়া ওরফে ইলাস (২৫) আহত হন। তাঁকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি পাড়ুয়া গ্রামের আফতাব আলীর ছেলে।কোম্পানীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) কামাল হোসেন প্রথম আলোকে জানান, রাত সাড়ে ১০টার দিকে পাথর উত্তোলন করতে গেলে বিএসএফ গুলি ছুুড়ে বলে তাঁরা শুনেছেন। পাথর কোয়ারিতে গিয়ে পুলিশ আশরাফুল ও ইলাসকে গুলিবিদ্ধ অবস্থায় পায়। পরে তাঁদেরকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে রাত একটার দিকে আশরাফুল মারা যান। সীমান্তে একজন নিহত ও একজন আহত হওয়ার খবর নিশ্চিত করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। কারা গুলি ছুড়েছে, এ বিষয়টি বিজিবি নিশ্চিত করেনি। তবে পুলিশ ও স্থানীয়রা বলছে, বিএসএফের গুলিতে এ ঘটনা ঘটেছে। বিজিবি-৫ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল শফিউল আজম জানান, বাংলাদেশি পাথরশ্রমিকেরা পাথর উত্তোলন করতে গিয়ে আন্তর্জাতিক সীমান্ত রেখা অতিক্রম করার ফলে এ ঘটনা ঘটে। তবে কার গুলিতে হতাহতের ঘটনা ঘটেছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। এ ঘটনায় বিজিবি আজ কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের জন্য বিএসএফের প্রতি আহ্বান জানিয়েছে। তবে দুপুর পর্যন্ত এ ব্যাপারে বিএসএফের পক্ষ থেকে কোনো সাড়া মেলেনি।