সিলেটে গাড়ি পোড়ানোর ‘মদদদাতা’ ইলিয়াস, দাবি পুলিশের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটের দক্ষিণ সুরমার চন্ডীপুলে গাড়ি পোড়ানো ও ভাঙচুরের ঘটনায় পুলিশের করা মামলায় বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির সভাপতি এম ইলিয়াস আলীকে ‘মদদদাতা’ উল্লেখ করা হয়েছে। দক্ষিণ সুরমা থানার উপপরিদর্শক (এসআই) হারুন মজুমদার বাদী হয়ে মামলা দুটি করেন।মামলা দুটিতে দক্ষিণ সুরমা উপজেলা বিএনপি ও ছাত্রদলের ২৪ জন নেতার নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ১৬ জনকে আসামি করা হয়। গতকাল সোমবার রাতে দক্ষিণ সুরমা থানায় এ দায়ের করা হত্যা ও সহিংসতার অভিযোগে দুটো মামলার এজাহারে মদদদাতা হিসেবে ইলিয়াসের নাম অন্তর্ভুক্ত করা হয়।এ ব্যাপারে মামলার বাদী এসআই হারুন মজুমদার দাবি করেন, প্রাথমিক তদন্ত সাপেক্ষে মদদদাতা ও আসামির কিছু নাম পাওয়ায় তা অন্তর্ভুক্ত করা হয়েছে।ঘটনার এক দিন পর পুলিশের দায়ের করা মামলায় ‘মদদদাতা’ ও স্থানীয় বিএনপির নেতাদের নাম উল্লেখ করায় বিস্ময় প্রকাশ করেন এম ইলিয়াস আলী। যোগাযোগ করলে তিনি আজ মঙ্গলবার প্রথম আলো অনলাইনকে বলেন, ‘আমি ১৫ ডিসেম্বর থেকে ঢাকায় আছি। ঘটনার দিন আমি ঢাকায় জাতীয় প্রেসক্লাবে কেন্দ্রীয় নেতৃবৃন্দের সঙ্গে ছিলাম। আমি কীভাবে মদদ দিলাম? আমার জানামতে, ওই দুই ঘটনায় পুলিশ প্রথমে অজ্ঞাত ১৬ জনকে আসামি করে মামলা করেছিল। সোমবার রাতে আওয়ামী লীগের একজন সাংসদ ও একজন সরকারি কৌঁসুলির চাপে পড়ে পুলিশ স্থানীয় বিএনপির নেতাদের আসামি করে আমাকে মদদদাতা করতে বাধ্য হয়েছে।’অজ্ঞাত হিসেবে দায়ের করা মামলায় পরে মদদদাতাসহ আসামির নাম উল্লেখের বিষয়ে দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু শ্যামা মো. ইকবাল হায়াত বিস্তারিত কোনো মন্তব্য না করে বলেন, ‘প্রাথমিক তদন্তে পাওয়া তথ্যের ভিত্তিতে মদদদাতা ও আসামি অন্তর্ভুক্ত করা হয়েছে।’পুলিশ সূত্র জানায়, দক্ষিণ সুরমা থানায় এ দুটো মামলা ছাড়াও সিলেট কোতোয়ালিসহ মহানগর পুলিশের আরও তিন থানায় পাঁচটি মামলা করা হয়েছে। গত রোববার নগরজুড়ে অর্ধশত গাড়ি ভাঙচুর করার ঘটনায় দায়ের করা এসব মামলায় অজ্ঞাত সহস্রাধিক ব্যক্তিকে আসামি করা হলেও সিলেট কোতোয়ালি থানায় দায়ের করা মামলায় জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সহসভাপতি ও জেলা কমিটির আহ্বায়ক সামসুজ্জামানকে প্রধান আসামি করা হয়।চন্ডীপুলের বদিকোনায় হবিগঞ্জ সুপার এক্সপ্রেসে অগ্নিসংযোগে নিহত যাত্রীর পরিচয় এখনো জানা যায়নি।দক্ষিণ সুরমা থানার উপপরিদর্শক (এসআই) আশরাফুল ইসলাম জানান, গতকাল অজ্ঞাত ব্যক্তির দাফন শেষে তাঁর সুরতহাল প্রতিবেদনের তথ্যাদি নিয়ে পুলিশ সন্ধান করছে।