সিলেটে একের পর এক খুন, খুনি গ্রেপ্তার হয় না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সকাল ১০টায় মোটরসাইকেলযোগে অফিসে যাচ্ছিলেন সিলেট জালালাবাদ গ্যাসের সিবিএর নেতা আবু তাহের। নগরের ঝরনারপাড় এলাকায় পৌঁছামাত্র তাঁকে ঘিরে ধরে মোটরসাইকেল আরোহী দুই যুবক। কিছু বুঝে ওঠার আগেই আবু তাহেরের গলায় ছুরি চালিয়ে পালায় তারা। ঘটনাস্থলেই মারা যান তিনি। ‘মনে হচ্ছিল ছিনতাই হচ্ছে। পরে জানা গেল খুন। সবার সামনে ঘটল ঘটনা।’ মাত্র ৫০ গজ দূর থেকে দেখা এক যুবকের বক্তব্য।শুধু আবু তাহের নন, সিলেট নগরে গত ১০ মাসে প্রকাশ্যে ও নৃশংস কায়দায় খুনের ঘটনা ঘটেছে ছয়টি। গত ২১ মার্চ গৌরগোবিন্দটিলায় নিজ বাসার সামনে খুন হন সিলেট সরকারি কলেজের দর্শন বিভাগের শিক্ষক হারুন অর-রশিদ (৫৫)। ১৮ এপ্রিল রাতে নগরের শাহী ঈদগাহ এলাকায় দুষ্কৃতকারীদের ছুরিকাঘাতে আহত সাংবাদিক ফতেহ ওসমানী (৪০) ১১ দিন পর ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মারা যান। ১০ জুন ঘটে সিবিএর নেতা আবু তাহের (৫৬) খুনের ঘটনা। ২৪ অক্টোবর রাতে নিজ ঘরে নির্মমভাবে খুন হন সিলেট জেলা বারের আইনজীবী জোছনা বেগমের মা আনোয়ারা খাতুন (৬০)। ২৯ ডিসেম্বর বিকেলে নিজ হোটেলে খুন হন হোটেল অনুরাগ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আতিকুর রহমান (৩০)। সর্বশেষ ৯ ডিসেম্বর নগরের লামাবাজার পুলেরপাড়ে পাঁচতলাবিশিষ্ট নিজ বাড়ি থেকে উদ্ধার করা হয় জালালাবাদ গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন লিমিটেডের ক্রয় বিভাগের ব্যবস্থাপক নারী মুক্তিযোদ্ধা আনোয়ারা আবেদীন চৌধুরীর (৫৮) অর্ধগলিত মরদেহ। আলোচিত এসব ঘটনায় অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে মামলাও হয়েছে। কিন্তু আসামি চিহ্নিত করতে ব্যর্থ হচ্ছে পুলিশ। এর মধ্যে কেবল শিক্ষক হারুন হত্যা মামলার প্রধান আসামিকে ধরতে সমর্থ হয়েছে র্যাব।এ ব্যাপারে সিলেট মহানগর পুলিশ (এসএমপি) কমিশনার আফতাব উদ্দিন আহমদ প্রথম আলোকে বলেন, ‘পুলিশ খুনের ঘটনা গুরুত্বের সঙ্গে নিয়েছে। ছয়টি ঘটনার কারণ উদ্ঘাটন করতে গিয়ে পুলিশকে বেশ বেগ পেতে হচ্ছে। এরই মধ্যে কয়েকটি খুনের রহস্যও উন্মোচিত হয়েছে, যা তদন্তের স্বার্থে প্রকাশ করা যাচ্ছে না। আশা করি, অচিরেই সবকিছু পরিষ্কার হবে।’ কোন মামলা কোন পর্যায়ে: শিক্ষক হারুনকে বাসার সামনে পিটিয়ে এবং ছুরিকাঘাত করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। এ ঘটনায় অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে মামলা হলে পুলিশ তদন্তে নেমে ‘নারীঘাটিত ব্যাপার’ উদ্ঘাটনের চেষ্টা করে। পরে র্যাব সদস্যরা প্রধান আসামি আবদুল লতিফ ওরফে কাওসারসহ পাঁচজনকে আটক করে। এর মধ্যে কাওসার ছাড়া বাকি আসামিরা আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়ে খুনের দায় স্বীকার করেছে। মামলাটি বর্তমানে পুলিশের অপরাধ বিভাগ (সিআইডি) তদন্ত করছে। শিক্ষকের স্ত্রী আফরোজা হারুন প্রথম আলোকে বলেন, ‘তদন্তে নেমে পুলিশ যা শুরু করছিল, তাতে শিক্ষকের পরিবারকে রীতিমতো লজ্জায় ফেলে দেওয়া হয়েছিল। পরিবারকে এ লজ্জার হাত থেকে বাঁচিয়েছেন র্যাব সদস্যরা।’সাংবাদিক ফতেহ ওসমানীকে কারা, কেন খুন করেছে—এ বিষয়টি এখনো বের করতে পারেনি পুলিশ। তাঁর মৃত্যুর দুই দিন পর সাদ্দাম (২৫) নামের এক ছিনতাইকারীকে পুলিশ আটক করে জানিয়েছিল প্রকৃত খুনি সম্পর্কে তথ্য পেয়েছে তারা। পরে আরও চারজনকে আটক করা হয়। কিন্তু আট মাস পরও খুনির তথ্য প্রকাশ হয়নি।