সিলেটে ইউনিপেটুইউর এমডিসহ ১০ জনের বিরুদ্ধে মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইউনিপেটুইউর ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মুনতাসির হোসেনসহ ১০ জনের বিরুদ্ধে সিলেটে আরও একজন গ্রাহক প্রতারণা করে অর্থ আত্মসাতের জন্য মামলা করেছেন।আজ বুধবার সিলেটের মুখ্য বিচারিক হাকিম আবু সৈয়দ দিলজার হোসেনের আদালতে সিলেট নগরের কাজিটুলা এলাকার ব্যবসায়ী মো. শিহাবউদ্দিন বাদী হয়ে এই মামলা করেন।বাদীপক্ষের আইনজীবী আকমল হোসেন খান জানান, ১০ জন আসামির বিরুদ্ধে দণ্ডবিধির ৪০৬ ও ৪২০ ধারায় অপরাধ আদালত আমলে নিয়েছেন। আসামিদের বিরুদ্ধে সমন জারি করার আবেদন করা হলে আদালত আগামী ১১ আগস্ট শুনানির জন্য তারিখ ধার্য করেছেন।মামলায় বাদী অভিযোগ করেন, ঢাকার শাহবাগ এলাকার মোতালেব টাওয়ারের পঞ্চম তলায় ইউনিপেটুইউ লিমিটেডের কার্যালয় বসিয়ে ব্যবস্থাপনা পরিচালক মুনতাসির হোসেন, পরিচালক শহিদুজ্জামান ও সহকারী পরিচালক লিটু ইউনিপেটুইউর কার্যক্রম শুরু করেন। তাঁদের সহযোগী ছিলেন সিলেটের স্থানীয় এজেন্ট সিলেট নগরের জল্লারপাড় এলাকার কাকলী শপিং সেন্টারের জুয়েল আহমদ, সানোয়ার হোসেন, সিলেটের বিয়ানীবাজার শাখার লোকমান আহমদ, আবু ছালেহ, আকবর আলী খন্দকার, রফিকুল হক ও জামিল আহমদ। তাঁরা ২০১০ সালের ৪ নভেম্বর থেকে গত ১২ জানুয়ারি পর্যন্ত টাকার বদলে স্বর্ণ ও টাকা বিনিয়োগ করলে মাসিক ২৩ শতাংশ সুদে লাভজনক ব্যবসার কথা বলে ইউনিপেটুইউর কার্যক্রম চালাতে থাকেন।মো. শিহাবউদ্দিন প্রথম আলোকে জানান, তিনি এ ধরনের প্রচারণায় নয় লাখ ৭৬ হাজার ৫০০ টাকা নগদ ১০টি কিস্তিতে জমা দেন। প্রতি মাসে বিনিয়োগের তারিখ অনুসারে ওই টাকার মাসিক ২৩ ও ২০ শতাংশ হারে তাঁকে টাকা দেওয়া হবে বলে জানানো হয়। কিন্তু এখন পর্যন্ত ওই টাকা তাঁকে পরিশোধ করা হয়নি।বাদীর অভিযোগ সম্পর্কে ইউনিপেটুইউর স্থানীয় এজেন্ট জুয়েল আহমদের মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, ইউনিপেটুইউর হিসাব জব্দ থাকায় গ্রাহকদের লেনদেন নিয়ে অনেকটা বিপাকে পড়েছেন।উল্লেখ্য, একই আদালতে গত ১৩ এপ্রিল সিলেটের সুরমা মার্কেটের ব্যবসায়ী মো. মনসুর আহমদ বাদী হয়ে ইউনিপেটুইউর এমডিসহ ১০ জনকে আসামি করে প্রথম মামলা করেছিলেন। আদালতের নির্দেশে ওই মামলার তদন্ত করছে পুলিশ।