সিলেটে উধাও কাশ্মীরি ছাত্র দিল্লি বোমা হামলায় গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটের জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজের ‘উধাও হওয়া’ ছাত্র ওয়াসিম আহমেদ দিল্লি হাইকোর্টে বোমা হামলার ঘটনায় ভারতে গ্রেপ্তার হয়েছেন। তিনি ভারতীয় নাগরিক। জম্মু ও কাশ্মীরে তাঁর বাড়ি।ওয়াসিমকে ভারতীয় কর্তৃপক্ষ আটক দেখানোর পর বৃহস্পতিবার রাতে সিলেটের একই মেডিকেল কলেজ থেকে আরও দুই শিক্ষানবিশ চিকিৎসক ও দুই ছাত্রকে ধরে নিয়ে গেছে সাদা পোশাকের একদল লোক। এই চারজনও জম্মু ও কাশ্মীরের বাসিন্দা। গতকাল পর্যন্ত এঁদের কোনো খোঁজ পাওয়া যায়নি।রাগীব-রাবেয়া মেডিকেল কলেজের অধ্যক্ষ মেজর জেনারেল (অব.) মো. নাজমুল ইসলাম গতকাল প্রথম আলোকে বলেছেন, কলেজ থেকে এই চারজন কাশ্মীরিকে র‌্যাব ধরে নিয়ে গেছে। ওই রাতে সাদা পোশাকের র‌্যাব কলেজ হোস্টেলে ওয়াসিমের কক্ষ তল্লাশি করে সেখান থেকে দুটি বইও নিয়ে গেছে। এ ছাড়া র‌্যাব ওই রাতে কলেজের একজন নারী শিক্ষানবিশ চিকিৎসক (কাশ্মীরে বাড়ি) তুলে নিতে চেয়েছিল। কিন্তু রাত বলে কর্তৃপক্ষ তাতে রাজি হয়নি। পরদিন শুক্রবার ওই নারী চিকিৎসককে সিলেটে র‌্যাব-৯-এর কার্যালয়ে নিয়ে যায় হল প্রশাসক ইসলাম উদ্দিন। কয়েক ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর ওই নারীকে ছেড়ে দেওয়া হয়। তবে র‌্যাব বলছে, তারা এমন কাউকে আটক বা জিজ্ঞাসাবাদ করেনি। পুলিশ বলছে, তারাও এ ব্যাপারে কিছু জানে না।এ ছাড়া এই কলেজের আরেক শিক্ষানবিশ চিকিৎসক আশরাফুজ্জামান চৌধুরীর (বাংলাদেশি) গত বুধবার রাত থেকে নিখোঁজ আছেন।বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল ফজল বলেন, সাধারণ ডায়েরি করার পরপরই পুলিশ দেশের সব কটি থানায় তাঁর সম্পর্কে বার্তা পাঠিয়েছে। পুলিশ এ ব্যাপারে তদন্ত করছে। তবে এখনো তাঁর ব্যাপারে কোনো তথ্য পাওয়া যায়নি।রশিদ বললেন, গোয়েন্দারা তাঁকে জিজ্ঞাসাবাদ করেছে: অন্যদিকে বৃহস্পতিবার দুপুরে সিলেটের একটি বেসরকারি হাসপাতাল থেকে সেখানকার চিকিৎসক রশিদ আহমদকেও সাদা পোশাকের একদল লোক ধরে নিয়ে যায়। তিনি গতকাল ভোরে ছাড়া পান। রশিদ প্রথম আলোকে বলেন, তাঁকে চোখ বেঁধে মাইক্রোবাসে অজ্ঞাতনামা স্থানে নেওয়া হয়। প্রায় ১২ ঘণ্টা চোখ বেঁধে রেখে দিল্লির বোমা হামলা, ওয়াসিমসহ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজের চার ইন্টার্ন চিকিৎসক ও ছাত্র এবং নিখোঁজ চিকিৎসক আশরাফুজ্জামানের সঙ্গে যোগাযোগ আছে কি না জানতে চেয়েছে। তিনি কাউকে চেনেন না বলে জবাব দিয়েছেন বলে দাবি বলেছেন।