মামলার তদন্ত কর্মকর্তা কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) আবদুর রহিম জানান, সাংবাদিকতা নয়—অন্য কোনো কারণে খুনের ঘটনা ঘটেছে। গ্রেপ্তার হওয়া দুই আসামি কেবল খুনির নাম বলেছে। তবে ঠিকানা ও বিস্তারিত তথ্যাদি না পাওয়ায় তাকে গ্রেপ্তার করা সম্ভব হচ্ছে না। আইনজীবীর মা আনোয়ারা খাতুন খুনের ঘটনায় গৃহকর্মীর সম্পৃক্ততা থাকতে পারে বলে পুলিশ সন্দেহ করলেও পরে তার খোঁজ মেলেনি। ঘটনার প্রায় দুই সপ্তাহ পর পুলিশ আবু শহিদ নামে এক যুবককে গ্রেপ্তার করে। এর পর প্রায় দেড় মাস পার হলেও পুলিশ এখনো খুনিদের চিহ্নিত করার চেষ্টা করছে। মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক হারুন মজুমদার জানান, গ্রেপ্তার হওয়া আবু শহিদ পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে সংশ্লিষ্টতার কথা স্বীকার করেছে। তবে তার সঙ্গে আর কারা ছিল—এ বিষয়টি বের করতে তাকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে।নগরের অভিজাত আবাসিক হোটেল অনুরাগের ৩২২ নম্বর কক্ষে এমডি আতিকুর রহমানকে শরীরে রশি পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করা হয়। এ ঘটনায় পর দিন আতিকের বন্ধু শফিককে আসামি করে মামলা হয়। হোটেলের সিসি ক্যামেরায় ধারণ করা শফিকের ছবি ও ঠিকানা পুলিশকে দেওয়া হয়। এ ঘটনার প্রায় ১৫ দিন পরও খুনির অবস্থান নিশ্চিত করতে পারেনি পুলিশ।মামলার তদন্ত কর্মকর্তা সিলেটের কোতোয়ালি থানার উপরিদর্শক (এসআই) খসরুল আলম বলেন, ‘মুঠোফোন ট্র্যাকিংয়ের মাধ্যমে আসামির অবস্থানের স্থান নির্ধারণ করতে সময় লাগছে। পাশাপাশি এ ব্যাপারে র্যাবের সহায়তাও চাওয়া হয়েছে।’ জালালাবাদ গ্যাসের ক্রয় বিভাগের ব্যবস্থাপক আনোয়ারা আবেদীন চৌধুরী খুনের ঘটনা আরও জটিল বলে পুলিশের ধারণা। পাঁচতলা বাড়ির দোতলায় থাকতেন তিনি। পরিবারের সবাই থাকত দেশের বাইরে। বাড়ির অন্য ফ্ল্যাটগুলোতে থাকে আরও আটটি পরিবার। আনোয়ারার প্রবাসী ভাই ফখরুদ্দিন আহমদ চৌধুরী বলেন, ‘বাসায় ঢুকে খুন করে দরজা তালাবদ্ধ করে পালানোর ঘটনায় মনে হচ্ছে এটা কোনো পেশাদার খুনির কাজ।’ কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার নওরোজ আহমদ গতকাল মঙ্গলবার সন্ধ্যায় প্রথম আলোকে জানান, গৃহকর্মী সুজিনাকে জিজ্ঞাসাবাদের পর পরিবারের জিম্মায় দেওয়া হয়েছে। আনোয়ারা হত্যাকাণ্ডে একজনই অংশ নেয়। দু-এক দিনের মধ্যে তাকে গ্রেপ্তার করা সম্ভব হবে।অপরদিকে জালালাবাদ গ্যাসের সিবিএর নেতা খুনের ঘটনাকে পুলিশ ‘সিবিএ রাজনীতির ভেতরকার বিষয়’ মনে করেছিল। ছয় মাসেও এই ‘ভেতরকার বিষয়’ পুলিশ আর বের করতে পারেনি। মামলাটি বর্তমানে মহানগর গোয়েন্দা পুলিশ তদন্ত করছে। মামলার তদন্তকারী কর্মকর্তা গোয়েন্দা পুলিশের পরিদর্শক আবদুল আউয়াল জানান, চারজন কর্মচারীকে জিজ্ঞাসাবাদের পর নিশ্চিত হওয়া গেছে, জালালাবাদ গ্যাসের সাবেক একজন প্রকৌশলী ও একজন কর্মচারী এ খুনের সঙ্গে সরাসরি জড়িত। গ্যাসের ভেতরের ক্ষমতার দ্বন্দ্ব থেকে খুনের ঘটনা ঘটেছে। তদন্তে এর প্রমাণও মিলেছে। তাহলে খুনিদের গ্রেপ্তার করা হচ্ছে না কেন—এমন প্রশ্নে তিনি প্রথম আলোকে বলেন, ‘এঁরা উচ্চ আদালত থেকে আগাম জামিন নিয়ে অনেকটা গা-ঢাকা দিয়ে চলছেন।’