সিলেটে আ.লীগের দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০
সিলেটে আওয়ামী লীগের সাংগঠনিক সফর উপলক্ষে আয়োজিত জনসভা শুরুর আগে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন। এ কারণে নির্ধারিত সময়ের প্রায় এক ঘণ্টা পরে জনসভা শুরু হয়। আজ বৃহস্পতিবার বিকেলে এ ঘটনা ঘটে।প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, আজ বিকেল চারটায় জনসভা শুরু হওয়ার কথা ছিল। কেন্দ্রীয় আওয়ামী লীগের পক্ষে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ উপস্থিত হলে জনসভা শুরু হয়। কিন্তু এ সময় জনসভায় আধিপত্য বিস্তার নিয়ে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইফতেখার হোসেন শামীম এবং সাবেক যুগ্ম সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান আওয়ামী লীগের নেতা আশফাক আহমদের সমর্থকদের মধ্যে বাক-বিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে উভয় পক্ষের সমর্থকেরা জনসভায় চেয়ার ছোড়াছুড়ি করে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে সিলেট সিটি করপোরেশনের ওয়ার্ড কাউন্সিলর আবদুর রকিব বাবলুসহ উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন। আহতদের সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিত্সা দেওয়া হয়েছে। পরে ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। বিকেল সোয়া পাঁচটার দিকে জনসভা আবার শুরু হয়।সিলেট কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল ফজল জানান, ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি বর্তমানে শান্ত।