রশিদের ধারণা, তাঁকে জিজ্ঞাসাবাদকারীদের মধ্যে দেশি-বিদেশি গোয়েন্দা ছিলেন। এঁদের মধ্যে কেউ কেউ ইংরেজি ও হিন্দি ভাষায়ও কথা বলেছেন। তাঁরা তাঁকে বলেছেন, দিল্লির বোমা হামলার ঘটনায় জড়িত ব্যক্তিদের খুঁজে বের করতে বাংলাদেশেও তদন্ত করা হচ্ছে। একই সঙ্গে আন্তর্জাতিক জঙ্গিগোষ্ঠীর সঙ্গে স্থানীয় জঙ্গিদের যোগাযোগ আছে কি না, তা-ও খতিয়ে দেখা হচ্ছে। রশিদ নামের একজন সম্পর্কে এ-সংক্রান্ত কিছু তথ্য পাওয়া গেছে। ওই রশিদ মনে করে এই রশিদকে আটক করা হয়েছে। এটা ভুল হয়েছে বলে দুঃখ প্রকাশ করে গতকাল ভোরে তাঁকে বাসায় পৌঁছে দেয় বলে ডা. রশিদ দাবি করেন।এদিকে ওয়াসিমের গ্রেপ্তারের স্থান নিয়ে কয়েক রকম তথ্য পাওয়া গেছে। স্থানীয় একটি সূত্র বলছে, ওয়াসিমকে বাংলাদেশ থেকে আটক করে সিলেটের ডাউকি সীমান্ত দিয়ে ভারতীয় কর্তৃপক্ষের কাছে অনানুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়। এরপর তাঁকে সেখান থেকে বিমানে দিল্লিতে নেওয়া হয়। ওয়াসিম উধাও ও গ্রেপ্তার নিয়ে রহস্য: রাগীব-রাবেয়া মেডিকেল কলেজের তারাপুর ছাত্রাবাসের ২২৪ নম্বর কক্ষের আবাসিক ছাত্র ওয়াসিম। ওই ছাত্রাবাসের অন্য ছাত্ররা জানান, ওয়াসিম হঠাৎ উধাও হয়ে যান। কেউ তাঁর খোঁজ পাচ্ছিলেন না। তবে কলেজ কর্তৃপক্ষের দাবি, খাতাপত্রে ওয়াসিম গত ২২ সেপ্টেম্বর থেকে ছুটিতে আছেন। পিটিআইয়ের খবরে বলা হয়, ভারতীয় কর্তৃপক্ষ দাবি করছে, ওয়াসিমকে বাংলাদেশ-ভারত সীমান্ত এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। তবে ভারতীয় বিভিন্ন গণমাধ্যমের খবরে এও বলা হয়েছে, ওয়াসিমকে সত্যিই সীমান্ত এলাকা থেকে আটক করা হয়েছে, নাকি বাংলাদেশ থেকে আটক করে ভারতের কাছে হস্তান্তর করা হয়েছে, দিল্লি তা স্পষ্ট করে কিছু বলেনি। আর ওয়াসিমের পরিবার দাবি করছে, তাঁকে দিল্লি বিমানবন্দর থেকে বুধবার আটক করা হয়েছে।সরকারি সূত্রের বরাত দিয়ে ভারতীয় বিভিন্ন গণমাধ্যমের খবরে বলা হয়, দিল্লি হামলার পরিকল্পনাকারী হিসেবে অন্যতম সন্দেহভাজন হিজবুল মুজাহিদিনের জঙ্গি জুনাইদ আকরাম কোথায় আছেন, এ বিষয়েও ওয়াসিমকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জিজ্ঞাসাবাদ করছে ভারতের জাতীয় তদন্ত সংস্থা (এনআইএ)।আর ওয়াসিমের বোন সাজিয়া মালিক জি নিউজকে বলেছেন, জুনাইদ আকরাম তাঁর ছোট ভাই।