সিলেটে আরও তিন শিবিরকর্মী গ্রেপ্তার
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বাস ভাঙচুরের মামলায় ছাত্রশিবিরের তিন কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। নগরের মুগলা বাজার থানা ও জালালাবাদ থানা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তার হওয়া শিবিরকর্মীরা হলেন রফিকুল ইসলাম লিংক (২৮), শাহীন আহমেদ (২৬) ও শাহরীয়ার কবির সেলিম (২২)।মুগলা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আক্তার হোসেন প্রথম আলোকে অনলাইনকে জানান, লিংকনকে আজ বুধবার ভোরে মুগলা বাজার এলাকা থেকে গ্রেপ্তার করে পুলিশ।জালালাবাদ থানার উপপরিদর্শক (এসআই) আবদুল লতিফ জানান, গতকাল মঙ্গলবার মধ্য রাতে জালালাবাদ থানাধীন আখালিয়া এলাকা থেকে শাহীন ও শাহরিয়ারকে গ্রেপ্তার করা হয়। জামায়াতের সাবেক আমির গোলাম আযমকে গ্রেপ্তারের পর ১১ জানুয়ারি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্রলীগ আনন্দ মিছিল করে। এরই জের ধরে ওই রাতে বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলে শিবির ও ছাত্রলীগের সংঘর্ষ হয়।পরে শাহজালাল বিশ্ববিদ্যালয়ে শিবিরের ডাকা অনির্দিষ্টকালের ধর্মঘট চলাকালে ১৬ জানুয়ারি নগরের টিলাগড় ও খাসদবীর এলাকায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী পরিবহনের বাসে হামলার ঘটনা ঘটে। ১১ জানুয়ারির সংঘর্ষ ও শিবিরের ধর্মঘট চলাকালে চোরাগোপ্তা হামলার ঘটনায় এ নিয়ে ছয়টি মামলা হয়েছে। এসব মামলার গতকাল ভোরে শিবিরের সাত কর্মীকে গ্রেপ্তার করে পুলিশ।