সিলেটে ইউনিপেটুইউ মানে রাতারাতি টাকাওয়ালা
‘বাবার কাছ থেকে টাকা এনে একটি অ্যাকাউন্ট করেছি। এখন আমার অ্যাকাউন্ট নম্বরের আওতায় যত গ্রাহক হবে, তাদের টাকার ১০ ভাগ পাব আমি। এভাবে ছয় মাস পর আমার টাকা ডাবল হয়ে যাবে।’—সিলেট এমসি কলেজের এক শিক্ষার্থী এভাবেই বলছিলেন বহুস্তর বাজারজাতকরণ প্রতিষ্ঠান (মাল্টিলেভেল মার্কেটিং কোম্পানি) ইউনিপেটুইউতে বিনিয়োগ সম্পর্কে।মাস ছয়েক পর বিনিয়োগের দ্বিগুণ টাকা বা অনলাইনে হিসাব খোলার পর জমা করা টাকার ১০ শতাংশ কেউ পেয়েছেন, এমন কারও খবর দেওয়ার কথা জানালে ওই শিক্ষার্থী খানিক থেমে বলেন, ‘আমার চেনা-জানার মধ্যে সবাই তো নতুন। কেউ এখনো এমনটি পায়নি। তবে হাজার টাকায় লাখপতি কিংবা লাখ টাকায় কোটিপতি হয়েছেন, এমন অনেকের কথা শুনেছি।’ তারপর বললেন, ‘ইউনিপেটুইউ মানে রাতারাতি টাকাওয়ালা!’সিলেট এমসি কলেজের ওই শিক্ষার্থী একাই নন, ওই বয়সের তাঁর মতো অসংখ্য তরুণ এখন ইউনিপেটুইউয়ের মাধ্যমে রাতারাতি ধনী হওয়ার স্বপ্নে বিভোর। আর্থিকভাবে সচ্ছল পরিবারের তরুণ, প্রবাসীদের আত্মীয়স্বজন, পুলিশ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা এ প্রতিষ্ঠানে বিনিয়োগ করছেন।সিলেট নগরের কয়েকটি অভিজাত বিপণিবিতানে এজেন্সি বসিয়ে চলছে প্রচারণা আর গ্রাহক সংগ্রহের তৎপরতা। এজেন্টদের সঙ্গে কখনো গ্রাহক সেজে, আবার সংবাদকর্মী পরিচয়ে গত প্রায় এক সপ্তাহের অনুসন্ধানে দেখা গেছে, অর্ধলক্ষাধিক গ্রাহক ‘ইউনিপেটুইউ’ ওয়েবসাইটে অ্যাকাউন্ট খুলেছেন বা নিবন্ধিত হয়েছেন।একটি ‘মানি রিসিট’ বা রসিদের মাধ্যমে টাকা জমা দিয়ে ‘রাতারাতি টাকাওয়ালা’ হওয়ার জন্য কোম্পানির পক্ষে প্রচার চালাচ্ছেন গ্রাহকেরাই। আর এজেন্টরা অ্যাকাউন্ট খোলার কাজে ব্যস্ত সময় পার করছেন। সিলেট বাংলাদেশের একটি প্রবাসী-অধ্যুষিত অঞ্চল হওয়ায় নগদ টাকার বিনিয়োগ রীতিমতো হুজুগ আর হিড়িকে পরিণত হয়েছে।ইউনিপেটুইউয়ের নিজস্ব কোনো কার্যালয় সিলেটে নেই। কার্যক্রম চলছে এজেন্টের ওপর ভিত্তি করে। এসব এজেন্টের অনেকের নির্দিষ্ট কোনো ঠিকানা নেই। সিলেট নগরের ব্যস্ততম জিন্দাবাজার এলাকার একটি রেস্তোরাঁয় দেখা গেল, এক এজেন্ট ল্যাপটপ নিয়ে গ্রাহক নিবন্ধনের কাজে ব্যস্ত। তাঁর কাছে কার্যালয়ের ঠিকানা চাইলে জবাব আসে, ‘ল্যাপটপ আছে যার, সেখানেই তার অফিস।’সিলেটে ইউনিপেটুইউয়ের এজেন্ট বা এজেন্সি হিসেবে নগরের সিটি সেন্টার ও কাকলী শপিং সেন্টারে দুটো কার্যালয়ের খবর জানা যায় গ্রাহকদের কাছ থেকেই। গত শনিবার সেখানে গিয়ে দেখা গেছে, কর্মীরা ব্যস্ত। সিটি সেন্টারের এজেন্সির পরিচালক মোহাম্মদ কামাল ঢালী ও কাকলী শপিং সেন্টারে অপর এজেন্সির পরিচালক অজিত কুমার দাস সিলেটে গত বছরের অক্টোবর থেকে গ্রাহক সংগ্রহ শুরু করেন বলে জানা গেছে।মোহাম্মদ কামাল ঢালী বলেন, ‘এই এজেন্সিতে আমরা কয়েকজন বসি। তাই সঠিকভাবে প্রতিদিন কত টাকা বিনিয়োগ হচ্ছে, সে পরিসংখ্যান দিতে পারব না। তবে আমার হাত দিয়ে প্রতিদিন ৫ থেকে ১০ জন গ্রাহক এখানে অর্থ বিনিয়োগ করছেন।’ আর্থিক লেনদেনের বৈধতা নিয়ে প্রশ্ন তুললে তিনি বিস্ময় প্রকাশ করে বলেন, ‘এটা তো আন্তর্জাতিক একটা কোম্পানি। বৈধ-অবৈধর প্রশ্ন আসছে কেন? তবে আমি যতটুকু জানি, কিছুদিন আগে বাংলাদেশ ব্যাংক আমাদের কয়েকটি ব্যাংক অ্যাকাউন্ট বন্ধ করে দিলেও বর্তমানে খুলে দিয়েছে। তাই গ্রাহকদের আতঙ্কিত হওয়ার কিছু নেই।’বিনিয়োগের নিয়মাবলি সম্পর্কে অজিত কুমার দাস বলেন, ‘শুরুতে আট হাজার ৪০০ টাকা দিয়ে প্রথমে ওয়েবসাইটে একটি অ্যাকাউন্ট খুলতে হবে। পরে যত টাকা বিনিয়োগ করা হবে, তার দ্বিগুণ টাকা ১০ মাস পর দেওয়া হবে। একটি অ্যাকাউন্টের মাধ্যমে সর্বোচ্চ তিন লাখ ১৫ হাজার টাকা বিনিয়োগ করা যাবে।’কথা বলার একপর্যায়ে সংবাদকর্মী পরিচয় পেয়ে অজিত কুমার দাস প্রথম আলোকে বলেন, ‘কোনো অসুবিধা নাই, আপনারাও আমন্ত্রিত। একবার এসে ঘুরে দেখে যান। কোনো ধরনের আশঙ্কাও নাই!’ বৈধতা প্রশ্নে তিনি বলেন, ‘হাইকোর্টের রায় নিয়ে খানিকটা সমস্যা ছিল, সেটিও কেটে গেছে। এখন রায় আমাদের পক্ষে, রায়ের কপি আমাদের হাতে আছে। এটি দেখে নিশ্চিত হয়ে গ্রাহকেরা বিনিয়োগ করছেন।’