ভারতীয় বার্তা সংস্থা পিটিআই জানায়, সেখানকার সরকারি সূত্র বলছে, কাশ্মীরি জঙ্গি সংগঠন হিজবুল মুজাহিদিনের জঙ্গি আজহার আলী ওয়াসিম সম্পর্কে তথ্য দেন। আজহার আলী ২০০৯ সাল থেকে জম্মুর কোটবালওয়াল কারাগারে আছেন। আজহার জিজ্ঞাসাবাদে এনআইএকে বলেছেন, তিনি জুনাইদকে প্রশিক্ষণ নেওয়ার জন্য পাকিস্তাননিয়ন্ত্রিত কাশ্মীরে পাঠিয়েছিলেন। তবে জুনাইদ ও ওয়াসিমের বোন সাজিয়া মালিক দাবি করেন, জুনাইদকে একবার আজহার অপহরণ করেছিল। এখন আবার প্রতিহিংসাবশত দিল্লির বোমা হামলায় জড়িয়ে আরেক ভাই ওয়াসিমের নাম বলেছে।তবে এনআইএ দাবি করছে, জুনাইদ আকরাম অপহরণ নয়, জঙ্গি প্রশিক্ষণে পাকিস্তানে ছিলেন। এখন তিনি সম্ভবত জম্মু ও কাশ্মীরে আছেন। গত ৭ সেপ্টেম্বর দিল্লি হাইকোর্টে বোমা হামলা হয়। এতে নিহত হন ১৫ জন। অধ্যক্ষের বক্তব্য: জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ ও হাসপাতালের অধ্যক্ষ মেজর জেনারেল (অব.) মো. নাজমুল ইসলাম গতকাল প্রথম আলোকে বলেন, ‘বৃহস্পতিবার রাত সাড়ে ১১টায় র‌্যাব-৯-এর অধিনায়ক আমাকে ফোন করে ছাত্রাবাস তল্লাশির কথা বলেন। আমি তাঁদের অনুমতি দিই। রাত একটায় আসার কথা বললেও তাঁরা প্রায় দুইটার সময় আসেন। এ সময় অভিযান চালিয়ে পাঁচজন ভারতীয় ছাত্র ও ইন্টার্ন ডাক্তারকে জিজ্ঞাসাবাদের কথা বলে নিতে চান। এঁদের একজন নারী হওয়ায় আমি তাঁকে পরদিন র‌্যাব-৯ দপ্তরে পাঠিয়ে দেব বলে জানালে তাঁরা বাকি চারজনকে নিয়ে যায়।’ এই চারজন হলেন কলেজের শিক্ষানবিশ চিকিৎসক আমির আমিন রেশী, তাসাদ্দেক রশিদ, শেষ বর্ষের ছাত্র তৌসেফ আহমদ ও প্রথম বর্ষের ছাত্র মোহাম্মদ দানিশ বাট। এঁরা সবাই জম্মু ও কাশ্মীরের বাসিন্দা।অধ্যক্ষ বলেন, ‘জিজ্ঞাসাবাদের কথা বলে তাঁদের নিয়ে যাওয়া হয়। ২৪ ঘণ্টা পরও তাঁদের ফিরিয়ে না দেওয়ায় তাঁদের পরিবারসহ আমরা উদ্বিগ্ন। তাঁদের কী বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, তাঁরা কোনো অপরাধের সঙ্গে সংশ্লিষ্ট কি না—এসব বিষয়ে একাধিকবার জানার চেষ্টা করলেও জানানো হচ্ছে না।’অধ্যক্ষ বলেন, শুক্রবার সকালে হল প্রশাসক ইসলাম উদ্দিন নারী শিক্ষানবিশ চিকিৎসক সাইমাকে নিয়ে র‌্যাব কার্যালয়ে যান। প্রায় তিন ঘণ্টা জিজ্ঞাসাবাদ করা হয়। ওই দিন বিকেলেই সাইমাকে নিয়ে হল প্রশাসক কলেজে ফিরে আসে।ফিরিয়ে দেওয়া নারী চিকিৎসককে কী বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে জানতে চাইলে অধ্যক্ষ বলেন, ‘তাঁকে আমি প্রশ্ন করেছিলাম। সে আমাকে বলেছে, কী বিষয়ে কথা হয়েছে, তা যেন কাউকেও না বলি।’