সিলেট-১ আসনে প্রার্থী হবেন অর্থমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগামী জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-১ আসনে প্রার্থী হবেন বলে ঘোষণা দিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।আজ শুক্রবার সিলেট সার্কিট হাউসে সিলেট সদর উপজেলার ইউনিয়ন পর্যায়ে দলীয় নেতা-কর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় অর্থমন্ত্রী এ ঘোষণা দেন।অর্থমন্ত্রী বলেন, ‘২০০১ সালে অল্প সময় হাতে নিয়ে সিলেট-১ আসনে জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে অংশগ্রহণ করি। তবে এ নির্বাচনে পরাজিত হয়ে দীর্ঘ আট বছর সক্রিয়ভাবে মাঠে কাজ করে সিলেট সদর ও মহানগরে সাংগঠনিক অবস্থান শক্তিশালী করার মধ্য দিয়ে ২০০৮ সালের নির্বাচনে পুনরায় মহাজোটের প্রার্থী হই। এ নির্বাচনে বিপুল ভোটে বিজয়ী হয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ইচ্ছা অনুযায়ী সরকারের গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ে অর্থমন্ত্রীর দায়িত্ব পালন করে যাচ্ছি। এ জন্য বিশেষ করে দলীয় নেতা-কর্মীসহ সিলেটের মানুষের ভালোবাসা আমার বড় সম্পদ।’ আগামী জাতীয় নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়ে অর্থমন্ত্রী বলেন, ‘আওয়ামী লীগের দলীয় সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার সিদ্ধান্ত অনুযায়ী আগামী জাতীয় সংসদ নির্বাচনে এই আসনে আমি পুনরায় অংশ নেব। এ জন্য সব দ্বিধাদ্বন্দ্ব ভুলে গিয়ে দল ও জাতীয় স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।’সিলেট সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মফিজুর রহমান বাদশার সভাপতিত্বে মতবিনিময় সভায় সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক আবদুজ জহির চৌধুরী, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাংসদ শফিকুর রহমান চৌধুরী, জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আশফাক আহমদ, মোগলাগাঁও ইউপি চেয়ারম্যান শামসুল ইসলাম প্রমুখ বক্তব্য দেন।