সিলেটে কাল শিবিরের আধাবেলা হরতাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটে আগামীকাল রোববার আধাবেলা হরতাল ডেকেছে ইসলামী ছাত্রশিবির। আজ শনিবার বেলা ১১টার দিকে মীরবক্সটুলা এলাকায় জামায়াত-শিবিরের সঙ্গে পুলিশের সংঘর্ষে তিনজন গুলিবিদ্ধ হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১৫ জন। সিলেটের মহানগর শিবিরের সভাপতি আনোয়ারুল ওয়াদুদ প্রথম আলো ডটকমকে বলেন, আজকের সংঘর্ষের ঘটনার প্রতিবাদে কাল সকাল ছয়টা থেকে বেলা দুইটা পর্যন্ত জামায়াত হরতাল ডেকেছে।ছাত্রশিবিরের ডাকা এ হরতালে প্রশাসনের পক্ষ থেকে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ বিষয়ে ৫ বিজিবি অধিনায়ক লে. কর্নেল সফিউল আজম প্রথম আলো ডটকমকে বলেন, হরতালে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে বিজিবি সদস্যদের প্রস্তুত থাকতে বলা হয়েছে। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, গতকাল কক্সবাজারে জামায়াত-পুলিশের সংঘর্ষে নিহত চারজনকে নিজেদের কর্মী বলে দাবি করে জামায়াত। এ ঘটনার প্রতিবাদে আজ সকালে সিলেট শহরে লাঠিসোঁটা নিয়ে মিছিল বের করেন জামায়াত-শিবিরের কর্মীরা। মিছিলটি মীরবক্সটুলা এলাকায় পৌঁছালে শিবিরের কর্মীরা পুলিশকে লক্ষ্য করে ঢিল ছোড়েন ও ককটেলের বিস্ফোরণ ঘটান। এ সময় পুলিশ পাল্টা গুলি ছুড়লে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এতে শিবিরের তিন কর্মী গুলিবিদ্ধ হন। এ ছাড়া অন্তত ১৫ জন আহত হয়েছেন।মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি মো. ফখরুল ইসলাম দাবি করেন, পুলিশের গুলিতে রাহাত খান নামে ছাত্রশিবিরের একজন ‘সাথি’ গুলিবিদ্ধ হন। অচেতন অবস্থায় তাঁকে দুপুর একটায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হওয়ায় পৌনে তিনটার দিকে তাঁকে ঢাকায় পাঠানো হয়েছে।ফখরুল ইসলাম আরও দাবি করেন, তাঁদের আরও দুই কর্মী গুলিবিদ্ধ হয়েছেন। এ ছাড়া জামায়াত-শিবিরের অন্তত ২০ জন কর্মী আহত হয়েছেন। সিলেটের কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান প্রথম আলো ডটকমকে জানান, জামায়াত-শিবির কর্মীদের ছত্রভঙ্গ করতে পুলিশ শর্টগানের অর্ধশত গুলি ও কাঁদানে গ্যাসের শেল ছোড়ে। দুই শিবিরকর্মী গুলিবিদ্ধ হওয়ার কথা তিনি পরে জেনেছেন। এ ঘটনার পর নগরের নিরাপত্তা রক্ষায় বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে। এদিকে সংঘর্ষস্থল থেকে প্রায় ২০০ গজ দূরে অবস্থিত কেন্দ্রীয় শহীদ মিনারে যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে প্রতিদিন বিকেল থেকে রাত পর্যন্ত গণজাগরণ মঞ্চকে ঘিরে ছাত্র-জনতার অবস্থান কর্মসূচি চলছে। আয়োজকেরা প্রথম আলো ডটকমকে জানান, আজ বিকেল চারটায় অবস্থান কর্মসূচির শুরুতে ব্লগার হত্যা ও জামায়াত-শিবিরের সহিংসতার প্রতিবাদে বিক্ষোভ মিছিল হবে।