একই কলেজ হাসপাতালের আরেক চিকিৎসক আশরাফুজ্জামান চৌধুরীর ‘নিখোঁজ’ হওয়া সম্পর্কে অধ্যক্ষ বলেন, ‘বুধবার রাত ১০টায় হাসপাতালে আসার পথে রাস্তা থেকে তাঁকে তুলে নেওয়া হয়েছে। কে, কারা, কেন নিয়েছে—তা আজও আমরা জানি না। এ বিষয়ে বিমানবন্দর থানায় একটি সাধারণ ডায়েরি করা হলেও পুলিশ একটিবারও খোঁজ নেয়নি।’অধ্যক্ষের বক্তব্যের পরিপ্রেক্ষিতে গতকাল বিকেলে যোগাযোগ করলে র‌্যাব-৯-এর মিডিয়া উইংয়ের দায়িত্বে থাকা এএসপি শাহাদাত হোসেন প্রথম আলোকে বলেন, ‘এ ক্ষেত্রে আমার বক্তব্য হচ্ছে স্পষ্ট। র‌্যাব-৯ কাউকে আটক করেনি।’সরেজমিন ছাত্রাবাস: মেডিকেল কলেজে ২৫০ জন বিদেশি ছাত্র পড়াশোনা করছেন। এর মধ্যে অধিকাংশ ভারত ও নেপালের বাসিন্দা। তারাপুর এলাকায় দুটো ছাত্রাবাসে বিদেশি ছাত্রদের বসবাস। ছাত্রাবাসের দ্বিতীয় তলা ও ছয়তলা থেকে চারজনকে আটক করে নেওয়া হয়। ওই সময় দ্বিতীয় তলার ২২৪ নম্বর কক্ষে বসবাসকারী শেষ বর্ষের শিক্ষার্থী ওয়াসিম আহমেদের নামে বরাদ্দ করা কক্ষ তল্লাশি হয় বলে হল প্রশাসক ইসলাম উদ্দিন জানান। ওই কক্ষের বাসিন্দা দুজন এ সময় ছুটিতে ছিলেন। সেখান থেকে দুটো বই নিয়ে যান আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।গতকাল ওই কক্ষ খুলে দেখা যায়, খাটে বিছানাপত্রসহ অন্যান্য আসবাব এলোমেলো অবস্থায় ছড়িয়ে রয়েছে। ছাত্রাবাসের একটি সূত্র জানায়, ২২৪ নম্বর কক্ষের বাসিন্দা দুই ওয়াসিম প্রায়ই ভারতে যাতায়াত করতেন। গত ২২ সেপ্টেম্বর পরীক্ষা শেষ হওয়ার পর থেকে তাঁরা ছুটিতে আছেন। দেশে না ভারত চলে গেছেন, এ বিষয়ে কেউ কিছু বলতে পারেনি।ছাত্রাবাসের প্রশাসনিক কর্মকর্তা ইসলাম উদ্দিন প্রথম আলোকে বলেন, ‘ভারতের কাশ্মীরের বাসিন্দা এ দুজন শেষ বর্ষের শিক্ষার্থী ছিলেন। জম্মু ও কাশ্মীরের বাসিন্দা এঁরা। এর বাইরে তাঁর কাছে কোনো তথ্য নেই জানিয়ে তিনি বলেন, কাগজপত্রে দুজনই গত ২২ সেপ্টেম্বর পরীক্ষা শেষ হওয়ার পর থেকে একনাগাড়ে ছুটিতে আছেন।পুলিশ কমিশনার কিছু বলছেন না: গত দুই দিনে সিলেটের দুটো বেসরকারি হাসপাতাল থেকে চিকিৎসক ও শিক্ষার্থী আটক বা ‘নিখোঁজ’ হওয়া সম্পর্কে সিলেট মহানগর পুলিশ কমিশনার অমূল্য ভূষণ বড়ুয়ার কাছে জানতে চাইলে তিনি এ ব্যাপারে কিছু বলতে রাজি হননি। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘দুটো থানায় দুটি জিডি হয়েছে। পুলিশ এ ব্যাপারে খোঁজ নিচ্ছে। এর বাইরে আমি কিছু জানি না।’জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতাল থেকে চারজন ভারতীয় শিক্ষার্থীকে আটক করে নিয়ে যাওয়ার কারণ সম্পর্কে জানতে চাইলে কমিশনার বলেন, ‘এসবও আমি জানি না।’ কেন জানেন না, এ প্রশ্নে তিনি বলেন, ‘এ ব্যাপারে পুলিশকে কেউ জানায়নি।’