সিলেটে একক প্রার্থী দেওয়ার চেষ্টায় নগর বিএনপি
সিলেট সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন বিএনপির চারজন। এই চারজনের মধ্যে একজনকে দলীয় সমর্থন দেওয়ার উদ্যোগ শুরু করেছে নগর বিএনপি। আজ রোববার দলের জরুরি সভা ডাকা হয়েছে। সেখানে এ বিষয়ে আলোচনা হবে বলে দলীয় সূত্রে জানা গেছে।যোগাযোগ করা হলে নগর বিএনপির সভাপতি এম এ হক আজকের সভার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি প্রথম আলোকে বলেন, ‘সভায় বিভিন্ন বিষয়ে আলোচনা হবে। যেহেতু সামনে নির্বাচন, তাই এ বিষয়ে আলোচনা প্রাধান্য পাবে।’ মেয়র পদে বিএনপির একাধিক প্রার্থী প্রসঙ্গে এম এ হক বলেন, একাধিক প্রার্থী কেউ চান না। একজনকেই প্রার্থী হতে হবে এবং এ বিষয়টিও গুরুত্বসহকারে আলোচনা হবে।সিলেটসহ চার সিটি করপোরেশন নির্বাচনে ভোট গ্রহণ ১৫ জুন। নগর আওয়ামী লীগের সভাপতি ও সদ্য সাবেক মেয়র বদরউদ্দিন আহমদ কামরানকে ‘নাগরিক কমিটি’র প্রার্থী ঘোষণার পর বিএনপির কেন্দ্রীয় সদস্য ও সাবেক ওয়ার্ড কাউন্সিলর আরিফুল হক চৌধুরীকে ‘সম্মিলিত নাগরিক ফোরাম’-এর প্রার্থী ঘোষণা করা হয়। এ দুজন ছাড়াও নগর বিএনপির সহসভাপতি নাছিম হোসেন, সাধারণ সম্পাদক আবদুল কাইয়ুম জালালী ও জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সহসভাপতি সামসুজ্জামান জামান মনোনয়নপত্র জমা দিয়েছেন